...
...
Next Story

Madhya Pradesh News: 'মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রীর পদ থেকে পদত্যাগ...,' বড় ঘোষণা CJP প্রতিষ্ঠাতার, বিতর্ক

Madhya Pradesh News: মুখ্যমন্ত্রী মোহন যাদবের রাজ্যে ভাইরাসের শিশু মৃত্যুর পর শনিবার বালাঘাটে গিয়েছিলেন অভিজিৎ দীপকে। সেই সময় কিছু ইউটিউবার এবং সাংবাদিকরা তাঁর গাড়ি ঘিরে ধরে মৃতদেহ নিয়ে প্রশ্ন তোলেন এবং রাজনীতি করতে এসেছেন কিনা তা জানতে চান।

Published on: Sep 13, 2026, 21:40:05 IST
Advertisement

Madhya Pradesh News: 'আমি অবিলম্বে মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করছি।' সোশ্যাল মিডিয়ায় ঘোষণা এমনই করলেন ককরোচ জনতা পার্টির (CJP) প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে (Abhijeet Dipke)। শুনে অনেকেই ঘাবড়ে যেতে পারেন। তবে শনিবার এক্স হ্যান্ডেলে এমনই একটি পদত্যাগপত্র শেয়ার করেছেন তিনি।

ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতার বড় ঘোষণা (PTI)
ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতার বড় ঘোষণা (PTI)

আসলে মুখ্যমন্ত্রী মোহন যাদবের রাজ্যে ভাইরাসের শিশু মৃত্যুর পর শনিবার বালাঘাটে গিয়েছিলেন অভিজিৎ দীপকে। সেই সময় কিছু ইউটিউবার এবং সাংবাদিকরা তাঁর গাড়ি ঘিরে ধরে মৃতদেহ নিয়ে প্রশ্ন তোলেন এবং রাজনীতি করতে এসেছেন কিনা তা জানতে চান। পরে ব্যঙ্গাত্মকভাবে সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করেন অভিজিৎ। ব্যঙ্গাত্মকভাবে তৈরি ওই পদত্যাগপত্রে অভিজিৎ লিখেছেন, 'আমি এতদ্বারা মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করছি। বালাঘাটে ৩০ জনের বেশি আদিবাসী শিশুর মৃত্যুর পর আমার বিবেক আমাকে এই পদে আর থাকতে দিচ্ছে না। মুখ্যমন্ত্রী হিসেবে সময়মতো তাদের প্রয়োজনীয় চিকিৎসা সেবা ও সহায়তা প্রদান করতে না পারার দায় আমি নিজের কাঁধে নিচ্ছি। এদের মধ্যে অনেকের জীবন বাঁচানো যেত। সেই ব্যর্থতার দায় আমি নিচ্ছি।'

অভিজিৎ দীপকে আরও লেখেন, 'আমরা প্রথমে প্রতি শিশুর জন্য মাত্র ২ লক্ষ টাকা ক্ষতিপূরণ ঘোষণা করেছিলাম, যা আদিবাসী সম্প্রদায়ের প্রতিবাদের পর বাড়িয়ে ৪ লক্ষ করা হয়। এই শিশুরা যদি মন্ত্রী বা বিধায়কের সন্তান হতো তাহলে কি আমরা ৪ লক্ষ টাকাকে যথেষ্ট বলে মনে করতাম? আমাদের প্রতিক্রিয়া এটাই দেখায় যে আমরা আদিবাসী শিশুদের জীবনের মূল্য কতটা কম দিয়েছি। আমি শুধু বালাঘাটের আদিবাসী জনগোষ্ঠীকে নয়, সমগ্র রাজ্যকে হতাশ করেছি। এতগুলি নিষ্পাপ শিশুর মৃত্যুর পর আমি এই পদে থাকার নৈতিক অধিকার আমার কাছে রয়েছে বলে মনে করি না। তাই আমি মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রীর পদ থেকে অবিলম্বে পদত্যাগ করছি। পরিশেষে, মধ্যপ্রদেশের জনগণের সেবা করার সুযোগ দেওয়ার জন্য আমি মাননীয় প্রধানমন্ত্রী যিনি ‘বিশ্বগুরু’ নামে পরিচিত, তাঁর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করতে চাই।'

মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রীর নামাঙ্কিত লেটারহেড ব্যবহার করে লেখা অভিজিৎ দীপকের ব্যঙ্গাত্মক চিঠিকে ঘিরে সোশ্যাল মিডিয়ায় তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। নেটিজেনদের একাংশ একে 'সরকারি লেটারহেডের অপব্যবহার' বলে অভিযোগ তুলে তাঁর বিরুদ্ধে ফৌজদারি মামলা দায়েরের দাবি জানিয়েছেন। এক্স হ্যান্ডেলে একটি স্বেচ্ছাসেবী সংগঠনের (NGO) পক্ষ থেকে লেখা হয়েছে, 'প্রথম দর্শনেই এটি গুরুতর অপরাধমূলক কাজ বলে মনে হচ্ছে। অতএব, আমি অনুরোধ করছি যে সমগ্র বিষয়টি অবিলম্বে নিরপেক্ষ ও গুরুত্ব সহকারে তদন্ত করা হোক এবং প্রাসঙ্গিক ধারায় মামলা রুজু করে কঠোর আইনি পদক্ষেপ ও নিয়ম অনুযায়ী অবিলম্বে গ্রেফতার করা হোক।'

অন্যদিকে, নিজেকে বিজেপি সদস্য বলে দাবি করা এক ব্যক্তি এক্স হ্যান্ডেলে দীপকের বিরুদ্ধে এফআইআর দায়ের করার দাবি জানিয়েছেন। তাঁর অভিযোগ, 'মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রীর লেটারহেডের অপব্যবহার এবং মুখ্যমন্ত্রীর মতো সাংবিধানিক উচ্চ পদের পরিচয় জালিয়াতি করার দায়ে অবিলম্বে এফআইআর করা উচিত।' কড়া হুঁশিয়ারি দিয়ে তিনি আরও লেখেন, 'যদি এই বিষয়ে কোনও পদক্ষেপ নেওয়া না হয়, তবে এই ধরণের অপরাধমূলক কার্যকলাপের জন্য এই অভিজিৎ দীপকের বিরুদ্ধে আইন প্রয়োগের দাবিতে আমি সংশ্লিষ্ট আদালতের দ্বারস্থ হব।'

 
SHARE THIS ARTICLE ON
Notifications

Get breaking alerts directly from the newsroom

Notifications are on!You'll be notified when news breaks