Mumbai Kali Puja 2026: মুম্বইয়েও কালীপুজো বাঙালিদের! পা দিল ১৬ বছরে, কোথায় হচ্ছে? অঞ্জলি ও ভোগ কখন?

Mumbai Kali Puja 2026: মুম্বইয়ের কর্মব্যস্ত জীবনের মাঝেও নিজেদের কৃষ্টি ও ঐতিহ্যকে বজায় রেখে চলেছেন প্রবাসীরা। সেই রেশ ধরে কালীপুজোর আয়োজন করা হচ্ছে। আয়োজকদের সূত্রে জানা গিয়েছে, প্রায় ১,৫০০-র বেশি ভক্ত ও দর্শনার্থীর সমাগম ঘটবে এই দু'দিনের উৎসবে।

Published on: Oct 27, 2026, 21:41:54 IST
By
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
Copy link
  • copy link

Mumbai Kali Puja 2026: উৎসব মানেই মিলনমেলা, উৎসব মানেই প্রবাসে থেকেও শিকড়ের টানকে বাঁচিয়ে রাখা। আলো আর ভক্তির আবহে এবার ১৬ তম বর্ষে পদার্পণ করতে চলেছে মুম্বইয়ের ‘শ্রীষ্টি কালীপুজো উৎসব মণ্ডল’। প্রতি বছরের মতো এবারও গোরেগাঁও ইস্টের ভানরাই কলোনিতে অনুষ্ঠিত হতে চলেছে এই কালীপুজো। আগামী ৮ এবং ৯ নভেম্বর ধরে চলবে ভক্তি, অঞ্জলি, প্রসিধ ভোগ বিতরণ এবং সাংস্কৃতিক অনুষ্ঠান।

মুম্বইয়ের ইস্ট গোরেগাঁওয়ে কালীপুজোর আয়োজনে বাঙালিরা।
মুম্বইয়ের ইস্ট গোরেগাঁওয়ে কালীপুজোর আয়োজনে বাঙালিরা।

আজ যে উদ্যোগ গোরেগাঁও ইস্টের অন্যতম বৃহৎ কমিউনিটি পুজোয় পরিণত হয়েছে, তার সূচনা হয়েছিল একেবারে ছোটো ভাবনা থেকে। ২০১১ সালের কথা। ভানরাই বাসস্ট্যান্ডে বসে আড্ডা দিচ্ছিলেন চার-পাঁচজন বাঙালি বন্ধু। কথার পিঠে কথা এগোতেই মনের কোণে ভেসে ওঠে শৈশবের স্মৃতি— পশ্চিমবঙ্গের দীপাবলি আর কালীপুজোর দিনগুলোর কথা। প্রবাসের বুকে নিজেদের সেই আনন্দের মূহুর্তগুলোকে পুনরুজ্জীবিত করতেই তাঁরা সিদ্ধান্ত নেন একটি পুজো শুরু করার।

বন্ধুত্বের হাত ধরে শুরু হওয়া সেই ছোটো উদ্যোগ খুব দ্রুতই আকার নিতে থাকে। স্থানীয় বাঙালি পরিবারগুলো একে একে এগিয়ে আসেন, হাত মেলান এবং কাঁধে কাঁধ মিলিয়ে ঐতিহ্যবাহী পুজো ও আচার-অনুষ্ঠান আয়োজন করতে শুরু করেন। দেখতে দেখতে কেটে গিয়েছে দেড় দশক। আজ সৃষ্টি কালীপুজো উৎসব মণ্ডল কেবল একটি পুজো কমিটির নাম নয়, বরং মুম্বইয়ের বুকে ছড়িয়ে থাকা বাঙালি ঐতিহ্যের এক বিশ্বস্ত ঠিকানা।

৮ নভেম্বরের সূচি, কী কী হবে?

১) প্রতিমা দর্শন (দেবী দর্শন): সন্ধ্যা ৭ টা থেকে।

২) মূল পুজো আরম্ভ: রাত ৯ টা থেকে।

৩) পুষ্পাঞ্জলি: রাত ১০:০০ টা থেকে।

৪) মায়ের আরতি: রাত ১০ টা ৩০ মিনিট থেকে রাত ১১ টা পর্যন্ত।

৫) প্রসাদ ও ভোগ বিতরণ: রাত ১১ টা থেকে।

৬) ঐতিহ্যবাহী আচার-অনুষ্ঠানের পাশাপাশি রাত ১১টার পর আগত সকল ভক্তদের প্রসাদ ও খিচুড়ি ভোগ বিতরণ করা হবে।

সাংস্কৃতিক অনুষ্ঠান ও মেলবন্ধন: ৯ নভেম্বর

আয়োজকরা জানিয়েছেন, পুজোর আবহ বজায় রেখে দ্বিতীয় দিন অর্থাৎ ৯ নভেম্বর, সোমবার সন্ধ্যায় আয়োজিত হবে বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠান। সন্ধ্যা ৭টা থেকে শুরু হতে যাওয়া এই সন্ধ্যায় অংশগ্রহণের নানা বয়সের প্রবাসীরা। নাচ, গান ও বিভিন্ন পরিবেশনার মাধ্যমে তাঁরা তুলে ধরবেন নিজস্ব শিল্পসত্ত্বা।

সংগঠকদের বার্তা

আয়োজকদের তরফে মিহির ঘোড়াই বলেছেন, ‘কালীপুজো হল ভক্তি, একতা এবং আমাদের নিজস্ব সংস্কৃতিকে উদ্‌যাপন করার সেরা সময়। ১৬ তম বর্ষে পা দিয়ে আমরা অত্যন্ত আনন্দিত। সমস্ত ভক্ত ও স্থানীয় বাসিন্দাদের আমাদের এই আয়োজনে যোগ দেওয়ার জন্য আন্তরিক আমন্ত্রণ জানাচ্ছি, যাতে সবাই মিলে এই দিনটিকে স্মরণীয় করে তুলতে পারি।’

স্থান: ভানরাই উৎকর্ষ সমাজ মন্দির সংস্থা, ভানরাই কলোনি, গোরেগাঁও ইস্ট, মুম্বই – ৪০০০৬৫