India-Bangladesh Relations: সম্পর্ক দৃঢ় করায় লক্ষ্য! ভারত থেকে আসবে রেলের ব্রডগেজ কোচ, বড় ঘোষণা বাংলাদেশের রেলমন্ত্রীর
India-Bangladesh Relations: বাংলাদেশের রেলপথমন্ত্রী জানান, বর্তমানে ঢাকা থেকে উত্তরবঙ্গের জেলাগুলোর সঙ্গে ১৫টি আন্তনগর ট্রেন চালু আছে। ভারত থেকে কোচগুলো আসা শুরু হলে উত্তরবঙ্গের কিছু জেলাতে আন্তনগর ট্রেনের সংখ্যা বাড়ানো সম্ভব হবে।
India-Bangladesh Relations: ২০২৪ সালের ৫ অগস্ট শেখ হাসিনার আওয়ামী লিগ সরকারের পতনের পর থেকে বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্কের ক্রমশ অবনতি হয়েছে ৷ তবে গত বছর বিএনপি চেয়ারম্যান তারেক রহমান ১৭ বছর পর দেশে ফিরে জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করেন এবং জয়ী হয়ে প্রধানমন্ত্রী হন ৷ এরপর থেকেই ভারতের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নতির উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ৷ সম্প্রতি তিন দিনের সফরে ভারতে এসেছিলেন বাংলাদেশের বিদেশমন্ত্রী খলিলুর রহমান। আর এরপরেই আগামী জুন মাস থেকে ২০২৭ সালের ডিসেম্বর পর্যন্ত সময়ে ভারত থেকে বাংলাদেশে রেলওয়ের ২০০টি ব্রডগেজ ক্যারেজ আসবে বলে জানালেন সে দেশের সড়ক পরিবহন ও রেলপথমন্ত্রী শেখ রবিউল আলম।
বড় ঘোষণা বাংলাদেশের রেলমন্ত্রীর (সৌজন্যে ফেসবুক )
বৃহস্পতিবার জাতীয় সংসদে একাধিক সংসদ সদস্যের প্রশ্নের জবাবে রেলপথ মন্ত্রী বাংলাদেশ রেলওয়ের বর্তমান সমস্যা, সংকট এবং ভবিষ্যৎ পরিকল্পনার বিভিন্ন দিক তুলে ধরেন। শেখ রবিউল আলম বলেন, 'বাংলাদেশ রেলওয়ের অধীনে এই বছরে ইউরোপিয়ান ইনভেস্টমেন্ট ব্যাঙ্কের অর্থায়নে ভারত থেকে ২০০ ব্রডগেজ কোচের সরবরাহ শুরু হওয়ার কথা রয়েছে। প্রকল্পের আওতায় ২০২৬ সালের জুন থেকে ২০২৭ সালের ডিসেম্বর নাগাদ ২০০টি ব্রডগেজ ক্যারেজ বাংলাদেশ রেলওয়ে বহরে যুক্ত হবে মর্মে আশা করা যায়। ক্যারেজগুলো সরবরাহ পাওয়া সাপেক্ষে নতুন ট্রেন পরিচালনার বিষয়ে বাংলাদেশ রেলওয়ে রুট নির্ধারণের উদ্যোগ নেওয়া হবে।' সরকার দলীয় সদস্য মহম্মদ শামীম কায়সারের প্রশ্নে রেলপথমন্ত্রী জানান, বর্তমানে ঢাকা থেকে উত্তরবঙ্গের জেলাগুলোর সঙ্গে ১৫টি আন্তনগর ট্রেন চালু আছে। ভারত থেকে কোচগুলো আসা শুরু হলে উত্তরবঙ্গের কিছু জেলাতে আন্তনগর ট্রেনের সংখ্যা বাড়ানো সম্ভব হবে।
তিনি আরও বলেন, যাত্রীদের আরামদায়ক ট্রেন ভ্রমণ নিশ্চিত এবং মালামাল পরিবহনের মাধ্যমে রেলওয়ের রাজস্ব বৃদ্ধির জন্য অদূর ভবিষ্যতে ২৬০টি ব্রডগেজ প্যাসেঞ্জার ক্যারেজ, ৪৬টি ব্রডগেজ লোকোমোটিভ ও ৫০টি মিটারগেজ লোকোমোটিভ সংগ্রহ করার জন্য প্রকল্প অনুমোদনের কাজ চলমান আছে। সে দেশের রেলের বর্তমান জনবল ও যন্ত্রাংশের সংকট নিয়ে এক প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, ইঞ্জিন, কোচ ও ক্রু-র অভাবে বর্তমানে বাংলাদেশ রেলওয়ের পশ্চিমাঞ্চলে ১৯টি মেইল বা কমিউটার এবং ২১টি লোকাল ট্রেন-সহ মোট ৪০টি ট্রেন চলাচল বন্ধ রয়েছে। এছাড়া পর্যাপ্ত সক্ষমতার অভাবে প্রতিদিন ৭ থেকে ৮টি মালবাহী ট্রেন ফিরিয়ে দিতে হচ্ছে। ভবিষ্যৎ উন্নয়ন প্রকল্প সম্পর্কে রেলপথমন্ত্রী জানান, 'চট্টগ্রাম-দোহাজারী মিটারগেজ রেলপথকে ডুয়েলগেজে রূপান্তর' শীর্ষক প্রকল্পের আওতায় বর্তমানে ৩০টি মিটারগেজ লোকোমোটিভ (ইঞ্জিন) সংগ্রহের প্রক্রিয়া চলছে। এছাড়া আরও দুটি পৃথক প্রকল্পের মাধ্যমে বাংলাদেশ রেলওয়ের জন্য ২০০টি মিটারগেজ ক্যারেজ এবং ৩০টি মিটারগেজ লোকোমোটিভ সংগ্রহের জন্য ডিপিপি (উন্নয়ন প্রকল্প প্রস্তাব) প্রণয়ন করা হচ্ছে।
Home/News/India-Bangladesh Relations: সম্পর্ক দৃঢ় করায় লক্ষ্য! ভারত থেকে আসবে রেলের ব্রডগেজ কোচ, বড় ঘোষণা বাংলাদেশের রেলমন্ত্রীর