Zee Bangla Serial Update: কনে দেখা আলো-র শেষে আচমকাই পালটে গেল জি বাংলার ২টি মেগার স্লট! কাদের কপাল খারাপ?
কনে দেখা আলো শেষ হচ্ছে। এরই মাঝে দু-দুটি ধারাবাহিকের সম্প্রচারের সময় বদলে দিল জি বাংলা।
ইতিমধ্যেই হয়ে গিয়েছে কনে দেখা আলো-র শেষ দিনের শ্যুট। আগামী সোমবার হবে ধারাবাহিকের শেষ সম্প্রচার। আর এরই মাঝে আরও দুটো ধারাবাহিকের সময় বদলের ঘোষণা করে ফেলল জি বাংলা। বদলাতে চলেছে দুলারি ও সাত পাকে বাঁধা-র সময়।

দুলারী ও সাত পাকে বাঁধা দুটো ধারাবাহিকই সেভাবে জনপ্রিয়তা পায়নি। যদিও বিগত কয়েকমাস ধরে টিআরপি বন্ধ থাকায়, দর্শকদের প্রতিক্রিয়া বোঝা মুশকিল। তবে সোশ্যাল মিডিয়ার জনপ্রিয়তার খাতিরে দুটি ধারাবাহিকই বেশ পিছিয়ে।
চলতি বছরের মার্চ মাসে শুরু হয়েছিল সাত পাকে বাঁধা। প্রথমদিকে এটির সম্প্রচার হয় সন্ধ্যা সাড়ে ৫টায়। এরপর ‘দুলারী’-কে জায়গা করে দিতে কেড়ে নেওয়া হলো সেই ৫:৩০ টার স্লট। এটি আসতে শুরু করে বিকেল ৪.৩০-এ। চ্যানেল সূত্রে ঘোষণা করা হয়েছে যে আগামী ২২ সেপ্টেম্বর ২০২৬ থেকে এটি আসতে চলেছে ফের ৫টায়।
বদলাচ্ছে দুলারী-র ধারাবাহিকের সময়ও। বিকেল ৫টার জায়গায় এটিকে পাঠিয়ে দেওয়া হচ্ছে ৫.৩০-টার স্লটে।
এদিকে আচমকা কনে দেখা আলো শেষ করায় এমনিতেই খচে লাল অনেকে। তাঁরা এই পোস্টে এসে গলা ফাটালেন অনুভব ও লাজুর হয়ে। একজন লেখেন, ‘জি বাংলা কনে দেখা আলো কেন বন্ধ করছেন? কনে দেখা আলো-র গল্প তো এখনো অনেক বাকি আছে। আমরা লাজু-অনুভবের বিয়ে, সংসার, হ্যাপি রোম্যান্টিক ম্যারেড লাইফ দেখতে চাই। প্লিজ প্লিজ প্লিজ জি কাকু কনে দেখা আলো এত তাড়াতাড়ি বন্ধ করে দেবেন না।’
আরেকজন লেখেন, ‘আপনাদের সাত পাকে বাঁধা, আপনাদের দুলারী আপনারাই দেখুন। কনে দেখা আলো শেষ করে দিয়ে এখন এসব দিচ্ছে। বাপের জন্মে জি বাংলা দেখিনি, তাও দেখতাম কনে দেখা আলো-র জন্য।’
সামনে সাত পাকে বাঁধা-য় দেখা যাবে শাওনের সামনে দু-দুটো চ্যালেঞ্জ। বাবাকে ষড়যন্ত্র থেকে বাঁচাতে সে বদ্ধ পরিকর, সঙ্গে শ্বশুর বাড়ির সকলের মন জয় করার অনবরত চেষ্টা চালিয়ে যাচ্ছে। ধারাবাহিকে রাহুল মজুমদারকে দেখা যাচ্ছে শুভ চরিত্রে, আর শাওনের ভূমিকায় নবাগতা সম্পূর্ণা রক্ষিত।
অন্য দিকে, দুলারিতে দেখা যাবে কলেজের কবাডি কম্পিটিশন নিয়ে টানটান উত্তেজনা। এমনিতেই গ্রামের মেয়ে হওয়ায় অনবরত নির্যাতনের শিকার হতে হয়েছে তাঁকে। এখন দেখার কবাডি কম্পিটিশনের সময় অনুষা কোন ষড়যন্ত্র করে। এই ধারাবাহিকে প্রধান চরিত্রে অভিনয় করছেন দেবপ্রিয়া বসু এবং নীল ভট্টাচার্য।
ABOUT THE AUTHORTulika Samadderহিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রডিউসার হিসেবে কাজ করছেন তুলিকা সমাদ্দার। সাংবাদিকতা জগতের সঙ্গে যুক্ত রয়েছেন ১০ বছরেরও বেশি সময় ধরে। কেরিয়ার শুরু করেন ২০১৫ সালে, শুরু থেকেই বিনোদন জগত ও লাইফস্টাইল সেকশনে কাজ করে আসছেন। তারকা থেকে সিনেমা, টলিপাড়ার খুঁটিনাটি খবর রাখা, এমনকী অজানা হাঁড়ির খবরও গসিপ-প্রেমী পাঠকদের কাছে তুলে ধরাই কাজ। এছাড়াও বলিউডের তারকাদের হালহাকিকতও তুলে ধরেন পাঠকদের সামনে। সঙ্গে সিনেমার রিভিউ, তারকাদের সোশ্যাল মিডিয়া পোস্ট, সমস্তটাই নখদর্পণে। সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে তুলিকা তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন বিরাটি মৃণালিনী দত্ত মহাবিদ্যাপীঠ থেকে। এরপর মাস কমিউনিকেশন (Mass Communication) নিয়ে মাস্টার্স করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে। ১০ বছরের দীর্ঘ সাংবাদিকতা জীবনে তুলিকার কাজের জগতে হাতেখড়ি হয় সংবাদপত্র দিয়ে। ডিজিটাল সাংবাদিকতায় কাজ শুরু হিন্দুস্তান টাইমস বাংলার হাত ধরেই। ২০২১ সাল থেকে এই প্রতিষ্ঠানের সঙ্গে ওতোপ্রোতোভাবে জড়িত। সাহিত্যের প্রতি তুলিকার ঝোঁক ছোটবেলা থেকেই, সেই থেকেই সিনেমার প্রতি ভালোবাসা তৈরি। এছাড়াও ঘুরতে যেতে ভালোবাসেন, আরও বিশেষভাবে বললে তুলিকা পাহাড়-প্রেমী। আর তাই পাঠককে দিতে পারেন নানা জানা-অজানা জায়গায় ভ্রমণের সুলুক সন্ধান, তাও পকেট বাঁচিয়ে কম খরচে। সঙ্গে নিজে গাছপ্রেমী, দিনের বড় একটা অংশ কাটে ছাদবাগানে, আর নিজের প্রাপ্ত জ্ঞান থেকেই তুলিকার গার্ডেনিংয়ের কপি লেখা শুরু।Read More
E-Paper


