কচি পাঁঠার মাংস, চিংড়ি, কাবাব! কী কী থাকছে ঋত্বিক-দিশার বিয়ের মেনুতে?

য়ের আগে হবু বর ও কনে ঋত্বিক ও দিশা দুজনেই কব্জি ডুবিয়ে আইবুড়ো ভাত খেতে ব্যস্ত। তারই মাঝে ঋত্বিক খোলসা করলেন কী থাকছে তাঁদের বিয়ের মেনুতে।

Published on: Nov 13, 2026, 11:07:33 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
Copy link
  • copy link

প্রায় দু'বছর আগে ২০২৪ সালের নভেম্বর মাসে গোপনে আইনি বিয়ে সেরেছিলেন অভিনেতা ঋত্বিক মুখোপাধ্যায় ও তাঁর দীর্ঘদিনের প্রেমিকা দিশা দাস। আর এবার সামাজিকভাবে চার হাত এক হতে চলেছে। বিয়ের আগে হবু বর ও কনে দুজনেই কব্জি ডুবিয়ে আইবুড়ো ভাত খেতে ব্যস্ত। তারই মাঝে ঋত্বিক খোলসা করলেন কী থাকছে তাঁদের বিয়ের মেনুতে।

২৫ নভেম্বর বসছে ঋত্বিক ও দিশার বিয়ের আসর।
২৫ নভেম্বর বসছে ঋত্বিক ও দিশার বিয়ের আসর।

বিয়ের মেনু নিয়ে প্রশ্নে ঋত্বিক জানালেন যে, খুব সাধারণ মেনু রাখা হয়েছে আর পাঁচটা বিয়ের মতো। কচি পাঁঠা, চিংড়ি, সঙ্গে কিছু কাবাব। বাঙালি পদেই জোর দেওয়া হয়েছে। ২৫ নভেম্বর বসছে বিয়ের আসর। তবে আলাদা করে প্রীতিভোজ অর্থাৎ রিসেপশনের কোনও আয়োজন হবে না। দুই বাড়ি মিলিয়েই যৌথভাবে আয়োজন করা হয়েছে সবটা।

সাজগোজেও কিন্তু থাকবে বাঙালিয়ানা। বর পরবেন ধুতি-পাঞ্জাবি এবং কনে সাজবেন বেনারসি শাড়িতে। ২০২৩ সালে একটি অনুষ্ঠানে নেটপ্রভাবী দিশার সঙ্গে আলাপ ঋত্বিকের। তারপর বছরখানেক প্রেম করার পর নভেম্বরে বাগদান সম্পন্ন হয়। সেই সময় আইনি কাগজে সইসাবুদও করেন।

ইতিমধ্যেই তাজপুর সমুদ্র সৈকত থেকে আলো আঁধারি ক্যানভাসে প্রিওয়েডিং ফটোশুটে বাজিমাত করেছেন ঋত্বিক-দিশা। আবছা ছবিতে অভিনব ফটোশুটে দম্পতি লিখেছেন, ‘নতুন পথের শুরু’। সঙ্গে ইভিল আই, লাল হৃদয়ের ইমোজি। ঋত্বিকের পরনে সাদা পাঞ্জাবি আর ধুতি। সঙ্গে সাইকেল। লাল-সাদা কম্বিনেশনের শাড়িতে দিশা। দুজনেরই একেবারে সাদামাটা সাজ। এমনিতে দুজনেই ঘুরতে খুব ভালোবাসেন। কখনো পাহাড়, তো কখনো সমুদ্রে ধরা পড়েন আদর-মাখা মুহূর্তে। আর যা ভালোবাসাও পায় নেটিজেনদের থেকে।

‘এই পথ যদি না শেষ হয়’, ‘আনন্দী’-এর মতো ধারাবাহিকে মুখ্যচরিত্রে কাজ করেছেন ঋত্বিক। তবে ‘আনন্দী’ শেষ হওয়ার পর, দীর্ঘদিন হল বড় পর্দা থেকে দূরে। তবে বর্তমানে টলিপাড়ার এই খ্যাতনামা মুখের ছেলেবেলা খুব সহজ ছিল না। ছোট বয়সেই আলাদা হয়ে গিয়েছিলেন তাঁর মা-বাবা। তারপর মা অনেক কষ্ট করে তাঁকে বড় করেছেন। ছিল থিয়েটারের প্রতি প্রেম। চাকরি করে কিছু টাকা জমে গেলেই চাকরি ছেড়ে থিয়েটার। আবার টাকায় টান পড়লে থিয়েটার ছেড়ে চাকরি। লকডাউনের সময় পাড়ার মোড়ে বিক্রি করেছিলেন সবজিও। তবে জীবনের মোড় ঘুরিয়ে দেয় ধারাবাহিকে অভিনয়ের সুযোগ। বর্তমান দর্শকরা ভালোবাসায় ভরিয়ে রাখেন ঋত্বিককে।

  • Tulika Samadder
    ABOUT THE AUTHOR
    Tulika Samadder

    হিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রডিউসার হিসেবে কাজ করছেন তুলিকা সমাদ্দার। সাংবাদিকতা জগতের সঙ্গে যুক্ত রয়েছেন ১০ বছরেরও বেশি সময় ধরে। কেরিয়ার শুরু করেন ২০১৫ সালে, শুরু থেকেই বিনোদন জগত ও লাইফস্টাইল সেকশনে কাজ করে আসছেন। তারকা থেকে সিনেমা, টলিপাড়ার খুঁটিনাটি খবর রাখা, এমনকী অজানা হাঁড়ির খবরও গসিপ-প্রেমী পাঠকদের কাছে তুলে ধরাই কাজ। এছাড়াও বলিউডের তারকাদের হালহাকিকতও তুলে ধরেন পাঠকদের সামনে। সঙ্গে সিনেমার রিভিউ, তারকাদের সোশ্যাল মিডিয়া পোস্ট, সমস্তটাই নখদর্পণে। সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে তুলিকা তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন বিরাটি মৃণালিনী দত্ত মহাবিদ্যাপীঠ থেকে। এরপর মাস কমিউনিকেশন (Mass Communication) নিয়ে মাস্টার্স করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে। ১০ বছরের দীর্ঘ সাংবাদিকতা জীবনে তুলিকার কাজের জগতে হাতেখড়ি হয় সংবাদপত্র দিয়ে। ডিজিটাল সাংবাদিকতায় কাজ শুরু হিন্দুস্তান টাইমস বাংলার হাত ধরেই। ২০২১ সাল থেকে এই প্রতিষ্ঠানের সঙ্গে ওতোপ্রোতোভাবে জড়িত। সাহিত্যের প্রতি তুলিকার ঝোঁক ছোটবেলা থেকেই, সেই থেকেই সিনেমার প্রতি ভালোবাসা তৈরি। এছাড়াও ঘুরতে যেতে ভালোবাসেন, আরও বিশেষভাবে বললে তুলিকা পাহাড়-প্রেমী। আর তাই পাঠককে দিতে পারেন নানা জানা-অজানা জায়গায় ভ্রমণের সুলুক সন্ধান, তাও পকেট বাঁচিয়ে কম খরচে। সঙ্গে নিজে গাছপ্রেমী, দিনের বড় একটা অংশ কাটে ছাদবাগানে, আর নিজের প্রাপ্ত জ্ঞান থেকেই তুলিকার গার্ডেনিংয়ের কপি লেখা শুরু।Read More