ভুয়ো আদালতের নির্দেশে ১২৯টি ওয়েবসাইট বন্ধ! হাইকোর্টের সিল-স্বাক্ষর নকল কীভাবে
রয়টার্সের এক অনুসন্ধানী প্রতিবেদনে উঠে এসেছে, রাজস্থান হাইকোর্ট এবং এলাহাবাদ হাইকোর্টের নামে দুটি ভুয়ো নির্দেশ তৈরি করে টেলিকম দফতরের কাছে পাঠানো হয়েছিল।
আদালতের ভুয়ো নির্দেশ, নকল সিলমোহর এবং জাল স্বাক্ষর! আর সেই নথির উপর ভিত্তি করেই কেন্দ্রীয় সরকারের টেলিকম দফতরের নির্দেশে বন্ধ হয়ে গেল ১২৯টি ওয়েবসাইট। গোটা ঘটনায় সামনে এসেছে এক চাঞ্চল্যকর প্রতারণার ছবি। আরও উদ্বেগের বিষয়, প্রতারকরা শুধু আদালতের নাম ব্যবহার করেই থেমে থাকেনি, বরং আদালতের আসল নির্দেশের মতো দেখতে নথি তৈরি করে সরকারি দফতরকেও বিভ্রান্ত করেছে। ঘটনাটি সামনে আসতেই দেশের বিচারব্যবস্থা এবং সরকারি প্রশাসনের নথি যাচাইয়ের প্রক্রিয়া নিয়ে বড়সড় প্রশ্ন উঠতে শুরু করেছে।

রয়টার্সের এক অনুসন্ধানী প্রতিবেদনে উঠে এসেছে, রাজস্থান হাইকোর্ট এবং এলাহাবাদ হাইকোর্টের নামে দুটি ভুয়ো নির্দেশ তৈরি করে টেলিকম দফতরের কাছে পাঠানো হয়েছিল। সেই নথিগুলিকে সত্যি বলে বিশ্বাস করে কেন্দ্রীয় টেলিযোগাযোগ দফতর বা ডিপার্টমেন্ট অফ টেলিকমিউনিকেশনস (DoT) ইন্টারনেট পরিষেবা প্রদানকারী সংস্থাগুলিকে ১২৯টি ওয়েবসাইট বন্ধ করার নির্দেশ দেয়। এই ওয়েবসাইটগুলির অধিকাংশই অনলাইন বেটিং এবং জুয়ার সঙ্গে যুক্ত বলে জানা গিয়েছে।
প্রথম ঘটনাটি রাজস্থান হাইকোর্টকে ঘিরে। অভিযোগ, ১৯ জুলাই রাত ৮টা ৫৯ মিনিটে আদালতের নির্দেশ বলে একটি নথি ইমেলের মাধ্যমে টেলিকম দফতরে পাঠানো হয়। সেখানে 'আরিয়ান চৌধুরী' নামে এক ব্যক্তি নিজেকে অ্যাডভোকেট-অন-রেকর্ড হিসেবে পরিচয় দিয়েছিলেন। ওই নথিতে আদালতের নীল রঙের সিল এবং জাতীয় প্রতীকও ব্যবহার করা হয়েছিল। নির্দেশ অনুযায়ী, ২৪ ঘণ্টার মধ্যে ৩৪টি বেটিং ওয়েবসাইট বন্ধ করার কথা বলা হয়। সেই নথির ভিত্তিতেই ২১ জুলাই সংশ্লিষ্ট ওয়েবসাইটগুলি বন্ধ করার নির্দেশ দেয় টেলিকম দফতর। পরে রাজস্থান হাইকোর্ট স্পষ্ট জানিয়ে দেয়, ওই নির্দেশ তাদের আদালত থেকে জারি করা হয়নি। আদালতের সার্ভারেও এমন কোনও নির্দেশের অস্তিত্ব নেই।
দ্বিতীয় ঘটনাটি আরও গুরুতর। এবার প্রতারকদের নিশানায় এলাহাবাদ হাইকোর্ট। ১৪ অগস্ট, ২০২৬ তারিখের একটি ভুয়ো নির্দেশ তৈরি করা হয়। সেখানে বিচারপতি গরিমা প্রসাদের নাম ব্যবহার করে ৯৫টি ওয়েবসাইট বন্ধের নির্দেশ দেওয়া হয়েছিল। 'কার্তিকেয় পাণ্ডে' নামে এক ব্যক্তি নিজেকে আইনজীবী পরিচয় দিয়ে ২২ অগস্ট সেই নথি সরকারি আধিকারিকদের কাছে পাঠান। এরপর ২ সেপ্টেম্বর টেলিকম দফতর ৯৫টি ওয়েবসাইট বন্ধ করার নির্দেশ দেয়।
বিষয়টি সামনে আসে রয়টার্সের সাংবাদিকদের অনুসন্ধানের পর। ৩০ অক্টোবর ওই নির্দেশের সত্যতা যাচাই করতে এলাহাবাদ হাইকোর্টের প্রশাসনের কাছে প্রশ্ন পাঠানো হয়। এরপর আদালতের প্রধান বিচারপতির নির্দেশে নথির সত্যতা যাচাই শুরু হয়। আদালতের কম্পিউটার বিভাগ ও ডিজিটাল রেকর্ড পরীক্ষা করে জানা যায়, নির্দেশে উল্লেখ করা রিট পিটিশন নম্বর ৩০৪৮০/২০২৬-এর কোনও অস্তিত্ব আদালতের নথিতে নেই। এমনকী ১৪ অগস্ট ওই মামলায় কোনও নির্দেশও জারি হয়নি। সংশ্লিষ্ট বিচারপতির ব্যক্তিগত সচিবও নিশ্চিত করেন, এমন কোনও নির্দেশ বিচারপতি দেননি।
এরপর ৫ নভেম্বর আদালতের তরফে পুলিশি পদক্ষেপের নির্দেশ দেওয়া হয়। ৬ নভেম্বর প্রয়াগরাজের ক্যান্ট থানায় অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের বিরুদ্ধে প্রতারণা, জালিয়াতি এবং জাল নথি ব্যবহারের অভিযোগে এফআইআর দায়ের হয়। ভারতীয় ন্যায় সংহিতার একাধিক ধারার পাশাপাশি তথ্যপ্রযুক্তি আইনের ধারাতেও তদন্ত শুরু হয়েছে। পুলিশ এখন ইমেল, আইপি অ্যাড্রেস এবং ব্যবহৃত কম্পিউটার ব্যবস্থার সূত্র ধরে অভিযুক্তদের খোঁজ করছে।
সব মিলিয়ে দুটি ভুয়ো আদালতের নির্দেশে মোট ১২৯টি ওয়েবসাইট বন্ধ হয়ে যাওয়ার ঘটনায় প্রশাসনিক নিরাপত্তা নিয়ে বড়সড় প্রশ্ন উঠেছে। কে বা কারা এই জালিয়াতির পিছনে রয়েছে, তা এখনও স্পষ্ট নয়। এই ঘটনায় কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই ব্যবহার করা হয়েছিল কি না, তারও কোনও নিশ্চিত প্রমাণ মেলেনি। তবে আদালতের সিলমোহর এবং বিচারপতির নাম নকল করে সরকারি ব্যবস্থাকে এভাবে বিভ্রান্ত করার ঘটনা দেশের সাইবার নিরাপত্তার ক্ষেত্রে যথেষ্ট উদ্বেগজনক বলেই মনে করছে সংশ্লিষ্ট মহল।
ABOUT THE AUTHORAbhijit Chowdhury২০২১ সাল থেকে হিন্দুস্তান টাইমস বাংলার সঙ্গে যুক্ত রয়েছেন অভিজিৎ চৌধুরী। ২০১৮ সালে সালে তাঁর পেশাদার জীবনের শুরু। জাতীয়, আন্তর্জাতিক বিষয়, বাংলার রাজনীতি এবং খেলাধুলোর বিষয়ে লেখার ক্ষেত্রে ৮ বছরের অভিজ্ঞতা রয়েছে তাঁর। আন্তর্জাতিক ক্ষেত্রে আমেরিকা, পাকিস্তান এবং বাংলাদেশের বিষয়ে তাঁর আগ্রহ সবচেয়ে বেশি। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর ডিগ্রি পাশ করেই সাংবাদিকতার জগতে প্রবেশ করেছেন অভিজিৎ। হিন্দুস্তান টাইমস বাংলায় যোগদানের আগে ওয়ানইন্ডিয়া এবং ইটিভি ভারতে কাজ করার অভিজ্ঞতা রয়েছে অভিজিতের। এছাড়া আকাশবাণীতে রেডিও জকি হিসেবেও কাজ করেছিলেন তিনি। খবরের জগৎ ছাড়া খেলাধুলো, ইতিহাসে অভিজিতের আগ্রহ রয়েছে। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন নিয়ে অভিজিৎ তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন আশুতোষ কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: ক্রিকেট, ফুটবল, টেনিস ছাড়া প্রায় সব ধরনের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বই পড়ে এবং বিভিন্ন বিষয়ে ডকুমেন্টারি দেখে।Read More
E-Paper


