PM Modi: PM মোদীর নিরাপত্তা শঙ্কা! মুম্বই ইভেন্টে ভুয়ো PMO আইডি কার্ড, বন্দুক-সহ পাকড়াও ২

PM Modi: পুলিশ জানিয়েছে, বিকেসির নীতা মুকেশ আম্বানি কালচারাল সেন্টারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর অনুষ্ঠানস্থলে এক ব্যক্তিকে সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করতে দেখা যায়। পুলিশ ওই ব্যক্তি এবং তার দেহরক্ষীকে আটক করে।

Published on: Sep 8, 2026, 17:47:43 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

PM Modi: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নিরাপত্তায় বড়সড় গলদ! তাঁর হাত ধরে মুম্বইয়ের বান্দ্রা কুরলা কমপ্লেক্সের (BKC) নীতা মুকেশ আম্বানি কালচারাল সেন্টারে (NMACC) ‘গ্লোবাল ফিনটেক ফেস্টিভ্যাল’ (GFF)-এর উদ্বোধনের প্রাক্কালে ঘটে গেল এক মারাত্মক নিরাপত্তা বিপর্যয়ের ঘটনা। প্রধানমন্ত্রীর অনুষ্ঠানের স্থান থেকে দুই ব্যক্তিকে আটক করা হয়েছে। তাঁদের মধ্যে একজনের কাছ থেকে একটি আগ্নেয়াস্ত্র পাওয়া গিয়েছে বলে জানা গিয়েছে।

PM নরেন্দ্র মোদীর নিরাপত্তা শঙ্কা! (@NarendraModi)
PM নরেন্দ্র মোদীর নিরাপত্তা শঙ্কা! (@NarendraModi)

সূত্রের খবর, প্রধানমন্ত্রীর কার্যালয়ের (PMO) ভুয়ো কর্মকর্তার পরিচয় দিয়ে দুই যুবক বান্দ্রা কুরলা কমপ্লেক্সের ওই অনুষ্ঠানস্থলে হাজির হন। তাদের কাছে একটি বন্দুক ও প্রধানমন্ত্রী কার্যালয়ের ভুয়ো পরিচয়পত্র পাওয়া যায়। এই ঘটনা ঘিরে অনুষ্ঠানস্থলে নিরাপত্তা উদ্বেগ তৈরি হওয়ায় মুম্বই পুলিশ ওই দুই যুবককে আটক করে। এই ঘটনার পর ফের একাবার প্রধানমন্ত্রীর নিরাপত্তা নিয়ে বড় প্রশ্ন উঠেছে। গ্রেফতারির বিষয়ে মুম্বই পুলিশ বলেছে, ধৃত দুই যুবকের মধ্যে একজনের কাছ থেকে একটি বন্দুক উদ্ধার করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, বিকেসির নীতা মুকেশ আম্বানি কালচারাল সেন্টারে প্রধানমন্ত্রী মোদীর অনুষ্ঠানস্থলে এক ব্যক্তিকে সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করতে দেখা যায়। পুলিশ ওই ব্যক্তি এবং তার দেহরক্ষীকে আটক করে। পরে তার কাছে একটি বন্দুক পাওয়া যায়। পুলিশ আরও জানিয়েছে, ধৃত রোহান পারেখের (২৪) কাছে প্রধানমন্ত্রীর কার্যালয়ের একটি জাল পরিচয়পত্র ছিল। বন্দুক ও জাল পরিচয়পত্র নিয়ে অনুষ্ঠানস্থলে প্রবেশের উদ্দেশ্য জানতে মুম্বই পুলিশ বর্তমানে ওই দুই যুবককে জিজ্ঞাসাবাদ করছে। নিরাপত্তার চাদরে মোড়া এমন একটি হাই-প্রোফাইল অনুষ্ঠানে এই ধরনের অনুপ্রবেশের ঘটনায় নড়েচড়ে বসেছে প্রশাসন। বর্তমানে পুরো বিষয়টি নিয়ে পুঙ্খানুপুঙ্খ তদন্ত শুরু করেছে মুম্বই ক্রাইম ব্রাঞ্চ। আটক ব্যক্তিদের পরিচয় ও তাঁদের উদ্দেশ্য সম্পর্কে বিস্তারিত তথ্য জানার চেষ্টা করছেন তদন্তকারীরা। তাদের কাছে অস্ত্র কীভাবে এল এবং ভুয়ো পিএমও পরিচয়পত্রের সঙ্গে তাঁদের কোনও বড় চক্রের যোগাযোগ রয়েছে কিনা, সেই বিষয়গুলিও তদন্তের আওতায় রয়েছে।

মুম্বইয়ে শুরু হওয়া এবারের সপ্তম ‘গ্লোবাল ফিনটেক ফেস্টিভ্যাল’ চলবে আগামী ১১ সেপ্টেম্বর পর্যন্ত। ২০২০ সাল থেকে শুরু হওয়া এই আন্তর্জাতিক মেগা সামিট বিশ্বের নীতিনির্ধারক, কেন্দ্রীয় ব্যাঙ্ক, প্রথম সারির আর্থিক প্রতিষ্ঠান এবং ফিনটেক সংস্থাগুলিকে একমঞ্চে নিয়ে আসার ক্ষেত্রে অন্যতম বিশ্বমঞ্চ হয়ে উঠেছে। চলতি বছরের এই সম্মেলনের মূল ভাবনা বা থিম হলো, 'Potential to Impact: Agentic AI, Tokenisation, Quantum – Trusted, Connected, Global Systems for Inclusive Finance.' ডিজিটাল পেমেন্ট ও আর্থিক অন্তর্ভুক্তিতে ভারতের বিশ্বজোড়া নেতৃত্বকে আরও সুদৃঢ় করার পাশাপাশি, এজেন্টিক এআই (Agentic AI), কোয়ান্টাম টেকনোলজি এবং অন্যান্য উদীয়মান প্রযুক্তিগুলি কীভাবে আগামী দিনে সাধারণ মানুষ ও বৈশ্বিক অর্থনীতির ক্ষেত্রে বাস্তব ও সুদূরপ্রসারী প্রভাব ফেলতে পারে, চার দিনব্যাপী এই সম্মেলনে তা নিয়ে বিশদ মন্থন চলার কথা রয়েছে।