অপারেশন করলে বিপদ! বিনা অস্ত্রোপচারেই ৩.৫ বছরের শিশুর জটিল রোগের চিকিৎসা কলকাতায়

কোনওরকম কাটাছেঁড়া বা প্রথাগত অস্ত্রোপচার ছাড়াই, সম্পূর্ণ এন্ডোস্কোপিক পদ্ধতিতে মাত্র সাড়ে তিন বছরের এক শিশুকন্যার অগ্ন্যাশয়ের জটিল ও বিরল সমস্যার সফল চিকিৎসা করলেন কলকাতার এক বেসরকারি হাসপাতালের চিকিৎসকরা।

Published on: Nov 17, 2026, 23:59:31 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
Copy link
  • copy link

কোনওরকম কাটাছেঁড়া বা প্রথাগত অস্ত্রোপচার ছাড়াই, সম্পূর্ণ এন্ডোস্কোপিক পদ্ধতিতে মাত্র সাড়ে তিন বছরের এক শিশুকন্যার অগ্ন্যাশয়ের জটিল ও বিরল সমস্যার সফল চিকিৎসা করলেন কলকাতার এক বেসরকারি হাসপাতালের চিকিৎসকরা। সাধারণত প্রাপ্তবয়স্ক রোগীদের ক্ষেত্রে এই ধরনের চিকিৎসা পদ্ধতি ব্যবহার করা হলেও এত কম বয়সি শিশুর ক্ষেত্রে তা সফলভাবে প্রয়োগ করা চিকিৎসা বিজ্ঞানের ক্ষেত্রে একটি উল্লেখযোগ্য মাইলফলক হিসেবে বিবেচিত হচ্ছে।

অপারেশন করলে বিপদ! বিনা অস্ত্রোপচারেই ৩.৫ বছরের শিশুর জটিল রোগের চিকিৎসা কলকাতায়। (ছবিটি প্রতীকী)
অপারেশন করলে বিপদ! বিনা অস্ত্রোপচারেই ৩.৫ বছরের শিশুর জটিল রোগের চিকিৎসা কলকাতায়। (ছবিটি প্রতীকী)

ইএম বাইপাসের মণিপাল হাসপাতালের চিকিৎসকরা জানিয়েছেন, চিকিৎসা পরিভাষায় শিশুটির এই সমস্যাটিকে বলা হয় 'পোস্ট-নেক্রোটিক কালেকশন' বা অগ্ন্যাশয়ের প্রদাহ-পরবর্তী তরলপূর্ণ থলি। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, হুগলির বাসিন্দা সাড়ে তিন বছরের ওই শিশুকন্যা (নাম পরিবর্তিত সোনাল চৌহান) চলতি বছরের জুলাই মাসে তীব্র প্যানক্রিয়াটাইটিস বা অগ্ন্যাশয়ের প্রদাহ নিয়ে প্রথমবার হাসপাতালে ভর্তি হয়েছিল। সেই সময় অগ্ন্যাশয়ের নালিতে (যে নালির মাধ্যমে হজমে সহায়ক রস নির্গত হয়) ত্রুটি দেখা দেওয়ায় অগ্ন্যাশয়ের তরল পার্শ্ববর্তী অঞ্চলে বেরিয়ে এসে জমতে শুরু করে। পরবর্তীতে নালির সেই সমস্যা সেরে গেলেও, জমে থাকা তরল শরীর থেকে সম্পূর্ণভাবে দূর হয়নি। ফলে তা ধীরে ধীরে একটি বড় তরলপূর্ণ থলি বা 'প্যানক্রিয়াটিক সিউডোসিস্ট'-এর আকার ধারণ করে।

তাঁরা জানিয়েছেন, ক্রমশ এই থলিটি আকারে বড় হয়ে শিশুটির পাকস্থলীর ওপর প্রবল চাপ সৃষ্টি করতে শুরু করে। এর ফলে শিশুটি তীব্র পেটে ব্যথায় কাতর হয়ে পড়ত, তার স্বাভাবিক খাওয়া-দাওয়া প্রায় বন্ধ হয়ে গিয়েছিল এবং বয়স অনুযায়ী ওজনও আশঙ্কাজনকভাবে কমে যাচ্ছিল। সাধারণ ওষুধে সমস্যার সমাধান না হওয়ায় এবং শিশুটির শারীরিক অবস্থার অবনতি হতে থাকায়, পেডিয়াট্রিক গ্যাস্ট্রোএন্টারোলজি ও মেডিক্যাল গ্যাস্ট্রোএন্টারোলজি বিভাগের চিকিৎসকরা যৌথভাবে বিশেষ হস্তক্ষেপের সিদ্ধান্ত নেন।

চিকিৎসকরা জানিয়েছেন, সাধারণত এই ধরনের জমে থাকা তরল বের করার জন্য তিনটি পদ্ধতি রয়েছে— প্রচলিত অস্ত্রোপচার, ত্বকের বাইরে থেকে নল ঢুকিয়ে রেডিওলজিক্যাল ড্রেনেজ এবং শরীরের অভ্যন্তর থেকেই এন্ডোস্কোপিক ড্রেনেজ। শিশুটির অত্যন্ত কম বয়স এবং শারীরিক দুর্বলতার কথা মাথায় রেখে বড় অস্ত্রোপচারের ঝুঁকি এড়াতে চেয়েছিলেন। আবার বাইরে থেকে নল ঢোকালে দীর্ঘস্থায়ী ফিস্টুলা বা অস্বাভাবিক ক্ষতপথ তৈরি হওয়ার আশঙ্কা থাকে। তাই চিকিৎসক দল অত্যন্ত চ্যালেঞ্জিং 'এন্ডোস্কোপিক আল্ট্রাসাউন্ড (EUS)-নির্দেশিত ড্রেনেজ' পদ্ধতি বেছে নেন। এই পদ্ধতিতে ক্যামেরাযুক্ত একটি সরু ও নমনীয় নলের সাহায্যে আল্ট্রাসাউন্ড প্রযুক্তির মাধ্যমে জমে থাকা তরলের সঠিক অবস্থান শনাক্ত করা হয়। এরপর 'লুমেন-অ্যাপোজিং মেটাল স্টেন্ট' (LAMS) নামক একটি বিশেষ ছোট ধাতব নলের সাহায্যে দুটি অঙ্গের মধ্যে একটি অস্থায়ী সংযোগপথ তৈরি করে ভেতরের সমস্ত দূষিত তরল নিষ্কাশন করা হয়।

বিষয়টি নিয়ে ওই হাসপাতালের মেডিক্যাল গ্যাস্ট্রোএন্টারোলজি বিভাগের ডিরেক্টর ও সিনিয়র কনসালট্যান্ট প্রদীপ্ত কুমার শেঠি জানান, প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে এই পদ্ধতি সুপ্রতিষ্ঠিত হলেও সাড়ে তিন বছরের শিশুর ক্ষেত্রে এটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ ও প্রযুক্তিগতভাবে চ্যালেঞ্জিং ছিল। কারণ, এন্ডোস্কোপির এই বিশেষ সরঞ্জামগুলি মূলত বড়দের শরীরের মাপ অনুযায়ী তৈরি। অত্যন্ত সতর্কতার সঙ্গে শিশুটির শারীরিক অবস্থা পর্যালোচনা করে এই প্রক্রিয়াটি সম্পন্ন করা হয়।

মুকুন্দপুরের মণিপাল হাসপাতালের পেডিয়াট্রিক গ্যাস্ট্রোএন্টারোলজি বিভাগের সিনিয়র কনসালট্যান্ট ভাস্বতী চক্রবর্তী আচার্য বলেন, ‘শিশুদের প্যানক্রিয়াটাইটিসের পিছনে একাধিক কারণ থাকতে পারে। এর মধ্যে রয়েছে জিনগত কারণ এবং কিছু ক্ষেত্রে পিত্তথলিতে পাথর। তবে অনেক শিশুর ক্ষেত্রেই সমস্যার সঠিক কারণ নির্ণয় করা সম্ভব হয় না। সোনালের ক্ষেত্রে অগ্ন্যাশয়ের মধ্যে তৈরি হওয়া সিউডোসিস্টটি দীর্ঘদিন ধরে থেকে যাওয়ায় তার স্বাভাবিকভাবে খাওয়া এবং ওজন বাড়ানোর ক্ষেত্রে সমস্যা তৈরি হচ্ছিল। তাই সময়মতো চিকিৎসাগত হস্তক্ষেপ অত্যন্ত জরুরি হয়ে পড়েছিল। আমরা অত্যন্ত আনন্দিত যে বর্তমানে সে ভালোভাবে সুস্থ হয়ে উঠছে, তার পেটে ব্যথার আর কোনও পুনরাবৃত্তি হয়নি এবং সে স্বাভাবিকভাবে খাবার খাচ্ছে। সম্পূর্ণ সুস্থ হয়ে ওঠা নিশ্চিত করতে নির্ধারিত ওষুধের পাশাপাশি আল্ট্রাসাউন্ড পরীক্ষার মাধ্যমে তার শারীরিক অবস্থার উপর নজর রাখা হবে। আগামী কয়েক দিনের মধ্যেই স্টেন্টটি খুলে ফেলার পরিকল্পনা রয়েছে।’

একইসুরে ইএম বাইপাসের মণিপাল হসপিটালের মেডিক্যাল গ্যাস্ট্রোএন্টারোলজি বিভাগের কনসালট্যান্ট প্রশান্ত দেবনাথের মতে, শিশুদের প্যানক্রিয়াটাইটিসের পেছনে জিনগত কারণ বা পিত্তথলির পাথরের মতো বিষয় থাকতে পারে, যদিও অনেক ক্ষেত্রেই সঠিক কারণ জানা যায় না। দীর্ঘদিন ধরে সিউডোসিস্ট থেকে যাওয়ায় শিশুটির পুষ্টি ও স্বাভাবিক শারীরিক বৃদ্ধি ব্যাহত হচ্ছিল। তবে এই সফল চিকিৎসার পর শিশুটি দ্রুত সুস্থ হয়ে উঠছে। তার পেটে ব্যথার আর কোনও উপসর্গ নেই এবং সে পুনরায় স্বাভাবিকভাবে খাবার খেতে শুরু করেছে।

চিকিৎসকরা জানিয়েছেন, নিয়মিত আল্ট্রাসাউন্ড ও ওষুধের মাধ্যমে তার শারীরিক অবস্থার ওপর নজর রাখা হচ্ছে এবং আগামী এক থেকে দুই সপ্তাহের মধ্যেই ভেতরে বসানো স্টেন্টটি খুলে ফেলা হবে।