Sports Injuries Treatment: 'ছোটো সমস্যাই মারাত্মক আকার নেয়', খেলাধুলোর চোট লাগলে কোন কোন বিষয় এড়াবেন না?
Sports Injuries Treatment: খেলার মাঠে চোট-আঘাত কাটিয়ে ওঠা এবং নিরাপদে দীর্ঘমেয়াদে মাঠে ফেরার ক্ষেত্রে অস্ত্রোপচার বা চিকিৎসার পাশাপাশি প্রতিরোধমূলক সচেতনতা ও সমন্বিত পুনর্বাসন কতটা জরুরি, তা নিয়ে পরামর্শ দিলেন চিকিৎসকরা।
Sports Injuries Treatment: খেলার মাঠে চোট-আঘাত একজন ক্রীড়াবিদের কেরিয়ারের গতিপথ বদলে দিতে পারে। সেই চোট কাটিয়ে ওঠা এবং নিরাপদে দীর্ঘমেয়াদে মাঠে ফেরার ক্ষেত্রে অস্ত্রোপচার বা চিকিৎসার পাশাপাশি প্রতিরোধমূলক সচেতনতা ও সমন্বিত পুনর্বাসন কতটা জরুরি, তা নিয়ে পরামর্শ দিলেন চিকিৎসকরা। কলকাতায় আয়োজিত একটি সামিটে পেশি ও অস্থিসন্ধির দীর্ঘমেয়াদি সুস্থতা বজায় রেখে ক্রীড়াবিদদের নিরাপদে প্রতিযোগিতামূলক খেলাধুলায় ফেরাতে বিভিন্ন বিভাগের সম্মিলিত ভূমিকার ওপর বিশেষ জোর দেওয়া হয়।

'ছোটো সমস্যাই পরে মারাত্মক আকার নেয়'
কলকাতার মণিপাল হাসপাতাল আয়োজিত ‘স্পোর্টস ইনজুরি সামিট ২০২৬’-তে আঘাত প্রতিরোধ এবং সামগ্রিক পুনর্বাসনের গুরুত্ব তুলে ধরে ঢাকুরিয়ার মণিপাল হসপিটালের অর্থোপেডিক্স বিভাগের কনসালট্যান্ট কাঞ্চন ভট্টাচার্য বলেন, ‘ক্রীড়াজনিত আঘাতের ক্ষেত্রে অন্যতম বড় চ্যালেঞ্জ হল আঘাত প্রতিরোধ সংক্রান্ত পরিকাঠামো, জ্ঞান ও সচেতনতার চরম অভাব। এর পরেই রয়েছে আঘাত পাওয়ার পর যথাযথ মূল্যায়নের ভিত্তিতে খেলার উপযুক্ত বলে ঘোষিত হওয়া পর্যন্ত অপেক্ষা করার ক্ষেত্রে ক্রীড়াবিদদের অধৈর্য মনোভাব। তরুণ ক্রীড়াবিদরা প্রায়শই হালকা ব্যথা, ফোলাভাব কিংবা অস্থিসন্ধির সামান্য অস্থিতিশীলতাকেও গুরুত্ব দেন না। দুর্ভাগ্যবশত, পরবর্তী সময়ে এই সমস্যাগুলিই গুরুতর আকার ধারণ করতে পারে।’
তিনি আরও বলেন, কোনও আঘাত লাগলে কিংবা শারীরিক কোনও সমস্যার কারণে প্রত্যাশা অনুযায়ী খেলতে না পারলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়ার বিষয়ে তাঁদের প্রশিক্ষিত ও উৎসাহিত করা উচিত। কারণ, এগুলি আরও গুরুতর কোনও সমস্যার প্রাথমিক সতর্কবার্তা হতে পারে, যার জন্য চিকিৎসার প্রয়োজন রয়েছে। ক্রীড়াজনিত প্রতিটি আঘাতের ক্ষেত্রে অস্ত্রোপচারের প্রয়োজন না হলেও সময়মতো রোগ নির্ণয় এবং যথাযথ চিকিৎসা সুস্থ হয়ে ওঠার ক্ষেত্রে উল্লেখযোগ্য ভূমিকা পালন করে।
আত্মবিশ্বাস ও শারীরিক সক্ষমতা ফিরিয়ে আনার উপরে জোর
সেইসঙ্গে তিনি বলেন, ‘পর্যাপ্ত ওয়ার্ম-আপ, পেশির শক্তি বৃদ্ধি, নমনীয়তা বাড়ানোর প্রশিক্ষণ, সঠিক ক্রীড়াকৌশল, খেলাভিত্তিক পুনর্বাসন এবং সুস্থ হয়ে ওঠার জন্য পর্যাপ্ত সময় দেওয়ার মতো প্রতিরোধমূলক পদক্ষেপগুলিও সমান গুরুত্বপূর্ণ। পাশাপাশি, ক্রীড়াবিদদের মানসিক অবস্থার মূল্যায়ন এবং তাঁদের ইতিবাচক মানসিকতা ফিরিয়ে আনাও অত্যন্ত প্রয়োজনীয়। আমাদের উদ্দেশ্য শুধুমাত্র আঘাতের চিকিৎসা করা নয়, বরং তাঁদের আত্মবিশ্বাস ও শারীরিক সক্ষমতা ফিরিয়ে আনার পাশাপাশি পুনরায় আঘাত পাওয়ার সম্ভাবনা কমানো।’
অন্যদিকে বিষয়টি নিয়ে ইএম বাইপাস মণিপাল হসপিটালের অর্থোপেডিক্স বিভাগের ডিরেক্টর ও সিনিয়র কনসালট্যান্ট ড. বিকাশ কাপুর বলেন, ‘বিগত কয়েক বছরে ক্রীড়া চিকিৎসাবিজ্ঞানে উল্লেখযোগ্য পরিবর্তন এসেছে। উন্নত ডায়াগনস্টিক ইমেজিং, আর্থ্রোস্কোপিক প্রযুক্তি এবং ন্যূনতম কাটাছেঁড়ার অস্ত্রোপচার পদ্ধতির অগ্রগতির ফলে আমরা আরও নিখুঁতভাবে জটিল ক্রীড়াজনিত আঘাতের চিকিৎসা করতে সক্ষম হচ্ছি। এসিএল ছিঁড়ে যাওয়া, মেনিস্কাসের ক্ষতি এবং কাঁধের অস্থিসন্ধির অস্থিতিশীলতার মতো সমস্যা, যা একজন ক্রীড়াবিদের পেশাগত জীবনে গুরুতর প্রভাব ফেলতে পারে, বর্তমানে ব্যক্তিকেন্দ্রিক চিকিৎসা এবং পরিকল্পিত পুনর্বাসনের মাধ্যমে কার্যকরভাবে মোকাবিলা করা সম্ভব।’
সেইসঙ্গে তিনি বলেন, ‘তবে শুধুমাত্র অস্ত্রোপচারই সুস্থ হয়ে ওঠার সাফল্য নির্ধারণ করে না। নিরাপদে এবং দীর্ঘমেয়াদে খেলাধুলায় ফিরে আসা নিশ্চিত করতে অস্থিরোগ বিশেষজ্ঞ, ফিজিওথেরাপিস্ট, শারীরিক সক্ষমতা বৃদ্ধির বিশেষজ্ঞ এবং প্রশিক্ষকদের সম্মিলিত ভূমিকা অপরিহার্য। স্পোর্টস ইনজুরি সামিটের মতো উদ্যোগের মাধ্যমে আমরা চিকিৎসক ও ক্রীড়াজগতের মধ্যে পারস্পরিক সহযোগিতা আরও সুদৃঢ় করতে চাই, যাতে ক্রীড়াবিদরা তাঁদের দীর্ঘমেয়াদি শারীরিক সুস্থতার সঙ্গে কোনও আপস না করেই নিজেদের পছন্দের খেলায় এগিয়ে যেতে পারেন।’
কী কী বিষয় মাথায় রাখতে হবে?
১) সামান্য ব্যথা, ফোলাভাব বা অস্থিসন্ধির হালকা অস্বস্তি উপেক্ষা না করে শুরুতেই চিকিৎসকের পরামর্শ নেওয়া প্রয়োজন।
২) কেবল ব্যথা কমে গেলেই মাঠে ফেরার তাড়াহুড়ো না করে পূর্ণাঙ্গ মূল্যায়ন ও ছাড়পত্রের অপেক্ষা করা জরুরি।
৩) আধুনিক ডায়াগনস্টিক ইমেজিং, আর্থ্রোস্কোপিক ও ন্যূনতম কাটাছেঁড়ার অস্ত্রোপচারের পাশাপাশি ব্যক্তিকেন্দ্রিক ও পরিকল্পিত পুনর্বাসন অত্যন্ত কার্যকর।
৪) ওয়ার্ম-আপ, শক্তি ও নমনীয়তার প্রশিক্ষণ, সঠিক ক্রীড়াকৌশল, পর্যাপ্ত বিশ্রাম এবং মানসিক প্রস্তুতি—সব মিলিয়ে অস্থিরোগ বিশেষজ্ঞ, ফিজিওথেরাপিস্ট, ফিটনেস বিশেষজ্ঞ ও প্রশিক্ষকদের সমন্বিত উদ্যোগই নিরাপদ প্রত্যাবর্তনের ভিত্তি।
E-Paper
