ফিশফ্রাই, ছানার কোফতা, মটন…! জি বাংলার পরিণীতার ৬০০ পর্বের সেলেব্রেশনে কী কী ছিল মেনুতে

প্রথম থেকেই টিআরপিতে দুর্দান্ত ফল করে আসছে জি বাংলার ধারাবাহিক পরিণীতা। দেখতে দেখতে পার করে ফেলল ৬০০ পর্ব। আর সেই আনন্দে এদিন সেটে ছিল খাওয়া-দাওয়া। মেনুতে কী কী?

Published on: Jul 8, 2026, 19:00:53 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

৬০০ পর্ব পার করল জি বাংলার ধারাবাহিক পরিণীতা। প্রথম থেকেই টিআরপিতে দুর্দান্ত ফল করছে এই মেগা। বেশিরভাগ সপ্তাহেই টিআরপি টপার। এমনকী পারুল ও রায়ানের জুটিও বেশ হিট। বুধবার ছিল পরিণীতার ৬০০ পর্বের সেলিব্রেশন। আর এদিন ছিল দেদার খাবার। ধোঁয়া ওঠা ভাত, পোলাও, শুক্তো, ফ্রিশ ফ্রাই, ছানার কোফতা, মটন, চাটনি, মিষ্টি ছিল এদিনের মেনুতে।

পরিণীতার ৬০০ পর্বের সেলিব্রেশনে কী কী খেলেন তারকারা?
পরিণীতার ৬০০ পর্বের সেলিব্রেশনে কী কী খেলেন তারকারা?

পরিণীতা-র সম্প্রচার শুরু হয় ২০২৪ সালের নভেম্বর মাস থেকে। পারুলের চরিত্রে দেখা যাচ্ছে ঈশানী চট্টোপাধ্যায়কে। আর রায়ানের চরিত্রে উদয় প্রতাপ সিং। পরিণীতাই ঈশানীর প্রথম কাজ। দুর্গাপুরের মেয়ের ছোটবেলায় চিকিৎসক হওয়ার ইচ্ছে ছিল, পরবর্তীতে মাইক্রোবায়োলজি নিয়ে উচ্চশিক্ষা গ্রহণের জন্য কলকাতায় আসেন। আর কলকাতায় এসে হাতখরচের জন্য মডেলিং শুরু। আর সেই সূত্র ধরেই জি বাংলার অডিশনের ডাক পান এবং ঝুলিতে আসে পরিণীতা।

সিরিয়ালের শুরুর দিকে গায়ের রং নিয়ে কম ট্রোলে পড়তে হয়নি ঈশানীকে। তবে আত্মবিশ্বাসের সঙ্গে কাজ চালিয়ে গিয়েছেন। একই কথা খাটে উদয়ের ক্ষেত্রেও। পরপর ধারাবাহিকে পার্শ্বচরিত্র করা উদয়কে কেন্দ্রীয় চরিত্রে দেখে রে রে করে উঠেছিল কিছু মানুষ। যদিও নিন্দুকদের মুখে ছাই দিয়ে এই ধারাবাহিক অচিরেই টিআরপি তালিকার শীর্ষে নিজের জায়গা পাকা করে নেয়।

কলকাতায় উচ্চশিক্ষা নিতে আসা লড়াকু মেয়ে পারুল এবং শহরের আধুনিক ছেলে রায়ান-এর মধ্যকার অম্ল-মধুর সম্পর্ক, ভুল বোঝাবুঝি এবং পরবর্তীতে তাদের বৈবাহিক জীবনের নানা টানাপোড়েন নিয়েই এগিয়ে চলেছে। আপাতত দেখা যাচ্ছে যে পারুল ও রায়ান একে-অপরকে পাগলের মতো ভালোবাসলেও, মুখ ফুটে তা বলতে নারাজ কোনো পক্ষই। পারুল এদিকে রায়ানের সন্তানের মা হতে চলেছে। কিন্তু একরোখা পারুল তাও রায়ানকে তাঁর সন্তানের বাবার অধিকার দিতে নারাজ। এই নিয়ে ফের অশান্তি তৈরি হয় তাদের মধ্যে। খুব স্বাভাবিকভাবেই, পারুল ও রায়ানের জীবন অতিষ্ঠ করতে গল্পে সামনেও আসবে একাধিক জবরদস্ত টুইস্ট। আর তাতে একে-অপরকে তাঁরা দুজন যত আগলে রাখবেন, দর্শকরাও ততই মজা পাবেন। যদিও সামনের কয়েকসপ্তাহ এখন আসবে না টিআরপি।

তথ্য ও সম্প্রচার মন্ত্রকের নির্দেশে এবং নতুন টিআরপি নীতি কার্যকর করার কারণে অনির্দিষ্টকালের জন্য ব্রডকাস্ট অডিয়েন্স রিসার্চ কাউন্সিল (BARC) সকল টেলিভিশন রেটিং বা টিআরপি প্রকাশ করা স্থগিত রেখেছে। রেটিং যুদ্ধ বন্ধ থাকলেও, নিজেদের জানপ্রাণ লড়িয়ে দিতে প্রস্তুত সকলেই।

  • Tulika Samadder
    ABOUT THE AUTHOR
    Tulika Samadder

    হিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রডিউসার হিসেবে কাজ করছেন তুলিকা সমাদ্দার। সাংবাদিকতা জগতের সঙ্গে যুক্ত রয়েছেন ১০ বছরেরও বেশি সময় ধরে। কেরিয়ার শুরু করেন ২০১৫ সালে, শুরু থেকেই বিনোদন জগত ও লাইফস্টাইল সেকশনে কাজ করে আসছেন। তারকা থেকে সিনেমা, টলিপাড়ার খুঁটিনাটি খবর রাখা, এমনকী অজানা হাঁড়ির খবরও গসিপ-প্রেমী পাঠকদের কাছে তুলে ধরাই কাজ। এছাড়াও বলিউডের তারকাদের হালহাকিকতও তুলে ধরেন পাঠকদের সামনে। সঙ্গে সিনেমার রিভিউ, তারকাদের সোশ্যাল মিডিয়া পোস্ট, সমস্তটাই নখদর্পণে। সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে তুলিকা তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন বিরাটি মৃণালিনী দত্ত মহাবিদ্যাপীঠ থেকে। এরপর মাস কমিউনিকেশন (Mass Communication) নিয়ে মাস্টার্স করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে। ১০ বছরের দীর্ঘ সাংবাদিকতা জীবনে তুলিকার কাজের জগতে হাতেখড়ি হয় সংবাদপত্র দিয়ে। ডিজিটাল সাংবাদিকতায় কাজ শুরু হিন্দুস্তান টাইমস বাংলার হাত ধরেই। ২০২১ সাল থেকে এই প্রতিষ্ঠানের সঙ্গে ওতোপ্রোতোভাবে জড়িত। সাহিত্যের প্রতি তুলিকার ঝোঁক ছোটবেলা থেকেই, সেই থেকেই সিনেমার প্রতি ভালোবাসা তৈরি। এছাড়াও ঘুরতে যেতে ভালোবাসেন, আরও বিশেষভাবে বললে তুলিকা পাহাড়-প্রেমী। আর তাই পাঠককে দিতে পারেন নানা জানা-অজানা জায়গায় ভ্রমণের সুলুক সন্ধান, তাও পকেট বাঁচিয়ে কম খরচে। সঙ্গে নিজে গাছপ্রেমী, দিনের বড় একটা অংশ কাটে ছাদবাগানে, আর নিজের প্রাপ্ত জ্ঞান থেকেই তুলিকার গার্ডেনিংয়ের কপি লেখা শুরু।Read More