আতঙ্কের স্মৃতি ফিরল! আন্দামান দ্বীপপুঞ্জে জোরালো কম্পন, সুনামির সম্ভাবনা আছে?

আন্দামান দ্বীপপুঞ্জ এবং আশপাশের দ্বীপপুঞ্জগুলি অত্যন্ত সক্রিয় ভূমিকম্পপ্রবণ অঞ্চলে অবস্থিত, যার ফলে এই অঞ্চলটিতে ঘন ঘন ভূমিকম্প এবং সুনামির ঝুঁকি রয়েছে।

Published on: Nov 09, 2025 1:22 PM IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

আন্দামান সাগরের নীল জলে নীরবতা ভেঙে তীব্র কাঁপুনি। রবিবার আচমকাই জোরালো কম্পন অনুভূত হল আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে। ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি (এনসিএস)-এর তথ্য অনুযায়ী, রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৫.৪। যদিও এই ভূমিকম্পে ক্ষয়ক্ষতি বা হতাহতের কোনও খবর এই প্রতিবেদন প্রকাশিত হওয়া পর্যন্ত পাওয়া যায়নি।

আন্দামান দ্বীপপুঞ্জে জোরালো কম্পন
আন্দামান দ্বীপপুঞ্জে জোরালো কম্পন

এনসিএস-এর তরফে জানানো হয়েছে, রবিবার বেলা ১২ টা ৬ মিনিট নাগাদ আন্দামান দ্বীপপুঞ্জে কম্পন অনুভূত হয়। ভূগর্ভ থেকে ৯০ কিলোমিটার গভীরে এই ভূকম্পের উৎসস্থল। এই রিপোর্ট লেখা পর্যন্ত কোনও হতাহতের খবর না মিললেও, তীব্র কম্পনের ফলে দ্বীপবাসীর মনে ফের জেগে উঠেছে আতঙ্কের স্মৃতি। সুনামি প্রবণ এই ভূমিকম্প-সংবেদশীল অঞ্চলে এমন কাঁপুনি কোনও নতুন ঘটনা নয়, কিন্তু প্রত্যেকবারই তা নতুন করে চাঞ্চল্য তৈরি করে। আতঙ্কে বাড়ি থেকে রাস্তায় বেরিয়ে আসেন বাসিন্দারা। এনসিএস জানিয়েছে, রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৫.৪। অন্যদিকে, জার্মান রিসার্চ সেন্টার ফর জিওসায়েন্সেস (জিএফজেদ)-এর তথ্য অনুযায়ী, রিখটার স্কেলে ভূমিকম্পের তীব্র্রতা ছিল ৬.০৭। যদিও মার্কিন যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ (ইউএসজিএস) আন্দামান দ্বীপপুঞ্জে ৫.৫ মাত্রার ভূমিকম্প রেকর্ড করেছে। আন্দামান দ্বীপপুঞ্জ এবং আশপাশের দ্বীপপুঞ্জগুলি অত্যন্ত সক্রিয় ভূমিকম্পপ্রবণ অঞ্চলে অবস্থিত, যার ফলে এই অঞ্চলটিতে ঘন ঘন ভূমিকম্প এবং সুনামির ঝুঁকি রয়েছে।

আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ ভূমিকম্প প্রবণ অঞ্চল ৫-এর মধ্যে পড়ে। এই অঞ্চলটি সুন্দা মেগাথ্রাস্ট বরাবর অবস্থিত, যেখানে ইন্দো-অস্ট্রেলিয়ান প্লেট এবং সুন্দা প্লেট একে অপরের সঙ্গে সংঘর্ষ করে। এই টেকটোনিক ক্রিয়াকলাপ এই অঞ্চলে ঘন ঘন ভূমিকম্প এবং আগ্নেয়গিরির ক্রিয়াকলাপ ঘটায়। বিশেষজ্ঞরা জানাচ্ছেন, আন্দামান অঞ্চল মূলত ভূমিকম্পের ‘সেলাই’-এর উপরেই অবস্থান করছে। টেকটোনিক প্লেটের সংঘর্ষপ্রবণ এই এলাকায় প্রায়শই ভূকম্পন ঘটে, যার ফলে সুনামির ঝুঁকিও থাকে যথেষ্ট। তবে রবিবারের কাঁপুনি এখনও পর্যন্ত বড় বিপর্যয়ের কারণ হয়নি, যা আপাতত স্বস্তির খবর। এর আগে চলতি বছরের জুলাইয়ে কেঁপে ওঠে আন্দামান দ্বীপপুঞ্জ। জার্মান রিসার্চ সেন্টার ফর জিওসায়েন্সেস (জিএফজেদ)-এর তরফে জানানো হয়, রিখটার স্কেলে কম্পনের তীব্রতা ছিল ৬.২। যদিও এই ভূমিকম্পে ক্ষয়ক্ষতি বা হতাহতের কোনও খবর মেলেনি। ভূগর্ভ থেকে উৎসস্থল ছিল মাত্র ১০ কিলোমিটার গভীরে। তবে ২০০৪ সালের ৯.১ মাত্রার ভূমিকম্প এবং পরবর্তী সুনামিতে এই অঞ্চলটি বিধ্বস্ত হয়েছিল, যাতে ১০ হাজারেরও বেশি মানুষ মারা যায়।

News/News/আতঙ্কের স্মৃতি ফিরল! আন্দামান দ্বীপপুঞ্জে জোরালো কম্পন, সুনামির সম্ভাবনা আছে?