Horrific Accident: উপত্যকায় বীভৎস দুর্ঘটনা! পাহাড় থেকে খাদে পড়ল যাত্রীবাহী বাস, মৃত্যুমিছিল

Horrific Accident: দুর্ঘটনার পর পরই কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিং উধমপুরের জেলা কালেক্টর (ডিসি) মিঙ্গা শেরপার সঙ্গে কথা বলেছেন এবং সম্ভাব্য সব ধরনের সহায়তা প্রদানের আশ্বাস দিয়েছেন।

Published on: Apr 20, 2026 12:03 PM IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

Horrific Accident: আবারও জম্মু ও কাশ্মীরে ভয়াবহ দুর্ঘটনার কবলে যাত্রীবাহী বাস। উপত্যকার উধমপুর জেলায় সোমবার সকালে একটি যাত্রীবাহী বাস পাহাড় থেকে গড়িয়ে খাদে পড়ে অন্তত ১৪ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও ১৮ জন যাত্রী। জানা গিয়েছে, যাত্রীবাহী বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে গভীর খাদে পড়ে গেলে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

উপত্যকায় বীভৎস দুর্ঘটনা! (HT Photo by Ravi Krishnan Khajuria)
উপত্যকায় বীভৎস দুর্ঘটনা! (HT Photo by Ravi Krishnan Khajuria)

স্থানীয় সূত্রে খবর, এদিন সকাল প্রায় ১০টা নাগাদ বাসটি রামনগর থেকে উধমপুরের উদ্দেশে রওনা হয়েছিল। মাঝ রাস্তায়, রাম নগর এলাকার কাগোর্ট গ্রামের কাছে পাহাড়ি রাস্তায় একটি বিপজ্জনক বাঁক ঘোরার সময় চালক বাসটির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। মুহূর্তের মধ্যে বাসটি রাস্তা থেকে ছিটকে উল্টে যায় এবং প্রায় ১০০ ফুটের পাহাড়ি ঢাল বেয়ে নিচে গভীর খাদে পড়ে যায়। দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়তেই এলাকায় চাঞ্চল্য ছড়ায়। দ্রুত শুরু হয় উদ্ধার অভিযান। সেনাবাহিনী, পুলিশ এবং স্থানীয় বাসিন্দারা একযোগে উদ্ধারকাজে অংশ নেন। দুর্ঘটনাস্থল থেকে আহত যাত্রীদের দ্রুত উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে পাঠানো হয়। চিকিৎসকদের মতে, বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।

এদিকে, দুর্ঘটনার পর পরই কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিং উধমপুরের জেলা কালেক্টর (ডিসি) মিঙ্গা শেরপার সঙ্গে কথা বলেছেন এবং সম্ভাব্য সব ধরনের সহায়তা প্রদানের আশ্বাস দিয়েছেন। এক্স পোস্টে তিনি লিখেছেন, 'এক ঘণ্টারও কম সময় আগে রামনগর থেকে উধমপুরগামী একটি বাস দুর্ঘটনার কবলে পড়ে ৷ কানোতে গ্রামে ঘটা মর্মান্তিক সড়ক দুর্ঘটনার খবর পেয়ে এইমাত্র উধমপুরের ডিসি শ্রী মিঙ্গা শেরপার সঙ্গে কথা বললাম। অবিলম্বে উদ্ধার অভিযান শুরু করা হয়েছে। ব্যাপক হতাহতের আশঙ্কা করা হচ্ছে। সম্ভাব্য সব ধরনের সহায়তা প্রদান করা হচ্ছে। আহতদের চিকিৎসার জন্য স্থানান্তর করা হবে। গুরুতর আহতদের আকাশপথে স্থানান্তরের ব্যবস্থা করা হচ্ছে। আমি স্থানীয় প্রশাসন এবং শ্রী রাজিন্দর শর্মার নেতৃত্বে আমাদের স্থানীয় কর্মী দলের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখছি।'

অন্যদিকে, এই দুর্ঘটনাকে 'হৃদয়বিদারক' আখ্যা দিয়ে জম্মু ও কাশ্মীরের লেফটেন্যান্ট গভর্নর মনোজ সিনহা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এবং স্বাস্থ্য দফতরকে ক্ষতিগ্রস্তদের সব ধরনের সহায়তা প্রদানের নির্দেশ দিয়েছেন। তিনি এক্স প্ল্যাটফর্মে এক পোস্টে লিখেছেন, 'উধমপুরে ঘটে যাওয়া এই মর্মান্তিক সড়ক দুর্ঘটনা অত্যন্ত হৃদয়বিদারক। শোকসন্তপ্ত পরিবারগুলোর প্রতি রইল আমার গভীর সমবেদনা। ঈশ্বর তাঁদের শোক সইবার শক্তি দিন। আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি। আমি জেলা প্রশাসন, পুলিশ, এসডিআরএফ এবং স্বাস্থ্য দফতরকে নির্দেশ দিয়েছি যেন ক্ষতিগ্রস্তদের সব ধরনের সম্ভাব্য সহায়তা প্রদান করা হয়।' মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ এই সড়ক দুর্ঘটনায় 'গভীর শোক' প্রকাশ করেছেন। তাঁর দফতর থেকে প্রকাশিত এক বিবৃতিতে জানানো হয়েছে, মুখ্যমন্ত্রী নিশ্চিত করেছেন যে, শোকের এই মুহূর্তে সরকার ক্ষতিগ্রস্ত ও তাঁদের পরিবারের পাশে রয়েছেন এবং তাঁদের সব ধরনের প্রয়োজনীয় সহায়তা দেওয়া হচ্ছে।