Bengal Development News: শুধু কলকাতা নয়; শিলিগুড়ি, হাওড়া, দুর্গাপুরের মতো শহরেও 'গ্রিন' উন্নয়নে জোর
Bengal Development News: পশ্চিমবঙ্গের বিভিন্ন শহরে দ্রুত উন্নয়নের পাশাপাশি পরিবেশ রক্ষার উপরেও গুরুত্ব আরোপের বার্তা দিলেন শিল্পমন্ত্রী তাপস রায় এবং পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল। পরিবেশ-বান্ধব উন্নয়নের পক্ষে সওয়াল করলেন তাঁরা।
Bengal Development News: পশ্চিমবঙ্গের বিভিন্ন শহরে দ্রুত উন্নয়নের পাশাপাশি পরিবেশ রক্ষার উপরেও গুরুত্ব আরোপের বার্তা দিলেন মন্ত্রী তাপস রায়, অগ্নিমিত্রা পালরা। কনফেডারেশন অফ ইন্ডিয়ান ইন্ডাস্ট্রি (CII) এর ইন্ডিয়ান গ্রিন বিল্ডিং কাউন্সিল (IGBC) আয়োজিত ‘গ্রিন বেঙ্গল সামিট ২০২৬'-তে অগ্নিমিত্রা জানান, বাংলার শহরগুলির দ্রুত উন্নয়নের পাশাপাশি পরিবেশ রক্ষার বিষয়টিকেও সমান গুরুত্ব দিতে হবে। দ্রুত নগরায়ণ, বৃষ্টির ধরনে পরিবর্তন, জল জমার সমস্যা, তাপপ্রবাহ এবং বায়ুদূষণ বর্তমান সময়ে শহর পরিকল্পনার ক্ষেত্রে অত্যন্ত বড় চ্যালেঞ্জ হয়ে উঠছে। তাই ভবিষ্যতের কথা মাথায় রেখেই বিজ্ঞানসম্মত উপায়ে উন্নয়নের পরিকল্পনা করতে হবে।

তিনি আরও জোর দিয়ে বলেন, ‘অর্থনৈতিক উন্নয়ন এবং পরিবেশের সুরক্ষা একসঙ্গে চলা অত্যন্ত জরুরি। শুধু কলকাতা নয়, দুর্গাপুর, আসানসোল, হাওড়া ও শিলিগুড়ির মতো উদীয়মান শহরগুলিতেও পরিবেশবান্ধব উন্নয়নের পরিকল্পনা ছড়িয়ে দিতে হবে। বর্জ্য ব্যবস্থাপনা উন্নত করা, জলাভূমি ও জলাশয় রক্ষা, নির্মাণকাজে পরিবেশবান্ধব উপকরণের ব্যবহার এবং বিদ্যুৎ সাশ্রয়ী ভবন তৈরি করা এখন সময়ের দাবি। এই কাজ শুধু সরকারের এক পক্ষে করা সম্ভব নয়। এর জন্য শিল্প সংস্থা, নির্মাতা সংস্থা, বিভিন্ন প্রতিষ্ঠান এবং সাধারণ মানুষকেও স্বতঃস্ফূর্তভাবে এগিয়ে আসতে হবে।’
একইসুরে শিল্পমন্ত্রী বলেন, রাজ্যে শিল্প ও বিনিয়োগের সুযোগ বাড়ানোর পাশাপাশি পরিবেশের ভারসাম্য বজায় রাখাও সমানভাবে গুরুত্বপূর্ণ। পরিবেশ রক্ষাকে শুধু একপেশে সরকারি নিয়ম মেনে চলার বিষয় হিসেবে দেখলে চলবে না। এর মাধ্যমে নতুন প্রযুক্তি, কর্মদক্ষতা এবং শিল্পের উন্নতির এক নতুন দিগন্ত উন্মোচিত হতে পারে।
আর যে সামিটে তাঁরা সেই মন্তব্য করেন, তার এবারের মূল ভাবনা বা থিম ছিল ‘ভবিষ্যতের বাংলা গড়ার লক্ষ্যে পরিবেশবান্ধব ও স্থায়ী উন্নয়নের ভাবনা’। তাতে হাজির ছিলেন পশ্চিমবঙ্গে পুর ও নগরোন্নয়ন মন্ত্রী, হিডকোর ম্যানেজিং ডিরেক্টর বিভু গোয়েল, সিআইআই পূর্বাঞ্চলীয় লজিস্টিক্স ও পরিকাঠামো কমিটির চেয়ারম্যান এবং সিআইআই পশ্চিমবঙ্গ রাজ্য পরিষদের প্রাক্তন চেয়ারম্যান দেবাশিস দত্ত। এছাড়াও উপস্থিত ছিলেন সিআইআই আইজিবিসি-র প্রিন্সিপাল কাউন্সেলর ড. শিবরাজ ধাকা, ক্রেডাই কলকাতার সভাপতি এবং সালারপুরিয়া গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর অপূর্ব সালারপুরিয়া, সিআইআই আইজিবিসির ন্যাশনাল চেয়ারম্যান সি শেখর রেড্ডি, আইজিবিসি কলকাতা চ্যাপ্টারের চেয়ারম্যান বিবেক সিং রাঠোর, আইজিবিসি কলকাতার প্রাক্তন চেয়ারম্যান, ক্রেডাই বেঙ্গলের সভাপতি ও মার্লিন গ্রুপের চেয়ারম্যান সুশীল মোহতা এবং আইজিবিসি কলকাতার কো-চেয়ারম্যান রবি দুগাররা।
হিডকোর ম্যানেজিং ডিরেক্টর বিভু গোয়েল জানান যে, শহর গড়ার পরিকল্পনায় জলবায়ু পরিবর্তনের সুদূরপ্রসারী প্রভাব মাথায় রাখা অত্যন্ত জরুরি। নিউ টাউনের উদাহরণ তুলে ধরে তিনি বলেন, শহরে বৃষ্টির জল ধরে রাখার আধুনিক ব্যবস্থা, সবুজ পরিসর বৃদ্ধি, ভবনের ভিতরে প্রাকৃতিকভাবে ঠান্ডা রাখার পরিবেশ এবং পুরনো ভবনগুলিকে আধুনিক ও শক্তপোক্ত করার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। পাশাপাশি নির্মাণকাজে কার্বন নিঃসরণ কমানো এবং সৌরশক্তির মতো পুনর্নবীকরণযোগ্য শক্তির ব্যবহার বহুগুণ বাড়ানো প্রয়োজন।
সিআইআই আইজিবিসির ন্যাশনাল চেয়ারম্যান জানান যে, পশ্চিমবঙ্গে পরিবেশবান্ধব ভবন ও পরিকাঠামো তৈরির যথেষ্ট সম্ভাবনা রয়েছে। নিউ টাউনের মতো সফল উদ্যোগকে আরও বৃহত্তর পরিসরে ছড়িয়ে দিতে হবে। শুধু বড় শহর নয়, ছোট ও মাঝারি শহরগুলিতেও পরিবেশবান্ধব ভবন তৈরিতে উৎসাহ এবং ইনসেনটিঊ দিতে হবে। এক্ষেত্রে সরকারি সহায়তা, আর্থিক সুবিধা এবং শিল্প সংস্থাগুলির সক্রিয় অংশগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। পুরনো ভবনগুলিকে পরিবেশবান্ধব করে তোলা, বিদ্যুৎ সাশ্রয়ী ব্যবস্থা চালু করা এবং আধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়ানোর ওপরও তিনি বিশেষ জোর দেন। আগামী ১২ মাসের মধ্যে প্রত্যেক অংশগ্রহণকারী সংস্থাকে অন্তত একটি পরিবেশবান্ধব বা নেট জিরো প্রকল্প হাতে নেওয়ার আহ্বান জানান তিনি।
তারইমধ্যে ওই অনুষ্ঠান থেকে 'মাই সিটি আই কেয়ার' পর্বের ‘গ্রিন বেঙ্গল ইনোভেশন চ্যালেঞ্জ’ এই প্রতিযোগিতার মাধ্যমে উঠে আসা ১০টি সেরা ভাবনার মধ্যে থেকে সেরা পাঁচটি প্রকল্প বিশেষভাবে প্রদর্শিত হয় এবং বিজয়ীদের পুরস্কৃত করেন শিল্পমন্ত্রী।
E-Paper

