Children's Day 2026 at Science City: বিজ্ঞানের আনন্দময় পাঠ: সায়েন্স সিটিতে শিশু দিবসে খুদেদের হাতে-কলমে শেখার সুযোগ
Children's Day 2026 at Science City: ১৪ নভেম্বর কলকাতায় সায়েন্স সিটিতে উদযাপিত হল জাতীয় শিশু দিবস। এই বিশেষ কর্মসূচির মূল লক্ষ্য ছিল বিদ্যালয়ের চিরাচরিত বইকেন্দ্রিক পড়াশোনার গণ্ডি পেরিয়ে শিশুদের বিজ্ঞানের আনন্দময়, সৃজনশীল ও পরীক্ষামূলক দুনিয়ার সঙ্গে পরিচয় করিয়ে দেওয়া।
Children's Day 2026 at Science City: আনন্দ ও কৌতূহল যখন একসঙ্গে হাত মেলায়, তখন যে কোনও কঠিন বিষয়ও সহজ ও আকর্ষণীয় হয়ে ওঠে। এই বিশ্বাসকে সামনে রেখেই প্রতি বছরের মতো এ বছরও ১৪ নভেম্বর কলকাতায় সায়েন্স সিটিতে উদযাপিত হল জাতীয় শিশু দিবস। ভারত সরকারের সংস্কৃতি মন্ত্রকের অধীনস্থ ‘ন্যাশনাল কাউন্সিল অফ সায়েন্স মিউজিয়ামস’-র অন্যতম গুরুত্বপূর্ণ কেন্দ্র এটি। সায়েন্স সিটির উদ্যোগে আয়োজিত এই বিশেষ কর্মসূচির মূল লক্ষ্য ছিল বিদ্যালয়ের চিরাচরিত বইকেন্দ্রিক পড়াশোনার গণ্ডি পেরিয়ে শিশুদের বিজ্ঞানের আনন্দময়, সৃজনশীল ও পরীক্ষামূলক দুনিয়ার সঙ্গে পরিচয় করিয়ে দেওয়া।
১৪ নভেম্বর কলকাতায় সায়েন্স সিটিতে উদযাপিত হল জাতীয় শিশু দিবস।
খেলনা বানিয়ে বিজ্ঞান শেখা: ‘মেক অ্যান্ড প্লে’ ওয়ার্কশপ
দিনের অন্যতম প্রধান আকর্ষণ ছিল ‘মেক অ্যান্ড প্লে: অ্যা সায়েন্স টয় মেকিং ওয়ার্কশপ’। দৈনন্দিন জীবনে ব্যবহৃত সাধারণ ও সহজলভ্য উপকরণ দিয়েই যে পদার্থবিজ্ঞান ও মেকানিক্সের জটিল সূত্রগুলো বোঝা সম্ভব, তা এই কর্মশালায় প্রত্যক্ষ করে শিক্ষার্থীরা।
১) স্টিল টু মুভি (Still to Movie): পরপর থাকা স্থিরচিত্র কীভাবে আমাদের চোখে ভিজ্যুয়াল এফেক্টের অনুভূতি তৈরি করে, তা এই মডেলের মাধ্যমে শেখে খুদেরা।
২) ক্যালেইডোস্কোপ (Kaleidoscope): আলোর প্রতিফলনের নিয়মে কাচ ও আয়নার সাহায্যে কীভাবে নিত্যনতুন ও নান্দনিক নকশা তৈরি হয়, তা নিজেদের হাতে বানিয়ে দেখে শিক্ষার্থীরা।
৩) টাইটানিক হর্ন (Titanic Horn): বেলুন ও প্লাস্টিকের পাইপের মতো সাধারণ জিনিস দিয়ে কীভাবে একটি কার্যকরী ফগ হর্ন তৈরি করা যায়, তা বানিয়ে শব্দের কম্পন ও তরঙ্গের মূল নীতি সহজ ভাষায় অনুধাবন করে খুদে বিজ্ঞানীরা।
গেম জোন ও ওপেন হাউস সায়েন্স কুইজ
ওয়ার্কশপের পাশাপাশি আয়োজন করা হয়েছিল একটি আকর্ষণীয় ‘গেম জোন এক্সিবিশন’। এখানে বিজ্ঞানের নানা বৈচিত্র্যময় ঘটনাকে খেলাধুলো ও চ্যালেঞ্জের আকারে তুলে ধরা হয়েছিল। বিভিন্ন ইন্টার-অ্যাক্টিভ এক্সিবিটের মাধ্যমে বিজ্ঞানের নানা নিয়মকে খেলার ছলে পরীক্ষা করার সুযোগ পায় দর্শনার্থীরা।
এছাড়া, শিক্ষার্থীদের উপস্থিত বুদ্ধি, সাধারণ জ্ঞান ও বিজ্ঞানের প্রতি আগ্রহ ঝালাই করতে আয়োজন করা হয় একটি ‘ওপেন হাউস সাইন্স কুইজ’। হাসিখুশি ও অনুপ্রেরণাদায়ক পরিবেশে আয়োজিত এই কুইজে শিক্ষার্থীরা বিপুল উৎসাহের সঙ্গে অংশগ্রহণ করে এবং তাদের কৌতূহল ও মেধার পরিচয় দেয়।
ডিরেক্টরের বার্তা ও সুদূরপ্রসারী ভাবনা
অনুষ্ঠানের সাফল্য সম্পর্কে সায়েন্স সিটি কলকাতার ডিরেক্টর প্রমোদ গ্রোভার বলেন, ‘শিশুরা তখনই সবচেয়ে ভালো শেখে, যখন তাদের কৌতূহল ও আনন্দ হাতে-কলমে আবিষ্কারের সঙ্গে যুক্ত হয়। মেক অ্যান্ড প্লে, গেম জোন কিংবা ওপেন হাউস কুইজের মতো উদ্যোগের মাধ্যমে সায়েন্স সিটির লক্ষ্য হল বিজ্ঞানের ভীতি দূর করা এবং একে আনন্দদায়ক এক অভিযানে রূপ দেওয়া। এই ধরনের আয়োজন শিশুদের পর্যবেক্ষণ করতে, প্রশ্ন তুলতে এবং দৈনন্দিন জীবনের বিজ্ঞানকে উপলব্ধি করতে শেখায়।’
Home/Lifestyle/Children's Day 2026 At Science City: বিজ্ঞানের আনন্দময় পাঠ: সায়েন্স সিটিতে শিশু দিবসে খুদেদের হাতে-কলমে শেখার সুযোগ