Thailand Fire: দাউ দাউ করে জ্বলছে বহুতল! থাইল্যান্ডের জনপ্রিয় পর্যটনকেন্দ্রে বিধ্বংসী অগ্নিকাণ্ড, মৃত্যুমিছিল

Thailand Fire: সোমবার ভোররাতে নাগাদ ফুকেটের পাটং এলাকায় ফাং মুয়াং সাই কোর রোডে একটি চারতলা বাণিজ্যিক ভবনে আগুন লাগে।

Published on: Nov 16, 2026, 12:12:26 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
Copy link
  • copy link

Thailand Fire: ভোররাতে ভয়াবহ অগ্নিকাণ্ড থাইল্যান্ডের জনপ্রিয় পর্যটনস্থলে। থাইল্যান্ডের দক্ষিণাঞ্চলীয় পর্যটন দ্বীপ ফুকেটে একটি চারতলা বাণিজ্যিক ভবনে অগ্নিকাণ্ডে অন্তত ১১ জনের মৃত্যু হয়েছে। পাশাপাশি এই ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ১৬ জন। সোমবার স্থানীয় সময় ভোরে এ ঘটনা ঘটেছে বলে বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছে থাই পুলিশ। হতাহতদের মধ্যে কোনও পর্যটক নেই বলে জানা যাচ্ছে। এই নিয়ে মাত্র ৪ মাসের ব্যবধানে দ্বিতীয়বার ভয়ংকর অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল থাইল্যান্ডের জনপ্রিয় পর্যটন কেন্দ্রে।

থাইল্যান্ডের জনপ্রিয় পর্যটনকেন্দ্রে বিধ্বংসী অগ্নিকাণ্ড
থাইল্যান্ডের জনপ্রিয় পর্যটনকেন্দ্রে বিধ্বংসী অগ্নিকাণ্ড

সংবাদমাধ্যম সূত্রে জানা যাচ্ছে, সোমবার ভোররাতে নাগাদ ফুকেটের পাটং এলাকায় ফাং মুয়াং সাই কোর রোডে একটি চারতলা বাণিজ্যিক ভবনে আগুন লাগে। প্রাথমিক তদন্তে জানা যাচ্ছে, ওই ভবনের সামনে একটি বৈদ্যুতিক ট্রান্সফরমারে বিস্ফোরণ হয়। সেখান থেকেই ছড়িয়ে পড়ে আগুন। বাণিজ্যিক ওই ভবনের নিচ তলায় ছিল একটি মোটরবাইক ভাড়া ও বিক্রির দোকান। সেখানেই প্রথম আগুন লাগে। এরপর পাশের আরও চারটি দোকানে ছড়িয়ে পড়ে আগুন। দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় দমকল বাহিনী। যদিও আগুন নিয়ন্ত্রণে আনতে প্রায় ২ ঘণ্টা সময় লাগে। থাই কর্তৃপক্ষ জানিয়েছে, স্থানীয় সময় ভোররাত ৩টে ১৭ মিনিটে আগুনের সূত্রপাত হয়। দমকল কর্মীরা প্রায় দুই ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন।

পুলিশ নিশ্চিত করেছে, হতাহতদের মধ্যে কোনও বিদেশি পর্যটক নেই। পুলিশের তরফে জানা যাচ্ছে, নিচতলায় অগ্নিকাণ্ডের জেরে উপরে আটকে পড়েন বাসিন্দারা। ব্যাপক ধোঁয়ার জেরে দমবন্ধ হয়ে মৃত্যু হয় অন্তত ১১ জনের। মৃতদের মধ্যে রয়েছেন ৮ জন মহিলা, ৩ জন পুরুষ। এদের মধ্যে ১০ জনই থাইল্যান্ডের বাসিন্দা এবং একজন মায়ানমারের। পাশাপাশি, আহত ১৬ জনের মধ্যে ১৫ জনই থাইল্যান্ডের নাগরিক। তাঁদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। প্রাথমিক তদন্তে শর্ট সার্কিট থেকে এই অগ্নিকাণ্ড বলে জানা যাচ্ছে। তবে অগ্নিকাণ্ডের সঠিক কারণ এখনও জানা যায়নি, এ বিষয়ে তদন্ত চলছে।

উল্লেখ্য, চারমাস আগে ব্যাংককের উপকন্ঠে একটি বারে এমনই ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। সেই ঘটনায় মৃত্যু হয়েছিল ২৭ জনের। এরপরই থাইল্যান্ডের বার ও নাইটক্লাবগুলির অগ্নি নিরাপত্তা নিয়ে প্রশ্ন ওঠে। ফুকেটের এই অগ্নিকাণ্ডে পর্যটকের নিরাপত্তা নিয়ে ফের একবার গুরুতর প্রশ্ন তুলল।