ISPL Season 4: এবার গোয়ায় চার-ছক্কার ধামাকা! শুরু হচ্ছে ISPL সিজন ৪, জানুন দিনক্ষণ ও ভেন্যু
ISPL Season 4: ইন্ডিয়ান স্ট্রিট প্রিমিয়ার লিগের চতুর্থ সিজন হবে গোয়ায়। আইএসপিএল সিজন ৪-কে গোয়ায় নিয়ে আসার মূল লক্ষ্য হল, লিগের তৃণমূল স্তরের ক্রিকেট ভাবনার সঙ্গে গোয়ার ‘স্পোর্টস-ট্যুরিজম’ বা ক্রীড়া-পর্যটন লক্ষ্যমাত্রাকে একসূত্রে গাঁথা।
ISPL Season 4: ‘ইন্ডিয়ান স্ট্রিট প্রিমিয়ার লিগ'-র (ISPL) সূচনা হচ্ছে আগামী ৬ ডিসেম্বর থেকে। প্রথমবারের মতো এই টুর্নামেন্ট অনুষ্ঠিত হতে যাচ্ছে গোয়ায়। মুম্বইয়ে অনুষ্ঠিত সিজন ৪-এর প্লেয়ার অকশন বা নিলামের মঞ্চ থেকেই এই বড় ঘোষণা করা হয়েছে। গোয়ার ভার্নার ‘১৯১৯ স্পোর্টজ ক্রিকেট স্টেডিয়ামে’ অনুষ্ঠিত হবে টুর্নামেন্টের সব ম্যাচ। প্রায় এক মাসব্যাপী এই ক্রিকেট প্রতিযোগিতা চলবে আগামী ৩ জানুয়ারি পর্যন্ত।
ইন্ডিয়ান স্ট্রিট প্রিমিয়ার লিগের চতুর্থ সিজন হবে গোয়ায়।
উদ্যোক্তরা জানিয়েছেন, আইএসপিএল সিজন ৪-কে গোয়ায় নিয়ে আসার মূল লক্ষ্য হল লিগের তৃণমূল স্তরের ক্রিকেট ভাবনার সঙ্গে গোয়ার ‘স্পোর্টস-ট্যুরিজম’ বা ক্রীড়া-পর্যটন লক্ষ্যমাত্রাকে একসূত্রে গাঁথা। এর ফলে স্থানীয় তরুণদের মধ্যে খেলাধুলার প্রতি আগ্রহ যেমন বাড়বে, তেমনই স্থানীয় ব্যবসা-বাণিজ্য ও সাধারণ মানুষের অংশগ্রহণের নতুন দিগন্ত খুলে যাবে বলে আশা করা হচ্ছে।
এই প্রসঙ্গে গোয়ার মুখ্যমন্ত্রী প্রমোদ সাওয়ান্ত বলেন, ‘আমাদের লক্ষ্য হল, রাজ্যে একটি শক্তিশালী ক্রীড়া সংস্কৃতি গড়ে তোলা এবং প্রতিটি স্তরের প্রতিভা যেন তাদের যোগ্য সম্মান পায় তা নিশ্চিত করা। তৃণমূল স্তরের ক্রিকেটকে তুলে ধরার এবং উদীয়মান খেলোয়াড়দের জাতীয় মঞ্চ দেওয়ার ক্ষেত্রে আইএসপিএল-এর যে অঙ্গীকার, তা আমাদের ভাবনার সঙ্গে পুরোপুরি মিলে যায়। গোয়ায় এই লিগের চতুর্থ সিজনকে স্বাগত জানাতে পেরে আমরা অত্যন্ত আনন্দিত।’
কী বলছেন সচিন তেন্ডুলকর ও লিগ কর্তারা?
২০২৪ সালে যাত্রা শুরুর পর থেকেই আইএসপিএল গলির ক্রিকেটকে পেশাদার স্টেডিয়ামের আলোয় নিয়ে এসেছে। লিগের কোর কমিটির অন্যতম সদস্য কিংবদন্তি ক্রিকেটার সচিন তেন্ডুলকর এই নতুন যাত্রা নিয়ে দারুণ উচ্ছ্বসিত। তিনি বলেন, ‘ভারতে অসীম ক্রিকেট প্রতিভা রয়েছে, আর সবচেয়ে রোমাঞ্চকর গল্পগুলো অনেক সময় অলিগলি ও পাড়ার মাঠ থেকেই শুরু হয়। এই প্রতিভাদের চিনে নিয়ে তাদের খেলাকে পরবর্তী স্তরে নিয়ে যাওয়ার স্বপ্ন থেকেই আইএসপিএলের জন্ম। এখান থেকে উঠে আসা খেলোয়াড়রা যখন ঘরোয়া ক্রিকেটে জায়গা করে নেয়, তখন আমাদের উদ্দেশ্য সার্থক হয়। সিজন ৪-কে গোয়ায় নিয়ে যাওয়া এই যাত্রার আরও একটি দারুণ পদক্ষেপ।’
মহারাষ্ট্র সরকারের মন্ত্রী তথা আইএসপিএল কোর কমিটির সদস্য আশিস শেলার মনে করেন, গত তিনটি সিজনে আইএসপিএল ক্রিকেটপ্রেমীদের সঙ্গে এক নিবিড় সম্পর্ক গড়ে তুলেছে। গোয়া সরকারের এই সমর্থন লিগের ক্রমবর্ধমান জনপ্রিয়তা এবং দীর্ঘমেয়াদী দৃষ্টিভঙ্গিরই প্রমাণ। অন্যদিকে, লিগ কমিশনার সুরজ সামাত জানান, গোয়ার মানুষের সঙ্গে এক আত্মিক যোগসূত্র তৈরি করে ‘স্ট্রিট টু স্টেডিয়াম’ যাত্রাকে আরও বড় দর্শকদের কাছে পৌঁছে দেওয়াই তাদের প্রধান লক্ষ্য।
Home/Lifestyle/ISPL Season 4: এবার গোয়ায় চার-ছক্কার ধামাকা! শুরু হচ্ছে ISPL সিজন ৪, জানুন দিনক্ষণ ও ভেন্যু