Breast Cancer Treatment: স্তন ক্যানসারের চিকিৎসায় মাইলফলক! আমেরিকার অনুমোদন পেল ভারতীয় সংস্থার ওষুধ
Breast Cancer Treatment: চিকিৎসা বিজ্ঞানের তথ্য অনুযায়ী, বিশ্বজুড়ে মহিলাদের মধ্যে স্তন ক্যানসারের প্রকোপ ক্রমশ বাড়ছে। পরিসংখ্যান বলছে, প্রতি ৮ জন মহিলার মধ্যে ১ জনের জীবদ্দশায় স্তন ক্যানসারে আক্রান্ত হওয়ার ঝুঁকি থাকে।
Breast Cancer Treatment: ক্যানসারের চিকিৎসায় নয়া মাইলফলক তৈরি হল। ভারতের অন্যতম শীর্ষস্থানীয় বায়োফার্মাসিউটিক্যাল সংস্থা বায়োকন লিমিটেডের তৈরি নতুন বায়োসিমিলার ইনজেকশন ‘পেব্রিলজো’-কে আমেরিকার ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশনের তরফে চূড়ান্ত অনুমোদন দেওয়া। মূলত ‘হার-টু পজিটিভ’ স্তন ক্যানসারের চিকিৎসায় এই ওষুধটি ব্যবহৃত হবে। এই অনুমোদনের ফলে মার্কিন যুক্তরাষ্ট্রে বায়োকনের অনুমোদিত অনকোলজি বা ক্যানসার বায়োসিমিলার ওষুধের সংখ্যা বেড়ে দাঁড়াল পাঁচে।

কীভাবে কাজ করে এই নতুন ওষুধ?
সংস্থার তরফে জানানো হয়েছে, পেব্রিলজো হল একটি বিশেষ ধরনের মনোক্লোনাল অ্যান্টিবডি। স্তন ক্যানসারে আক্রান্ত রোগীদের শরীরে অনেক সময় ‘HER2’ নামক প্রোটিনের মাত্রাতিরিক্ত বৃদ্ধি বা জিনের পরিবর্তন ঘটে, যার ফলে টিউমার অত্যন্ত দ্রুতগতিতে ছড়িয়ে পড়ে। বায়োকনের এই নতুন ওষুধটি ক্যানসার কোষের ওপর থাকা এই HER2 রিসেপ্টরগুলিকে ব্লক বা আটকে দেয়। ফলে ক্যানসার কোষের অনিয়ন্ত্রিত বৃদ্ধি থমকে যায় এবং রোগীর সুস্থ হয়ে ওঠার সম্ভাবনা অনেকটা বেড়ে যায়।
কবে থেকে আমেরিকার বাজারে পাওয়া যাবে পেব্রিলজো?
ইউএস এফডিএর অনুমোদন মিললেও এখনই আমেরিকার বাজারে এই ওষুধটি বাণিজ্যিকভাবে বিক্রি শুরু হচ্ছে না। বায়োকনের তরফে জানানো হয়েছে, মূল ওষুধ নির্মাতা সংস্থা জেনেনটেকের সঙ্গে তাদের একটি গ্লোবাল সেটেলমেন্ট এবং লাইসেন্স চুক্তি স্বাক্ষরিত হয়েছে। সেই চুক্তির শর্ত অনুযায়ী, ২০২৮ সালের তৃতীয় ত্রৈমাসিকে মার্কিন যুক্তরাষ্ট্রে বাণিজ্যিকভাবে পেব্রিলজো লঞ্চ করার অধিকার পেয়েছে বায়োকন। এর আগে চলতি বছরের সেপ্টেম্বর মাসে ইউরোপিয়ান মেডিসিনস এজেন্সির (EMA) কমিটি ‘CHMP’ ইউরোপের বাজারেও পেব্রিলজো (৪২০ মিলিগ্রাম/১৪ মিলিলিটার কনসেনট্রেট সলিউশন) বাজারজাত করার পক্ষে সুপারিশ করেছিল।
সংস্থার শীর্ষ কর্তার বক্তব্য
বিষয়টি নিয়ে বায়োকন লিমিটেডের সিইও এবং ম্যানেজিং ডিরেক্টর শ্রীহাস তাম্বে বলেন, ‘আমেরিকায় আমাদের পঞ্চম অনকোলজি বায়োসিমিলার হিসেবে পেব্রিলজো-র এই অনুমোদন ক্যানসার চিকিৎসার পরিকাঠামোকে আরও শক্তিশালী করবে এবং সাধারণ মানুষের নাগালের মধ্যে উন্নত বায়োলজিক ওষুধ পৌঁছে দেওয়ার প্রতিশ্রুতিকে পূরণ করবে।’
স্তন ক্যানসারের ভয়াবহতা ও পরিসংখ্যান
চিকিৎসা বিজ্ঞানের তথ্য অনুযায়ী, বিশ্বজুড়ে মহিলাদের মধ্যে স্তন ক্যানসারের প্রকোপ ক্রমশ বাড়ছে। পরিসংখ্যান বলছে, প্রতি ৮ জন মহিলার মধ্যে ১ জনের জীবদ্দশায় স্তন ক্যানসারে আক্রান্ত হওয়ার ঝুঁকি থাকে। শুধুমাত্র ২০২৬ সালেই আমেরিকায় প্রায় ৩ লক্ষ ২০ হাজার মহিলার স্তন ক্যানসারে ধরা পড়ার আশঙ্কা রয়েছে। এর মধ্যে প্রায় ২০ শতাংশ রোগীই ‘হার-টু পজিটিভ’ স্তন ক্যানসারে আক্রান্ত হন।
E-Paper

