Karnataka Zipline Accident: রিসর্টে জিপলাইন রাইডে বিপত্তি! ৪০ ফুট নিচে পড়ে গেলেন পর্যটক, তারপর যা হল...
Karnataka Zipline Accident: ৩ জুলাই ভাই প্রশান্তের সঙ্গে স্টার্লিং রিভার রিসর্টে বেড়াতে গিয়ে এই দুর্ঘটনার মুখোমুখি হন কুবের সুরপুর। পুরো ঘটনাটি প্রশান্তের মোবাইল ফোনে রেকর্ডও হয়ে যায়। ভিডিওতে দেখা যায়, জিপলাইনে স্বাভাবিকভাবেই এগোচ্ছিলেন কুবের। হঠাৎই নিরাপত্তা লক খুলে গিয়ে তিনি মাটিতে আছড়ে পড়েন।
Karnataka Zipline Accident: কর্ণাটকের একটি রিসর্টে জিপলাইন রাইড চলাকালীন ভয়াবহ দুর্ঘটনায় গুরুতর জখম হলেন এক পর্যটক। অভিযোগ, মাঝপথে জিপলাইনের নিরাপত্তা লক ছিঁড়ে যাওয়ায় প্রায় ৪০ ফুট নিচে পড়ে যান বিজয়পুরার বাসিন্দা কুবের সুরপুর। যার জেরে তাঁর হাত ও পায়ের হাড় ভাঙার পাশাপাশি স্নায়ুও ক্ষতিগ্রস্ত হয়েছে। ইতিমধ্যে দুর্ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে, যা পর্যটন কেন্দ্রগুলোর নিরাপত্তা নিয়ে নতুন করে প্রশ্ন তুলে দিয়েছে।
রিসর্টে জিপলাইন রাইডে বিপত্তি! (সৌজন্যে টুইটার)
গত ৩ জুলাই ভাই প্রশান্তের সঙ্গে স্টার্লিং রিভার রিসর্টে বেড়াতে গিয়ে এই দুর্ঘটনার মুখোমুখি হন কুবের সুরপুর। পুরো ঘটনাটি প্রশান্তের মোবাইল ফোনে রেকর্ডও হয়ে যায়। ভিডিওতে দেখা যায়, জিপলাইনে স্বাভাবিকভাবেই এগোচ্ছিলেন কুবের। হঠাৎই নিরাপত্তা লক খুলে গিয়ে তিনি মাটিতে আছড়ে পড়েন। দুর্ঘটনায় তাঁর দু’টি হাত ও দু’টি পা ভেঙে যায়। পাশাপাশি, স্নায়ুতেও গুরুতর আঘাত লাগে। প্রথমে তাঁকে দান্ডেলি সরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে বিজয়পুরার একটি বেসরকারি হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখান থেকে আরও উন্নত চিকিৎসার জন্য মিরাজের একটি হাসপাতালে ভর্তি করা হয়, যেখানে তাঁর অস্ত্রোপচার হয়েছে। চিকিৎসকদের মতে, হাত ও পায়ে আরও কয়েকটি অস্ত্রোপচারের প্রয়োজন হবে।
দুর্ঘটনার জন্য রিসর্ট কর্তৃপক্ষের গাফিলতিকেই দায়ী করেছে আহত যুবকের পরিবার। তাঁদের অভিযোগ, রাইড শুরুর আগে প্রয়োজনীয় নিরাপত্তা পরীক্ষা ও নিয়ম মানা হয়নি। পাশাপাশি, প্রথমে চিকিৎসার সমস্ত খরচ বহনের আশ্বাস দিলেও পরে রিসর্ট কর্তৃপক্ষ আর যোগাযোগ রাখছে না বলেও দাবি পরিবারের। কুবেরের পরিবারের বয়ান অনুযায়ী, রোমাঞ্চকর রাইডের আনন্দ নিতে কুবের যখন উঁচুতে তারে ঝুলছিলেন, ঠিক তখনই রাইডের সুরক্ষাকবচ অর্থাৎ 'সেফটি লক'টি ছিঁড়ে বা খুলে যায়। ফলে মুহূর্তের মধ্যে তিনি নিয়ন্ত্রণ হারিয়ে অনেক উঁচু থেকে নিচে মাটিতে পড়ে যান। পরিবারের সদস্যদের অভিযোগ, পর্যটকদের জীবনের ঝুঁকি নিয়ে রিসর্ট কর্তৃপক্ষ এই ধরনের জরাজীর্ণ ও মরচে ধরা রাইড চালাচ্ছিল। এই মর্মান্তিক ঘটনার পেছনে রিসর্টের দায়িত্বজ্ঞানহীনতা ও অবহেলাই যে একমাত্র কারণ, তা নিয়ে কোনও সন্দেহ নেই বলে ক্ষোভ উগরে দিয়েছে পরিবার। অন্যদিকে, স্টার্লিং রিভার রিসর্টের ম্যানেজার দুর্ঘটনার কথা স্বীকার করলেও গাফিলতির অভিযোগ অস্বীকার করেছেন। তাঁর দাবি, এটি একটি দুর্ভাগ্যজনক দুর্ঘটনা। শীঘ্রই তিনি বিজয়পুরায় গিয়ে কুবেরের পরিবারের সঙ্গে দেখা করে বিষয়টি নিয়ে আলোচনা করবেন।
এই দুর্ঘটনার ভিডিও প্রকাশ্যে আসতেই এক্স-সহ একাধিক সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে ক্ষোভ উগরে দিয়েছেন নেটিজেনরা। রাইডের ত্রুটিপূর্ণ নকশা নিয়ে প্রশ্ন তুলে এক ব্যবহারকারী লিখেছেন, 'এটি অত্যন্ত বাজে ও বিপজ্জনক একটি জিপলাইন ডিজাইন! সুরক্ষা বেল্টগুলি পর্যটকের শরীরের সঙ্গে এমনভাবে আঁকড়ে থাকার কথা, যাতে হাতের দড়ি ছেড়ে গেলেও সে নিচে না পড়ে যায়। এ ধরনের একটা ত্রুটিপূর্ণ রাইডকে ছাড়পত্র দিল কে?!' অন্যদিকে, অপর এক নেটিজেন বলেছেন, 'এরপর কী হবে, আমি আন্দাজ করতে পারছি। সামান্য কিছু টাকা জরিমানা হবে, কয়েক সপ্তাহের জন্য রিসর্টটি বন্ধ রাখা হবে, তারপর আবার যে কে সে! কোনও সুবিচার পাওয়া যাবে না।'
Home/News/Karnataka Zipline Accident: রিসর্টে জিপলাইন রাইডে বিপত্তি! ৪০ ফুট নিচে পড়ে গেলেন পর্যটক, তারপর যা হল...