China debt crisis: ঋণের ফাঁদে ১০ কোটি মানুষ! শত শত ফোন করেও ফিরছে না টাকা, চিনের অর্থনীতিতে বড় দুঃস্বপ্ন
China debt crisis: হেফেই শহরের এক মাঝারি ঋণ আদায় সংস্থার ব্যবস্থাপক ৩২ বছর বয়সি হুয়াং ইউইং জানান, চিনের গৃহস্থালির এই খেলাপি হওয়ার পেছনে রয়েছে ব্যবসা বন্ধ হয়ে যাওয়া, হঠাৎ চাকরি হারানো এবং আয়ের ব্যাপক পতন। চিনের সামগ্রিক অর্থনৈতিক মন্দা মধ্যবিত্তের সঞ্চয়ে প্রভাব ফেলেছে।
China debt crisis: বিশ্বজুড়ে চিনের পরিচিতি তার আকাশছোঁয়া উৎপাদন ক্ষমতা, সুবিশাল অর্থনৈতিক পরিধি এবং ধনী উদ্যোক্তাদের বিপুল সংখ্যার জন্য। বিশ্বের দ্বিতীয় বৃহত্তম এই অর্থনীতি আন্তর্জাতিক বাণিজ্যেরও এক অন্যতম প্রধান নিয়ন্ত্রক শক্তি। কিন্তু এই চোখধাঁধানো অর্থনৈতিক ক্ষমতার আড়ালেই জন্ম নিচ্ছে এক গভীর ও উদ্বেগজনক সংকট—ব্যক্তিগত ঋণ মেটাতে গিয়ে রীতিমতো নাভিশ্বাস উঠছে চিনের কোটি কোটি সাধারণ মানুষের।

গবেষণা প্রতিষ্ঠান 'গাভেক্যাল ড্রাগোনোমিক্স'-এর রিপোর্টের ওপর ভিত্তি করে ব্লুমবার্গ বিজনেসউইকের সাম্প্রতিক এক সমীক্ষায় দেখা গেছে, চিনের প্রায় ১০ কোটি গ্রাহক ব্যক্তিগত ঋণ পরিশোধ করতে গিয়ে চরম আর্থিক সংকটের মুখে পড়েছেন। পরিস্থিতি এতটাই ঘোরালো যে, ব্যাঙ্ক থেকে এই সমস্ত অনাদায়ী ঋণ জলের দরে কিনে তা পুনরুদ্ধারের ব্যবসা করা সংস্থা ও বিনিয়োগকারীদের নিয়ে সেখানে এখন এক জমজমাট ও বিকল্প বাজার তৈরি হয়েছে। ঋণ সংকটের এই অমানবিক ও করুণ বাস্তব ফুটে উঠছে উহান শহরের ২৩ বছর বয়সি রায়ান হু-র দৈনন্দিন জীবনযাপনে। তিনি একটি ঋণ আদায়কারী (Debt collection) সংস্থায় কর্মরত। প্রতিদিন ৩০০টিরও বেশি ফোনকল করে ঋণখেলাপিদের পেছনে ছুটতে গিয়ে মাঝরাত পেরিয়ে গেলেও অফিস ছাড়তে পারেন না হু।
তিনি যাদের সঙ্গে ফোনে যোগাযোগ করেন, তাঁদের তালিকা দেখলেই সমগ্র চিনের সাধারণ পরিবারগুলির আর্থিক দুরবস্থার প্রকৃত চিত্র স্পষ্ট হয়ে ওঠে। তাঁদের মধ্যে রয়েছেন এক রেস্তোরাঁ মালিক, কোভিড অতিমারির পর যাঁর ব্যবসা আর ঘুরে দাঁড়াতে পারেনি; রয়েছে এক দম্পতি, রিয়েল এস্টেট মন্দার জেরে যাঁদের দুজনেরই চাকরি গেছে; এবং এমন বহু সদ্য গ্র্যাজুয়েট হওয়া তরুণ-তরুণী, যাঁরা মাসের পর মাস চেষ্টা করেও চাকরি না পেয়ে ফ্ল্যাটের ভাড়া ও দৈনন্দিন খরচের টাকা জোগাড় করতেই হিমশিম খাচ্ছেন। হু জানান, অর্থনীতিতে তৈরি হওয়া ধীরগতির প্রত্যক্ষ প্রভাব তাঁর কাজের মাধ্যমে স্পষ্ট ফুটে উঠছে।
গ্রাহক ঋণের এই সংকটের গভীরতা বোঝা যায় চিনের লাফিয়ে বাড়া অনাদায়ী ঋণের (Unpaid consumer loans) বাজার দেখলে। ২০২১ সালে যখন চিনের কেন্দ্রীয় ব্যাঙ্ক প্রথমবারের মতো বাণিজ্যিক ব্যাঙ্কগুলিকে তাদের অনাদায়ী গ্রাহক ঋণ প্যাকেটজাত করে বিক্রি করার অনুমতি দেয়, তখন সেই বছরের শেষে প্রায় ১৮.৬ বিলিয়ন ইউয়ান (প্রায় ২.৮ বিলিয়ন মার্কিন ডলার) মূল্যের ঋণ ব্যাঙ্ক ব্যালেন্স শিট থেকে সরিয়ে ‘ডিস্ট্রেসড-অ্যাসেট’ বা আর্থিক দুরবস্থায় থাকা সম্পদ ব্যবস্থাপনা সংস্থাগুলির কাছে বিক্রি করা হয়েছিল। শেনঝেন-ভিত্তিক সম্পদ মূল্যায়ন সংস্থা রুইইউনিয়ন ক্রেডিট প্ল্যাটফর্মের তথ্য অনুযায়ী, ২০২৫ সালের শেষ নাগাদ সেই ঋণের পরিমাণ ২০ গুণেরও বেশি বেড়ে পৌঁছে গেছে প্রায় ৪৫৪ বিলিয়ন ইউয়ানে।
চিনের এই মন্দ ঋণের (Bad-debt) বাজারে মূলত জামানতবিহীন ঋণ (Unsecured loans), যেমন ক্রেডিট কার্ডের বকেয়া এবং ব্যক্তিগত ঋণই কেনাবেচা হয়। হোম লোন বা গাড়ি কেনার ঋণ এর আওতামুক্ত রাখা হয়, কারণ সম্পত্তি বা গাড়ি বাজেয়াপ্ত করে অর্থ আদায়ের সুযোগ ব্যাঙ্কগুলির হাতে থাকে। অনাদায়ী ঋণের পাহাড় তৈরি হওয়ায় ব্যাঙ্কগুলির কাজের ধরনেও বড় বদল এসেছে। আগে যেখানে ত্রৈমাসিকে একবার এই ধরনের খারাপ ঋণ বিক্রি করা হতো, ব্লুমবার্গের রিপোর্ট অনুযায়ী এখন বহু ব্যাঙ্ক প্রতি মাসেই তা নিলামে তুলে খাতা পরিষ্কার করার চেষ্টা করছে।
কেন সাধারণ মানুষ ঋণ পরিশোধে ব্যর্থ হচ্ছেন?
এই সমস্যা নিছক অতিরিক্ত খরচ বা লাগামছাড়া ঋণের কারণে তৈরি হয়নি। হেফেই শহরের এক মাঝারি ঋণ আদায় সংস্থার ব্যবস্থাপক ৩২ বছর বয়সি হুয়াং ইউইং জানান, চিনের গৃহস্থালির এই খেলাপি হওয়ার পেছনে রয়েছে ব্যবসা বন্ধ হয়ে যাওয়া, হঠাৎ চাকরি হারানো এবং আয়ের ব্যাপক পতন। চিনের সামগ্রিক অর্থনৈতিক মন্দা মধ্যবিত্তের সঞ্চয়ে প্রভাব ফেলেছে। এর ওপর রিয়েল এস্টেট খাতের পতন ও কর্মসংস্থানের অভাব পরিস্থিতি আরও জটিল করে তুলেছে। উপার্জনের একটা বড় অংশ ঋণের কিস্তি মেটাতেই চলে যাচ্ছে, অন্যদিকে ব্যাঙ্কগুলিও নতুন ঋণ দেওয়ার ক্ষেত্রে অত্যন্ত সতর্ক রয়েছে।
চলতি বছর অনলাইন প্ল্যাটফর্মগুলির মাধ্যমে দেওয়া ছোট ঋণের ওপর নিয়ন্ত্রকদের কড়া নজরদারি শুরু হওয়ার পর পরিস্থিতি আরও খারাপ হয়েছে। নতুন ঋণে গড় সুদের হার ২০ শতাংশের নিচে রাখার নির্দেশ দেওয়া হয়েছে। এর ফলে এক প্ল্যাটফর্ম থেকে ঋণ নিয়ে অন্য প্ল্যাটফর্মের ঋণ শোধ করার যে ফাঁদ বহু গ্রাহক চালাচ্ছিলেন, সেই পথ হঠাৎ বন্ধ হয়ে গেছে।চিনের সরকারি ব্যাঙ্কিং তথ্য অনুযায়ী, পরিবারগুলির ঋণের ক্ষেত্রে খেলাপির হার ৩ শতাংশের কম, যা মার্কিন যুক্তরাষ্ট্রের ৪.৭ শতাংশের চেয়ে কম দেখাচ্ছে। কিন্তু বিশ্লেষকদের মতে, সরকারি এই পরিসংখ্যানে আসল সংকট ধরা পড়ছে না। কারণ বহু ঋণগ্রহীতা ঋণের মেয়াদ বাড়িয়ে, পুনর্অর্থায়ন করে বা পরিবারের সাহায্য নিয়ে কোনওমতে কিস্তি চালিয়ে যাচ্ছেন। তাছাড়া চিনে কোনও জাতীয় স্তরের ব্যক্তিগত দেউলিয়া আইন (Personal bankruptcy law) নেই, যার মাধ্যমে কোনও ব্যক্তি নিজেকে দেউলিয়া ঘোষণা করে ঋণ পুনর্গঠন বা মকুবের সুবিধা পেতে পারেন।
E-Paper

