Kolkata Compnay for Railways Network: ভারতের রেল নেটওয়ার্কে বিপ্লব! পোলিশ সংস্থার সঙ্গে হাত মেলাল কলকাতার কোম্পানি
Kolkata Compnay for Railways Network: মউয়ের মূল উদ্দেশ্য হল ভারতের মেট্রো, সেমি হাইস্পিড এবং হাইস্পিড রেল নেটওয়ার্কের জন্য আধুনিক প্যাসেঞ্জার রোলিং স্টক বা যাত্রী পরিবহণকারী ট্রেন তৈরির সুযোগ অন্বেষণ করা।
Kolkata Compnay for Railways Network: ভারতের দ্রুত পরিবর্তনশীল রেল যোগাযোগের ক্ষেত্রে এক পদক্ষেপ হিসেবে দেশের অন্যতম প্রধান রোলিং স্টক এবং মোবিলিটি সলিউশন প্রস্তুতকারক সংস্থা জুপিটার ওয়াগনস লিমিটেড পোল্যান্ডের বৃহত্তম ট্রেন নির্মাতা সংস্থা ‘পোজাদজি সজাইনোওয়ে পেসা বিডগসজ এস.এ.’ (PESA)-র সঙ্গে একটি মউ স্বাক্ষর করেছে। নয়াদিল্লিতে অনুষ্ঠিত পোলিশ-ইন্ডিয়ান ইকোনমিক ফোরামে এই গুরুত্বপূর্ণ মউ স্বাক্ষরিত হয়। এই মউয়ের মূল উদ্দেশ্য হল ভারতের মেট্রো, সেমি হাইস্পিড এবং হাইস্পিড রেল নেটওয়ার্কের জন্য আধুনিক প্যাসেঞ্জার রোলিং স্টক বা যাত্রী পরিবহণকারী ট্রেন তৈরির সুযোগ অন্বেষণ করা।

এই সহযোগিতার মাধ্যমে জুপিটার ওয়াগনস কেবল একটি সাধারণ ওয়াগন প্রস্তুতকারক সংস্থা হিসেবেই নয়, বরং ভবিষ্যতে সম্পূর্ণ মোবিলিটি সলিউশন প্রদানকারী একটি বিশ্বমানের প্রতিষ্ঠান হিসেবে নিজেদের অবস্থান আরও সুদৃঢ় করতে চলেছে। একই ছাদের নিচে মালবাহী এবং যাত্রী পরিবহনকারী রোলিং স্টক পাশাপাশি গুরুত্বপূর্ণ যন্ত্রাংশ উৎপাদনের এক সুদূরপ্রসারী পরিকল্পনা নিয়ে এগিয়ে চলেছে এই ভারতীয় সংস্থা।
ভারতীয় রেল খাতের ক্রমবর্ধমান চাহিদা
বর্তমানে ভারতীয় রেল নেটওয়ার্ক এক বিরাট রূপান্তরের মধ্য দিয়ে যাচ্ছে। দেশের বিভিন্ন শহরে দ্রুত সম্প্রসারিত হচ্ছে মেট্রো রেল নেটওয়ার্ক, অন্যদিকে সেমি হাইস্পিড ট্রেনগুলি ইন্টারসিটি যোগাযোগ ব্যবস্থাকে সম্পূর্ণ বদলে দিচ্ছে। পাশাপাশি দেশের প্রথম হাইস্পিড বুলেট ট্রেন করিডরও দ্রুত রূপ নিচ্ছে।
এই সমস্ত কারণে আধুনিক, দক্ষ এবং আরামদায়ক প্যাসেঞ্জার রোলিং স্টকের চাহিদা দিন দিন বেড়েই চলেছে। বিশেষজ্ঞদের মতে, ভবিষ্যতের ভারতের এই পরিকাঠামোগত চাহিদা পূরণের জন্য এখনই উন্নত প্রযুক্তিগত সক্ষমতা অর্জন করা অত্যন্ত জরুরি।
দুই সংস্থার শক্তির অনন্য মেলবন্ধন
সেই আবহে এই মউ স্বাক্ষরের ফলে দুই সংস্থার প্রযুক্তিগত ও উৎপাদনের ক্ষেত্রে এক অনন্য শক্তির মিলন ঘটেছে। পেসার শিকড় ১৮৫১ সাল পর্যন্ত বিস্তৃত এবং বর্তমান সময় পর্যন্ত ইউরোপজুড়ে মেট্রো, ট্রাম এবং প্যাসেঞ্জার রোলিং স্টক ডিজাইন, উৎপাদন ও রক্ষণাবেক্ষণের ক্ষেত্রে সংস্থাটির সুবিশাল খ্যাতি রয়েছে। অন্যদিকে, জুপিটার ওয়াগনস লিমিটেডের রয়েছে বিশাল উৎপাদন ক্ষমতা, ভারতীয় রেলওয়ে এবং বেসরকারি খাতের সঙ্গে কাজ করার দীর্ঘ ট্র্যাক রেকর্ড এবং রোলিং স্টক, কাস্টিং ও হুইলসেট তৈরির সমন্বিত দক্ষতা।
ওই মউ প্রসঙ্গে জুপিটার ওয়াগনস লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর বিবেক লোহিয়া বলেন, ‘ভারতীয় রেল বর্তমানে এক অত্যন্ত সম্ভাবনাময় যুগে প্রবেশ করেছে।' সেইসঙ্গে তিনি বলেছেন, 'ওয়াগন এবং যন্ত্রাংশ থেকে শুরু করে কাস্টিং, হুইলসেট এবং অন্যান্য উন্নত ব্যবস্থাগুলিকে আমরা একই ছাদের নিচে নিয়ে আসছি, এবং প্যাসেঞ্জার রোলিং স্টক হল এর পরবর্তী স্বাভাবিক পদক্ষেপ। পেসার অভিজ্ঞতার সঙ্গে আমাদের উৎপাদন গভীরতা এবং ভারতীয় রেল সম্পর্কে আমাদের বোঝাপড়াকে একত্রিত করে আমরা ভারত এবং বিশ্বের অন্যান্য দেশের জন্য বিশ্বমানের এবং দেশীয় প্রযুক্তিতে নির্মিত প্যাসেঞ্জার ট্রেন উপহার দিতে প্রস্তুত।’
E-Paper

