Iran Bounty on Trump-Netanyahu: 'নরকে পাঠানোর...,' ট্রাম্প-নেতানিয়াহুর মাথার দাম ৫৮ মিলিয়ন ডলার? বিরাট পরিকল্পনা ইরানের

Iran Bounty on Trump-Netanyahu: এতদিন পর্যন্ত ইরানের ধর্মগুরুদের তরফে শুধু ফতোয়াই জারি করা হতো। প্রোপাগান্ডার নামে চলত একপেশে প্রচার। তবে দেশের সংসদের তরফে বিল পাস করে যদি এমন কোনও পদক্ষেপ করা হতে পারে, তাতে ইরানের বিদেশনীতিতে বড় পরিবর্তন ঘটাবে।

Published on: May 19, 2026, 12:25:12 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

Iran Bounty on Trump-Netanyahu: এখনও খাতায় কলমে যুদ্ধবিরতি চলছে। কিন্তু পরিস্থিতি টালমাটাল। হামলা, আক্রমণের খবরও উঠে আসছে। আর এই আবহে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর মাথার দাম ৫৮ মিলিয়ন ডলার ঘোষণার ভাবনা ইরানের। এমনই একটি বিল নিয়ে পর্যালোচনা করছে ইরানের পার্লামেন্ট।

ট্রাম্প-নেতানিয়াহুর মাথার দাম ৫৮ মিলিয়ন ডলার?
ট্রাম্প-নেতানিয়াহুর মাথার দাম ৫৮ মিলিয়ন ডলার?

ইরান ওয়্যার এবং দ্য টেলিগ্রাফ ইউকে-র প্রতিবেদন অনুসারে, ইরানের জাতীয় নিরাপত্তা এবং বিদেশ নীতি কমিটির চেয়ারম্যান ইব্রাহিম আজিজি জানিয়েছেন, দেশের সংসদে নয়া বিল আনা হচ্ছে। বিলটির নাম ‘কাউন্টার অ্যাকশন বাই দ্য মিলিটারি অ্যান্ড সিকিওরিটি ফোর্সেস অফ দ্য ইসলামিক রিপাবলিক।’ আর যেখানে মার্কিন ও ইজরায়েলি নেতাদের হত্যা করার জন্য যে কোনও ব্যক্তি বা সংগঠনকে ৫০ মিলিয়ন ইউরো (প্রায় ৫৮.২৩ মিলিয়ন ডলার) পুরস্কার প্রদানের ঘোষণার কথা রয়েছে। গত ২৮ ফেব্রুয়ারি মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইজরায়েলের তরফেই প্রথম হামলা চালানো হয় ইরানে। সেই হামলায় ইরানের তৎকালীন সর্বোচ্চ শাসক আয়াতোল্লা আলি খামেনেই-র মৃত্যু হয়। এর জেরেই ইরানের এই ঘোষণা বলে মনে করা হচ্ছে।

ইরান ওয়্যার-র প্রতিবেদন অনুযায়ী, আজিজির দাবি, ট্রাম্প, নেতানিয়াহু এবং মার্কিন সেন্ট্রাল কম্যান্ডের (সেনটকম) অ্যাডমিরাল ব্র্যাড কুপার, ওই হামলার জন্য দায়ী। তাই তিনি ট্রাম্প, নেতানিয়াহু ও সেন্ট্রাল কমান্ডের (সেনটকম) কমান্ডারকে ‘পাল্টা পদক্ষেপের’ লক্ষ্যবস্তু হিসেবে বর্ণনা করেন। তাদের বিরুদ্ধে সর্বোচ্চ নেতা আয়াতোল্লা আলি খামেনেই হত্যার ভূমিকা রাখার অভিযোগ এনেছেন তিনি। অন্যদিকে, ইরানের জাতীয় নিরাপত্তা কমিশনের সদস্য মাদমুদ নবভিয়ানও জানিয়েছেন, ‘ট্রাম্প এবং নেতানিয়াহুকে নরকে পাঠানোর' পুরস্কারমূল্য নিয়ে বিল আসছে। ইরানের বিরুদ্ধে ফের সামরিক পদক্ষেপ করলে, তার ফল ‘মারাত্মক’ হবে বলেও দাবি করেছেন মাহমুদ। ইরানের বর্তমান সরকারপন্থী সংবাদমাধ্যম মাসাফ একদিন আগেই জানায়, ট্রাম্পকে নিকেশ করতে ৫০ মিলিয়ন ডলার আলাদা রাখা হয়েছে। ইরান সরকারি মদতপুষ্ট সাইবার ওয়ারফেয়ার গোষ্ঠী হান্দালা-ও সেই দাবি তুলে ধরে। মার্কিন যুক্তরাষ্ট্রের ডিপার্টমেন্ট অফ জাস্টিস তাদের সদস্যদের মাথার উপর যেমন ১০ মিলিয়ন ডলার পুরস্কার ঘোষণা করেছে, তেমনই ইরানের তরফে ৫০ মিলিয়ন ডলার মূল্য আলাদা রাখা হয়েছে বলে দাবি করে হান্দালা। ইরানের তরফে সরকারি ভাবে এমন ঘোষণা হলে যুদ্ধবিরতি ভেস্তে যেতে পারে, নতুন করে পশ্চিম এশিয়া অস্থির হয়ে উঠতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

ইরানে উত্তেজনা বাড়ছে

সত্যিই যদি ট্রাম্প এবং নেতানিয়াহুর মাথার দাম ঘোষণা করে ইরান, তা আন্তর্জাতিক ভূরাজনীতিতে দীর্ঘমেয়াদি প্রভাব ফেলবে বলে মনে করছেন কূটনীতিকরা। কারণ এতদিন পর্যন্ত ইরানের ধর্মগুরুদের তরফে শুধু ফতোয়াই জারি করা হতো। প্রোপাগান্ডার নামে চলত একপেশে প্রচার। তবে দেশের সংসদের তরফে বিল পাস করে যদি এমন কোনও পদক্ষেপ করা হতে পারে, তাতে ইরানের বিদেশনীতিতে যেমন বড় পরিবর্তন ঘটাবে, তেমনই পাল্টা আঘাতও নেমে আসতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। গত বছর মার্কিন প্রেসিডেন্ট দাবি করেছিলেন যে, তেহরান যদি তাঁকে হত্যা করার চেষ্টা করে, তবে মার্কিন যুক্তরাষ্ট্র তাদেরকে 'পৃথিবীর বুক থেকে নিশ্চিহ্ন করে দেওয়ার' জন্য 'অত্যন্ত কঠোর নির্দেশ' জারি করবে। এই পুরস্কার ঘোষণার পরিকল্পনাটি এমন এক সময়ে এসেছে যখন ইরান একটি সংশোধিত শান্তি প্রস্তাব মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে পাঠিয়েছে।