7th Pay Commission Dearness Allowance Hike: সরকারি কর্মীদের জন্য সুখবর, জুলাই থেকে ৩% বাড়তে পারে ডিএ, মিলতে পারে বকেয়া

জানা গিয়েছে, জুন মাসে CPI-IW সূচক দাঁড়িয়েছে ১৫১.৯, যা মে মাসের ১৫০.৮-এর তুলনায় বেশি। এই তথ্যই জুলাই মাসের ডিএ নির্ধারণের ক্ষেত্রে শেষ এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ সূচক। সপ্তম বেতন কমিশনের নিয়ম অনুযায়ী, গত ১২ মাসের গড় CPI-IW-এর ভিত্তিতেই মহার্ঘ ভাতা নির্ধারণ করা হয়।

Published on: Aug 6, 2026, 13:31:57 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

কেন্দ্রীয় সরকারি কর্মচারী ও পেনশনভোগীদের জন্য সুখবর। চলতি বছরের জুলাই থেকে মহার্ঘ ভাতা (ডিএ) ৩ শতাংশ বাড়তে পারে বলে জোর জল্পনা শুরু হয়েছে। শ্রম মন্ত্রকের অধীন লেবার ব্যুরো জুন ২০২৬-এর কনজিউমার প্রাইস ইনডেক্স ফর ইন্ডাস্ট্রিয়াল ওয়ার্কার্স (CPI-IW) প্রকাশ করার পর ডিএ বৃদ্ধির হিসাব কার্যত চূড়ান্ত হয়ে গিয়েছে। সবকিছু ঠিক থাকলে বর্তমানে ৬০ শতাংশ থাকা ডিএ বেড়ে ৬৩ শতাংশ হতে পারে। তবে এই বৃদ্ধি কার্যকর হবে কেন্দ্রীয় মন্ত্রিসভার অনুমোদনের পর।

কেন্দ্রীয় সরকারি কর্মচারী ও পেনশনভোগীদের জন্য সুখবর।
কেন্দ্রীয় সরকারি কর্মচারী ও পেনশনভোগীদের জন্য সুখবর।

জানা গিয়েছে, জুন মাসে CPI-IW সূচক দাঁড়িয়েছে ১৫১.৯, যা মে মাসের ১৫০.৮-এর তুলনায় বেশি। এই তথ্যই জুলাই মাসের ডিএ নির্ধারণের ক্ষেত্রে শেষ এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ সূচক। সপ্তম বেতন কমিশনের নিয়ম অনুযায়ী, গত ১২ মাসের গড় CPI-IW-এর ভিত্তিতেই মহার্ঘ ভাতা নির্ধারণ করা হয়। সেই হিসাব অনুযায়ী ডিএ প্রায় ৬৩.৭৫ শতাংশে পৌঁছেছে। তবে কেন্দ্রের প্রচলিত নিয়ম অনুযায়ী দশমিকের পরের অংশ বাদ দেওয়া হয়। ফলে কর্মীরা কার্যত ৬৩ শতাংশ হারে ডিএ পাওয়ার সম্ভাবনাই বেশি।

সরকারি সূত্রের দাবি, এই বৃদ্ধি সপ্তম বেতন কমিশনের অধীনে শেষ বড় ডিএ সংশোধন হতে পারে। কারণ, ইতিমধ্যেই অষ্টম বেতন কমিশন গঠনের ঘোষণা করেছে কেন্দ্র। যদিও নতুন কমিশনের সুপারিশ কার্যকর হতে এখনও কিছুটা সময় লাগবে। সেই কারণে নতুন বেতন কাঠামো চালু না হওয়া পর্যন্ত সপ্তম বেতন কমিশনের নিয়মেই ডিএ সংশোধন করা হবে।

প্রতি বছর কেন্দ্রীয় সরকার সাধারণত দু'বার মহার্ঘ ভাতা সংশোধন করে। ১ জানুয়ারি এবং ১ জুলাই থেকে সেই সংশোধন কার্যকর হয়। যদিও আনুষ্ঠানিক ঘোষণা সাধারণত কয়েক মাস পরে করা হয়। অতীতের ধারা অনুযায়ী, জুলাইয়ের ডিএ বৃদ্ধি নিয়ে কেন্দ্রীয় মন্ত্রিসভার সিদ্ধান্ত সেপ্টেম্বর বা অক্টোবর মাসে প্রকাশিত হতে পারে। অনুমোদনের পর কর্মীরা জুলাই মাস থেকে বর্ধিত হারে ডিএ-র পাশাপাশি বকেয়া টাকাও পাবেন।

ডিএ বৃদ্ধির ফলে বিভিন্ন স্তরের কর্মীদের মাসিক আয়ও বাড়বে। উদাহরণ হিসেবে, যাঁদের মূল বেতন ১৮ হাজার টাকা, তাঁদের প্রতি মাসে প্রায় ৫৪০ টাকা অতিরিক্ত মিলতে পারে। ৩৫,৪০০ টাকা মূল বেতন হলে অতিরিক্ত প্রায় ১,০৬২ টাকা এবং ৫৬,১০০ টাকা মূল বেতন হলে মাসে প্রায় ১,৬৮৩ টাকা বেশি পাওয়ার সম্ভাবনা রয়েছে। একই সুবিধা পেনশনভোগীরাও ডিয়ারনেস রিলিফ (ডিআর) হিসেবে পাবেন।

তবে এখনও পর্যন্ত কেন্দ্রীয় সরকার এ বিষয়ে কোনও আনুষ্ঠানিক বিজ্ঞপ্তি জারি করেনি। ডিএ বৃদ্ধির চূড়ান্ত হার নির্ভর করবে কেন্দ্রীয় মন্ত্রিসভার অনুমোদনের উপর। তা সত্ত্বেও লেবার ব্যুরোর প্রকাশিত সর্বশেষ CPI-IW তথ্যের ভিত্তিতে ৩ শতাংশ ডিএ বৃদ্ধির সম্ভাবনাই এখন সবচেয়ে জোরালো বলে মনে করছেন অর্থনীতি ও বেতন কাঠামো বিষয়ক বিশেষজ্ঞরা। ফলে এক কোটিরও বেশি কেন্দ্রীয় সরকারি কর্মচারী ও পেনশনভোগী এখন কেন্দ্রীয় মন্ত্রিসভার চূড়ান্ত সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছেন।

  • Abhijit Chowdhury
    ABOUT THE AUTHOR
    Abhijit Chowdhury

    ২০২১ সাল থেকে হিন্দুস্তান টাইমস বাংলার সঙ্গে যুক্ত রয়েছেন অভিজিৎ চৌধুরী। ২০১৮ সালে সালে তাঁর পেশাদার জীবনের শুরু। জাতীয়, আন্তর্জাতিক বিষয়, বাংলার রাজনীতি এবং খেলাধুলোর বিষয়ে লেখার ক্ষেত্রে ৮ বছরের অভিজ্ঞতা রয়েছে তাঁর। আন্তর্জাতিক ক্ষেত্রে আমেরিকা, পাকিস্তান এবং বাংলাদেশের বিষয়ে তাঁর আগ্রহ সবচেয়ে বেশি। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর ডিগ্রি পাশ করেই সাংবাদিকতার জগতে প্রবেশ করেছেন অভিজিৎ। হিন্দুস্তান টাইমস বাংলায় যোগদানের আগে ওয়ানইন্ডিয়া এবং ইটিভি ভারতে কাজ করার অভিজ্ঞতা রয়েছে অভিজিতের। এছাড়া আকাশবাণীতে রেডিও জকি হিসেবেও কাজ করেছিলেন তিনি। খবরের জগৎ ছাড়া খেলাধুলো, ইতিহাসে অভিজিতের আগ্রহ রয়েছে। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন নিয়ে অভিজিৎ তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন আশুতোষ কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: ক্রিকেট, ফুটবল, টেনিস ছাড়া প্রায় সব ধরনের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বই পড়ে এবং বিভিন্ন বিষয়ে ডকুমেন্টারি দেখে।Read More