‘হচ্ছেটা কী’, শাহরুখের ছবির শ্যুটিং, হাজির সলমনও! খানেদের নয় মিঠুনকে দেখতে লাফ দেন লাইটম্যান, জ্ঞান হারান মহিলা

বাঙালি কি তাঁকে যোগ্য সম্মান দিতে পেরেছে? ফারহা খানের কথা শুনে ফের মনে জাগবে সেই প্রশ্ন। ওম শান্তি ওমের ‘দিওয়ানগি’ গানের শ্যুটে শাহরুখ-সলমনদের ছেড়ে সব লাইমলাইট কেড়ে নিয়েছিলেন মিঠুন। কী ঘটেছিল? 

Published on: Sep 29, 2026, 22:01:09 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
Copy link
  • copy link

ভারতীয় সিনেমার ইতিহাসে সবচেয়ে তারকাবহুল গান বললেই চোখে ভাসে ফারাহ খান পরিচালিত 'ওম শান্তি ওম' (Om Shanti Om)-এর 'দিওয়াঙ্গি দিওয়াঙ্গি' (Deewangi Deewangi)! শাহরুখ খান, সলমন খান, সইফ আলি খান, কাজল, রানি মুখোপাধ্যায়, প্রিয়াঙ্কা চোপড়া থেকে শুরু করে রেখা, ধর্মেন্দ্র, তাবু— এক ছাদের তলায় হাজির ছিলেন প্রায় ৩২ জন এ-লিস্টার তারকা! কিন্তু এত তারকার ভিড়েও সেটে পা রাখতেই যিনি সব আলো কেড়ে নিয়েছিলেন, তিনি আর কেউ নন— 'মহাগুরু' মিঠুন চক্রবর্তী!

শাহরুখের ছবির শ্যুটিং, হাজির সলমনও! খানেদের নয় এই বাঙালি অভিনেতাকে দেখতে লাফ দেন লাইটম্যান, জ্ঞান হারান মহিলা
শাহরুখের ছবির শ্যুটিং, হাজির সলমনও! খানেদের নয় এই বাঙালি অভিনেতাকে দেখতে লাফ দেন লাইটম্যান, জ্ঞান হারান মহিলা

সম্প্রতি নিজের ইউটিউব ভ্লগে মিঠুন চক্রবর্তীর মুম্বইয়ের বাড়িতে আড্ডা দিতে গিয়ে সেই দিনের এক অবিশ্বাস্য ঘটনার কথা প্রকাশ্যে আনলেন ফারহা খান!

সেটে চরম হুড়োহুড়ি আর ভক্তের মূর্ছা যাওয়া!

ফারহা খান স্মৃতিচারণ করে জানান, তখনও ‘ডান্স ইন্ডিয়া ডান্স’ শুরু হয়নি, কিন্তু মিঠুনদার ক্রেজ ছিল বাঁধভাঙা! পরিচালক বলেন, '৩২ জন তারকা সেটে এসেছিলেন, কিন্তু দাদা যখন পা রাখলেন, সেটে যা পরিস্থিতি হয়েছিল তা বলে বোঝানো যাবে না! একদম চরম হুড়োহুড়ি লেগে গিয়েছিল। এমনকি উঁচুতে কাজ করতে থাকা এক লাইটম্যান মিঠুনদাকে ছোঁয়ার জন্য লাফ মেরে নিচে নেমে আসে! ভিড়ের মধ্যে এক মহিলা দাদাকে দেখে জ্ঞান হারিয়ে মূর্ছা যান! এই সত্যি ঘটনাটাই আমরা পরে গানে দৃশ্যমান করেছি। কাণ্ড দেখে আমি আর শাহরুখ হাঁ হয়ে দাঁড়িয়ে ছিলাম— বলছিলাম, ‘হচ্ছেটা কী এখানে!’

নাচের স্টেপ না পারায় শাহরুখকে 'চড়'!

শুধু ভক্তদের উন্মাদনাই নয়, গানের শুটিংয়ের সময় একটি মজার ঘটনাও ঘটেছিল শাহরুখ খান ও মিঠুন চক্রবর্তীর মধ্যে।

গানের নাচের দৃশ্যে মিঠুন চক্রবর্তী নিজের আইকনিক সিগনেচার স্টেপ করছিলেন। ফারহা জানান, তিনি শাহরুখকে বলেছিলেন মিঠুনদার নাচের স্টেপগুলো হুবহু নকল করতে। কিন্তু কিং খান বারবার চেষ্টা করেও 'মহাগুরু'র সেই সিগনেচার নাচের তাল মেলাতে পারছিলেন না!

তখনই শট চলাকালীন একদম স্বাভাবিকভাবে শাহরুখের মাথায় হালকা চড় (টপলি) মেরে বসেন মিঠুন চক্রবর্তী! পরিচালক জানান, রিটেক না করে সেই মিষ্টি ও মজাদার শটটিই সিনেমায় রেখে দেওয়া হয়েছিল!

১৯৭৬ সালে মৃণাল সেনের 'মৃগয়া' ছবি দিয়ে শুরু করে তিন-তিনটি জাতীয় পুরস্কার, পদ্মভূষণ এবং দাদাসাহেব ফালকে জয়ী এই লেজেন্ড যে আজও সব তারকার উর্ধ্বে নিজের ক্যারিশমা বজায় রেখেছেন, এই ঘটনা যেন তারই প্রমাণ!

  • Priyanka Mukherjee
    ABOUT THE AUTHOR
    Priyanka Mukherjee

    প্রিয়াঙ্কা মুখোপাধ্যায় হিন্দুস্তান টাইমস বাংলার একজন অভিজ্ঞ কন্টেন্ট প্রোডিউসার। বিগত এক দশকেরও বেশি সময় ধরে তিনি সাংবাদিকতার জগতের সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত। ২০১৪ সালে তাঁর পেশাদার জীবন শুরু এবং প্রথম দিন থেকেই তাঁর বিচরণক্ষেত্র হলো বিনোদন জগৎ। টলিউড থেকে বলিউড— বিনোদন সাংবাদিকতায় তাঁর লেখনী ও অভিজ্ঞতা পাঠকদের কাছে অত্যন্ত সমাদৃত। পেশাদার অভিজ্ঞতা: ১২ বছরের দীর্ঘ সাংবাদিকতা জীবনে প্রিয়াঙ্কা প্রথম ৫ বছর টেলিভিশন বা অডিও-ভিস্যুয়াল মাধ্যমে কাজ করেছেন। ২০১৯ সালে হিন্দুস্তান টাইমস বাংলা-র যাত্রার শুরু থেকেই তিনি এই প্রতিষ্ঠানের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য। এখানেই তাঁর ডিজিটাল সাংবাদিকতার (Digital Journalism) হাতেখড়ি। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে বিনোদন সংক্রান্ত খবর, ফিচার এবং ইন-ডেপথ স্টোরি তৈরিতে তিনি বিশেষ পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে প্রিয়াঙ্কা তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন বিদ্যাসাগর কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: পেশাগতভাবে বিনোদন সাংবাদিক হলেও প্রিয়াঙ্কার হৃদয়ের এক বড় অংশ জুড়ে রয়েছে ক্রীড়া জগত। সব ধরণের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বইয়ের পাতায় ডুবে থেকে। এছাড়া অজানাকে জানতে দেশ-বিদেশে ঘুরে বেড়ানো তাঁর অন্যতম নেশা।Read More