Health News: হৃদরোগ থেকে স্ট্রোক, যখন তখন দুর্ঘটনার ঝুঁকি বাড়ছে, দায়ী এইভাবে শুয়ে ফোন ঘাঁটা
Mobile Addiction Increasing Health Risk: শরীরের একাধিক রোগ অসুখবিসুখ তো বাড়েই মোবাইলের দৌলতে। এবার ছাড় পাচ্ছে না হার্ট ও ব্রেনও। যেকোনও সময় দুর্ঘটনা ঘটে যেতে পারে মোবাইল ঘাঁটার এক বিশেষ কুঅভ্যাসে। কী সেই কুঅভ্যাস?
সম্প্রতি একটি অস্ট্রেলিয়ান গবেষণা দেখিয়েছে যে রাতে ঘরের আলো নিভিয়ে অন্ধকার ঘরে মোবাইল, ল্যাপটপ বা ট্যাবের স্ক্রিনের উজ্জ্বল নীল আলোতে সময় কাটালে তা হৃদযন্ত্রের জন্য অত্যন্ত ক্ষতিকর হতে পারে। এই অভ্যাস সারা বিশ্বে একটি সাধারণ সমস্যা, কিন্তু এর ফল মারাত্মক হতে পারে।

হৃদরোগের ঝুঁকি বাড়ছে কেন?
ফ্লিন্ডার্স বিশ্ববিদ্যালয়ের গবেষকরা প্রায় ৮৯ হাজার প্রাপ্তবয়স্কের ওপর ৯ বছর ধরে এই গবেষণা চালিয়েছেন। তাঁদের গবেষণাপত্রটি 'জার্নাল অফ আমেরিকান মেডিক্যাল অ্যাসোসিয়েশন (JAMA)'-এর মতো স্বনামধন্য বিজ্ঞানপত্রে প্রকাশিত হয়েছে। গবেষণায় দেখা গেছে, রাতে উজ্জ্বল আলোতে জেগে থাকলে, বিশেষ করে ডিজিটাল স্ক্রিনের নীল আলোর সামনে থাকলে চারটি সমস্যা হতে পারে।
কী কী সমস্যা দেখা দিতে পারে?
১. গড়ে হার্ট ফেলিয়োরের আশঙ্কা ৫৬ শতাংশ পর্যন্ত বেড়ে যায়।
২. হার্ট অ্যাটাকের ঝুঁকি বাড়ে ৪৭ শতাংশ।
৩. করোনারি আর্টারি ডিজিজের ঝুঁকি বাড়ে ৩২ শতাংশ।
৪. স্ট্রোকের ঝুঁকি বাড়ে ২৮ শতাংশ।
এই ঝুঁকি ৪০ বছর বয়সের পরে মহিলাদের ক্ষেত্রে আরও মারাত্মক হতে পারে বলে গবেষকরা সতর্ক করেছেন।
আরও পড়ুন - Viral Video: ‘কবে বিয়ে করছেন?’ বিহারে ভোটপ্রচারের মাঝেই খুদের প্রশ্ন রাহুলকে! কী বললেন তিনি?
জৈবিক ছন্দ ও হরমোনের ক্ষতি
বিশেষজ্ঞরা বলছেন, রাতে উজ্জ্বল আলো ব্যবহারের ফলে শরীরের জৈবিক ছন্দ (Circadian Rhythm) মারাত্মকভাবে বিঘ্নিত হয়।
মেলাটোনিন হরমোনের অভাব: এন্ডোক্রিনোলজি বিশেষজ্ঞদের মতে, রাতের অন্ধকারে মস্তিষ্ক থেকে ঘুম আনয়নকারী হরমোন মেলাটোনিনের ক্ষরণ বাড়ে। কিন্তু মোবাইল, ট্যাব বা ল্যাপটপের উজ্জ্বল নীল আলোর কারণে এই হরমোনের ক্ষরণ প্রবলভাবে কমে যায়।
বিপাকজনিত গোলযোগ: মেলাটোনিনের অভাবে একদিকে যেমন ঘুম ক্ষতিগ্রস্ত হয়, তেমনই ইনসুলিন রেজিস্ট্যান্স বেড়ে যায়। এর ফলস্বরূপ শরীরে বিপাকজনিত (Metabolic) নানা সমস্যা সৃষ্টি হয়, যা সরাসরি হৃদ-স্বাস্থ্যের ক্ষতি করে।
বর্তমানে একাধিক গবেষণায় দেখা যাচ্ছে, রাতে দীর্ঘক্ষণ ডিজিটাল স্ক্রিনে তাকিয়ে থাকার সঙ্গে ইনসুলিন রেজিস্ট্যান্স, ডিসলিপিডিমিয়া (Dyslipidemia), স্থূলতা বা ওবেসিটি, এবং বড় ধরনের কার্ডিওভাস্কুলার ঘটনার সুস্পষ্ট সম্পর্ক রয়েছে।
তাই স্বাস্থ্য বিশেষজ্ঞরা পরামর্শ দিচ্ছেন, বয়স এবং স্থান নির্বিশেষে রাতের বেলায় ডিজিটাল আলোর ব্যবহার নিয়ন্ত্রণ করা এখন জনস্বাস্থ্যের জন্য একটি জরুরি পদক্ষেপ।












