২০২১ সাল থেকে হিন্দুস্তান টাইমস বাংলার সঙ্গে যুক্ত রয়েছেন অভিজিৎ চৌধুরী। ২০১৮ সালে সালে তাঁর পেশাদার জীবনের শুরু। জাতীয়, আন্তর্জাতিক বিষয়, বাংলার রাজনীতি এবং খেলাধুলোর বিষয়ে লেখার ক্ষেত্রে ৮ বছরের অভিজ্ঞতা রয়েছে তাঁর। আন্তর্জাতিক ক্ষেত্রে আমেরিকা, পাকিস্তান এবং বাংলাদেশের বিষয়ে তাঁর আগ্রহ সবচেয়ে বেশি। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর ডিগ্রি পাশ করেই সাংবাদিকতার জগতে প্রবেশ করেছেন অভিজিৎ। হিন্দুস্তান টাইমস বাংলায় যোগদানের আগে ওয়ানইন্ডিয়া এবং ইটিভি ভারতে কাজ করার অভিজ্ঞতা রয়েছে অভিজিতের। এছাড়া আকাশবাণীতে রেডিও জকি হিসেবেও কাজ করেছিলেন তিনি। খবরের জগৎ ছাড়া খেলাধুলো, ইতিহাসে অভিজিতের আগ্রহ রয়েছে। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন নিয়ে অভিজিৎ তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন আশুতোষ কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: ক্রিকেট, ফুটবল, টেনিস ছাড়া প্রায় সব ধরনের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বই পড়ে এবং বিভিন্ন বিষয়ে ডকুমেন্টারি দেখে।
ট্রাম্পের আমলে আমেরিকায় ৪ বছরে ১৩৮৯ ভারতীয় শিশু হেফাজতে! দেশে ফেরানো হয়নি কাউকেই, অভিবাসন নীতির কড়াকড়িতে উদ্বেগ
প্রতিবেদন অনুযায়ী, ২০২৩ অর্থবর্ষ থেকে ২০২৬ অর্থবর্ষ পর্যন্ত আমেরিকায় মোট ১,৩৮৯ জন অভিভাবকহীন ভারতীয় শিশুকে শনাক্ত করে হেফাজতে নেওয়ার তথ্য সামনে এসেছে। মার্কিন কর্তৃপক্ষের পরিসংখ্যান বলছে, ২০২৩ অর্থবর্ষে এই সংখ্যা ছিল ৭৩০। ২০২৪ সালে তা কমে দাঁড়ায় ৫১৭।
অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কঠোর নীতির প্রভাব এবার ভারতীয় শিশুদের উপরেও। গত চার বছরে আমেরিকায় অভিভাবকহীন অবস্থায় থাকা বা সীমান্ত পেরিয়ে আসা মোট ১,৩৮৯ জন ভারতীয় নাবালককে হেফাজতে নিয়েছে মার্কিন কর্তৃপক্ষ। চাঞ্চল্যকর বিষয়, এই শিশুদের এখনও ভারতে ফেরত পাঠানো হয়নি বলে প্রকাশিত রিপোর্টে দাবি করা হয়েছে। আমেরিকার কাস্টমস অ্যান্ড বর্ডার প্রোটেকশন (CBP)-এর পরিসংখ্যানে উঠে এসেছে এই তথ্য। অন্যদিকে ট্রাম্প প্রশাসনের অভিবাসনবিরোধী অভিযান যত কঠোর হচ্ছে, আমেরিকায় একা প্রবেশ করা ভারতীয় শিশুদের সংখ্যা ততই কমছে।
লাইভ হিন্দুস্তানের প্রতিবেদন অনুযায়ী, ২০২৩ অর্থবর্ষ থেকে ২০২৬ অর্থবর্ষ পর্যন্ত আমেরিকায় মোট ১,৩৮৯ জন অভিভাবকহীন ভারতীয় শিশুকে শনাক্ত করে হেফাজতে নেওয়ার তথ্য সামনে এসেছে। মার্কিন কর্তৃপক্ষের পরিসংখ্যান বলছে, ২০২৩ অর্থবর্ষে এই সংখ্যা ছিল ৭৩০। ২০২৪ সালে তা কমে দাঁড়ায় ৫১৭। ২০২৫ সালে ৯১ এবং ২০২৬ সালে ৫১ জন ভারতীয় নাবালককে এমন অবস্থায় পাওয়া যায়। অর্থাৎ চার বছরে সংখ্যাটি উল্লেখযোগ্যভাবে কমেছে।
সবচেয়ে উল্লেখযোগ্য পরিসংখ্যান উঠে এসেছে ২০২৬ সালের অক্টোবর মাসের। আমেরিকার ২০২৭ অর্থবর্ষের প্রথম মাসে মাত্র দু’জন ভারতীয় অভিভাবকহীন শিশুর সন্ধান পেয়েছে মার্কিন কর্তৃপক্ষ। ফলে একদিকে যেমন অতীতে বিপুল সংখ্যায় ভারতীয় নাবালকের আমেরিকায় প্রবেশের ঘটনা সামনে এসেছে, অন্যদিকে সাম্প্রতিক সময়ে সেই প্রবণতা অনেকটাই কমেছে।
শুধু ভারতীয় শিশু নয়, অন্যান্য দেশের অভিভাবকহীন নাবালকদের ক্ষেত্রেও একই প্রবণতা দেখা যাচ্ছে। মার্কিন পরিসংখ্যান অনুযায়ী, ২০২৪ অর্থবর্ষে বিভিন্ন দেশের প্রায় ১ লক্ষ ১০ হাজার অভিভাবকহীন শিশুকে শনাক্ত করা হয়েছিল। ২০২৫ সালে তা কমে ২৯ হাজার ৫৮৪ এবং ২০২৬ সালে ৯ হাজার ১৯০ হয়েছে। অক্টোবর ২০২৬-এ এই সংখ্যা ছিল ৭২২।
কেন এই বিপুল পতন? অভিবাসন সংক্রান্ত নেটওয়ার্কের সঙ্গে যুক্ত ব্যক্তিদের মতে, ট্রাম্প প্রশাসনের কঠোর সীমান্তনীতি এবং দ্রুত দেশ থেকে বহিষ্কারের পদক্ষেপ এর অন্যতম কারণ হতে পারে। আগে পরিবারের সদস্যদের আমেরিকায় স্থায়ী বসবাসের সুযোগ তৈরি করতে নাবালকদের একা পাঠানোর প্রবণতা ছিল বলে অভিযোগ। এমনকী শিশুদের ‘গ্রিন কার্ড আনার মাধ্যম’ হিসেবেও ব্যবহার করা হত বলে দাবি করেছেন অভিবাসন প্রক্রিয়ার সঙ্গে যুক্ত ব্যক্তিরা। তবে এই অভিযোগের কোনও সর্বজনীন প্রমাণ প্রতিবেদনে দেওয়া হয়নি।
এদিকে ট্রাম্প প্রশাসনের বহিষ্কার অভিযান থেকে রেহাই পাচ্ছেন না প্রাপ্তবয়স্ক ভারতীয় অভিবাসীরাও। ২০২৬ সালের জানুয়ারিতে প্রকাশিত নিউ ইয়র্ক টাইমসের একটি রিপোর্টের উল্লেখ করে লাইভ হিন্দুস্তান জানিয়েছে, ট্রাম্প প্রশাসন প্রায় ২ লক্ষ ৫০ হাজার মানুষকে আমেরিকা থেকে বহিষ্কার করেছে। তাঁদের মধ্যে প্রায় ৪,৮০০ জন ভারতীয়। অনেক ভারতীয়কে হাতকড়া ও পায়ে শিকল পরিয়ে দেশে ফেরানো হয়েছে বলেও অভিযোগ রয়েছে।
অন্যদিকে, ২০২৬ অর্থবর্ষে আমেরিকার সীমান্তে ভারতীয় নাগরিকদের নিয়ে ৩০ হাজার ৫২৮টি এনকাউন্টার নথিভুক্ত হয়েছে। ২১টি দেশের মধ্যে এই তালিকায় ভারতের স্থান তৃতীয়। প্রথম ও দ্বিতীয় স্থানে রয়েছে যথাক্রমে মেক্সিকো ও কানাডা। উল্লেখযোগ্যভাবে, সম্প্রতি মধ্যবর্তী নির্বাচনের পর অভিবাসীদের বিরুদ্ধে অতিরিক্ত কঠোরতা দেখানোর কথা স্বীকার করেছেন ট্রাম্প। তাঁর বক্তব্য, যাঁরা আমেরিকার অর্থনীতিতে অবদান রাখছিলেন, তাঁদেরও এই অভিযানের নিশানা হতে হয়েছে। সব মিলিয়ে, আমেরিকার অভিবাসন নীতি ভারতীয় পরিবারগুলির কাছে নতুন উদ্বেগের কারণ হয়ে উঠেছে। বিশেষ করে অভিভাবকহীন নাবালকদের ভবিষ্যৎ, তাঁদের আইনি অবস্থান এবং নিরাপত্তা নিয়ে প্রশ্ন বাড়ছে।
E-Paper
