...
...
Next Story

চন্দ্রশেখর আজাদের সঙ্গে এবিভিপির যোগ? স্বাতী চতুর্বেদীর দাবিতে মুখ খুলল ছাত্র সংগঠন, পাল্টা চ্যালেঞ্জ সাংসদেরও

চন্দ্রশেখর আজাদ নিজেও এই অভিযোগের জবাব দিয়েছেন। তাঁর দাবি, ছাত্র রাজনীতির সঙ্গে যুক্ত থাকলেও এবিভিপির সঙ্গে তাঁর কোনও সম্পর্ক ছিল না।

Published on: Nov 17, 2026, 11:07:10 IST
Advertisement

চন্দ্রশেখর আজাদ কি এক সময় অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ (এবিভিপি)-র সঙ্গে যুক্ত ছিলেন? এই প্রশ্ন ঘিরেই নতুন করে রাজনৈতিক বিতর্ক শুরু হয়েছে। সাংবাদিক স্বাতী চতুর্বেদীর একটি মন্তব্যের পর বিষয়টি নিয়ে সরব হয়েছে দক্ষিণপন্থী ছাত্র সংগঠন এবিভিপি। সরাসরি বিবৃতি দিয়ে ওই দাবি খারিজ করেছে তারা। শুধু তাই নয়, স্বাতীকে নিশানা করে তাঁর বিরুদ্ধে রাজনৈতিক উদ্দেশ্যে ভুল তথ্য ছড়ানোর অভিযোগও তুলেছে সংগঠনটি। অন্য দিকে, চন্দ্রশেখর আজাদ নিজেও এই অভিযোগের জবাব দিয়েছেন। তাঁর দাবি, ছাত্র রাজনীতির সঙ্গে যুক্ত থাকলেও এবিভিপির সঙ্গে তাঁর কোনও সম্পর্ক ছিল না।

Prayagraj: Bhim Army chief Chandrashekhar Azad and party leaders take part in 'Booth Karyakarta Sammelan', at Babuganj village, in Prayagraj, Monday, Oct. 26, 2026. (PTI Photo) (PTI10_26_2026_000324B) (PTI)
Prayagraj: Bhim Army chief Chandrashekhar Azad and party leaders take part in 'Booth Karyakarta Sammelan', at Babuganj village, in Prayagraj, Monday, Oct. 26, 2026. (PTI Photo) (PTI10_26_2026_000324B) (PTI)

আজাদ সমাজ পার্টির প্রধান তথা উত্তরপ্রদেশের নগিনা কেন্দ্রের সাংসদ চন্দ্রশেখর আজাদকে নিয়ে বিতর্কের সূত্রপাত একটি টেলিভিশন চ্যানেলের আলোচনা থেকে। সেখানে সাংবাদিক স্বাতী চতুর্বেদী দাবি করেন, চন্দ্রশেখর এক সময় এবিভিপির সঙ্গে যুক্ত ছিলেন। তাঁর আরও অভিযোগ, দলিত ভোট ভাগ করার উদ্দেশ্যে বিজেপি চন্দ্রশেখরকে ব্যবহার করছে। স্বাতীর এই মন্তব্য প্রকাশ্যে আসতেই সমাজমাধ্যমে শুরু হয় আলোচনা। বিষয়টি নিয়ে রাজনৈতিক মহলেও চর্চা শুরু হয়।

এর পরেই বিবৃতি দিয়ে নিজেদের অবস্থান স্পষ্ট করে এবিভিপি। সংগঠনের বক্তব্য, চন্দ্রশেখর আজাদের সঙ্গে তাদের কোনও দিনই কোনও সম্পর্ক ছিল না। তিনি কখনও এবিভিপির সদস্য বা কর্মীও ছিলেন না। ফলে তাঁকে সংগঠনের সঙ্গে যুক্ত করার দাবির কোনও তথ্যগত ভিত্তি নেই।

বিবৃতিতে স্বাতী চতুর্বেদীকেও আক্রমণ করেছে এবিভিপি। সংগঠনের অভিযোগ, কংগ্রেসের মতাদর্শের সঙ্গে সামঞ্জস্য রেখে সাংবাদিকতা করেন স্বাতী। রাজনৈতিক উদ্দেশ্যে একটি নির্দিষ্ট বয়ান তৈরি করতে তিনি তথ্য বিকৃত করছেন বলেও দাবি করেছে ছাত্র সংগঠনটি। এবিভিপির বক্তব্য, কোনও ব্যক্তিকে প্রমাণ ছাড়া সংগঠনের সঙ্গে যুক্ত করে তার ভিত্তিতে সংগঠনের ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা বিভ্রান্তিকর। এ ধরনের প্রচেষ্টা সাংবাদিকতার নীতির পক্ষেও উদ্বেগজনক বলে জানিয়েছে তারা।

এই বিতর্কের মধ্যে চন্দ্রশেখরের রাজনৈতিক তৎপরতাও নজরে রয়েছে। সম্প্রতি আসাদউদ্দিন ওয়েইসির দলের সঙ্গে জোট করেছেন তিনি। সেই জোটকে কেন্দ্র করে উত্তরপ্রদেশের রাজনীতিতে নতুন সমীকরণের আলোচনা শুরু হয়েছে। সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদবও এই জোট নিয়ে কটাক্ষ করেছেন। তাঁর দাবি, চন্দ্রশেখর ও ওয়েইসির রাজনৈতিক গতিবিধির নিয়ন্ত্রণ বিজেপির হাতে রয়েছে। বিজেপি যতটা সুযোগ দেবে, তাঁরা ততটাই এগোতে পারবেন বলে মন্তব্য করেছেন অখিলেশ।

অন্য দিকে, উত্তরপ্রদেশের আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে সংগঠন বিস্তারে নেমেছে চন্দ্রশেখরের আজাদ সমাজ পার্টি। সম্প্রতি বিধানসভা কেন্দ্রগুলির দায়িত্বপ্রাপ্তদের তৃতীয় তালিকা প্রকাশ করেছেন তিনি। সেই তালিকায় ৩৪ জনের নাম রয়েছে। উল্লেখযোগ্য ভাবে তালিকার প্রত্যেকেই অনগ্রসর, দলিত অথবা সংখ্যালঘু সম্প্রদায়ের প্রতিনিধি। কোনও সাধারণ শ্রেণির প্রতিনিধির নাম নেই। সব মিলিয়ে চন্দ্রশেখর আজাদের অতীত রাজনৈতিক যোগ, বিজেপির সঙ্গে তাঁর কথিত সম্পর্ক এবং নতুন জোটের সমীকরণ ঘিরে উত্তরপ্রদেশের রাজনীতিতে বিতর্ক আরও জোরালো হল।

 
ABOUT THE AUTHOR
Abhijit Chowdhury

২০২১ সাল থেকে হিন্দুস্তান টাইমস বাংলার সঙ্গে যুক্ত রয়েছেন অভিজিৎ চৌধুরী। ২০১৮ সালে সালে তাঁর পেশাদার জীবনের শুরু। জাতীয়, আন্তর্জাতিক বিষয়, বাংলার রাজনীতি এবং খেলাধুলোর বিষয়ে লেখার ক্ষেত্রে ৮ বছরের অভিজ্ঞতা রয়েছে তাঁর। আন্তর্জাতিক ক্ষেত্রে আমেরিকা, পাকিস্তান এবং বাংলাদেশের বিষয়ে তাঁর আগ্রহ সবচেয়ে বেশি। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর ডিগ্রি পাশ করেই সাংবাদিকতার জগতে প্রবেশ করেছেন অভিজিৎ। হিন্দুস্তান টাইমস বাংলায় যোগদানের আগে ওয়ানইন্ডিয়া এবং ইটিভি ভারতে কাজ করার অভিজ্ঞতা রয়েছে অভিজিতের। এছাড়া আকাশবাণীতে রেডিও জকি হিসেবেও কাজ করেছিলেন তিনি। খবরের জগৎ ছাড়া খেলাধুলো, ইতিহাসে অভিজিতের আগ্রহ রয়েছে। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন নিয়ে অভিজিৎ তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন আশুতোষ কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: ক্রিকেট, ফুটবল, টেনিস ছাড়া প্রায় সব ধরনের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বই পড়ে এবং বিভিন্ন বিষয়ে ডকুমেন্টারি দেখে।

SHARE THIS ARTICLE ON
Notifications

Get breaking alerts directly from the newsroom

Notifications are on!You'll be notified when news breaks