Agniveer Job Exam Relaxation: অগ্নিবীরদের জন্য বড় স্বস্তি! চাকরিতে লিখিত ও শারীরিক পরীক্ষায় মিলতে পারে ছাড়

প্রস্তাব অনুযায়ী, প্রাক্তন অগ্নিবীরদের লিখিত পরীক্ষা, শারীরিক দক্ষতা পরীক্ষা এবং শারীরিক মানদণ্ড পরীক্ষায় ছাড় দেওয়ার বিষয়টি বিবেচনা করতে বলা হয়েছে। কারণ, অগ্নিবীররা ইতিমধ্যেই সেনাবাহিনীতে কঠিন নিয়োগ প্রক্রিয়ার মধ্যে দিয়ে যান। এরপর তাঁরা কঠোর সামরিক প্রশিক্ষণও পান।

Published on: Sep 2, 2026, 12:06:47 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

অগ্নিবীরদের জন্য বড় খবর। এবার রাজ্য সরকারি চাকরিতেও বাড়তে পারে তাঁদের সুযোগ। উত্তরাখণ্ড সরকার অগ্নিবীরদের নিয়োগে বিশেষ ছাড় দেওয়ার কথা ভাবছে। লিখিত পরীক্ষা থেকে শারীরিক পরীক্ষা, একাধিক ধাপে মিলতে পারে ছাড়। এই বিষয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রসচিব গোবিন্দ মোহন উত্তরাখণ্ডের মুখ্যসচিব আনন্দবর্ধনকে চিঠি দিয়েছেন। চিঠিতে প্রাক্তন অগ্নিবীরদের সরকারি চাকরিতে নিয়োগের নিয়মে প্রয়োজনীয় পরিবর্তন করার পরামর্শ দেওয়া হয়েছে। কেন্দ্রের প্রস্তাব অনুযায়ী, প্রাক্তন অগ্নিবীরদের লিখিত পরীক্ষা, শারীরিক দক্ষতা পরীক্ষা এবং শারীরিক মানদণ্ড পরীক্ষায় ছাড় দেওয়ার বিষয়টি বিবেচনা করতে বলা হয়েছে। কারণ, অগ্নিবীররা ইতিমধ্যেই সেনাবাহিনীতে কঠিন নিয়োগ প্রক্রিয়ার মধ্যে দিয়ে যান। এরপর তাঁরা কঠোর সামরিক প্রশিক্ষণও পান।

উত্তরাখণ্ড সরকার অগ্নিবীরদের নিয়োগে বিশেষ ছাড় দেওয়ার কথা ভাবছে। (PTI)
উত্তরাখণ্ড সরকার অগ্নিবীরদের নিয়োগে বিশেষ ছাড় দেওয়ার কথা ভাবছে। (PTI)

কেন্দ্রের যুক্তি, সেনাবাহিনীর প্রশিক্ষণের মাধ্যমে অগ্নিবীরদের মধ্যে শৃঙ্খলা, শারীরিক সক্ষমতা এবং প্রয়োজনীয় দক্ষতা তৈরি হয়। তাই একই ধরনের পরীক্ষায় তাঁদের ফের দীর্ঘ প্রক্রিয়ার মধ্যে দিয়ে যাওয়ার প্রয়োজন অনেকটাই কম। স্বরাষ্ট্র মন্ত্রক মনে করছে, এই ব্যবস্থা চালু হলে সেনা থেকে বেরিয়ে আসা তরুণদের দ্রুত সরকারি চাকরিতে যুক্ত করা সম্ভব হবে। বিশেষ করে পুলিশ, নিরাপত্তা বাহিনী এবং অন্যান্য শারীরিক সক্ষমতা নির্ভর চাকরিতে তাঁরা দ্রুত মানিয়ে নিতে পারবেন।

উত্তরাখণ্ডে ইতিমধ্যেই অগ্নিবীরদের জন্য সংরক্ষণের ব্যবস্থা রয়েছে। পুলিশ কনস্টেবল, উপ-পরিদর্শক, জেলরক্ষী, বনরক্ষী, আবগারি কনস্টেবল এবং সচিবালয় রক্ষীর মতো গ্রুপ সি পদে তাঁদের জন্য সুযোগ রাখা হয়েছে। এবার সেই তালিকা আরও বাড়ানোর প্রস্তাব দিয়েছে কেন্দ্র। ভারতীয় রিজার্ভ ব্যাটালিয়ন, রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনী বা এসডিআরএফ, বন্যপ্রাণী রক্ষী এবং খনি রক্ষীর মতো পদেও অগ্নিবীরদের জন্য ২০ শতাংশ সংরক্ষণ দেওয়ার বিষয়ে দ্রুত ব্যবস্থা নেওয়ার কথা বলা হয়েছে।

কেন্দ্রের চিঠির পর রাজ্যেও তৎপরতা শুরু হয়েছে। কার्मिक বিভাগ অন্যান্য দফতরের সঙ্গে বিষয়টি নিয়ে আলোচনা করছে। অগ্নিবীরদের নিয়োগ সংক্রান্ত বর্তমান নিয়মে প্রয়োজনীয় পরিবর্তন আনা হতে পারে। এর জন্য রাজ্য মন্ত্রিসভায় প্রস্তাব আনার প্রস্তুতিও চলছে। উত্তরাখণ্ডের আমলা শৈলেশ বগৌলি জানিয়েছেন, কেন্দ্রের অনুরোধ পাওয়ার পরই রাজ্যস্তরে পরবর্তী পদক্ষেপ শুরু হয়েছে।

শুধু নিয়ম পরিবর্তন নয়। কতগুলি পদ খালি রয়েছে, তার হিসাবও চেয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। উত্তরাখণ্ড সরকারকে নির্দিষ্ট ছকে তথ্য দিতে বলা হয়েছে। সেখানে মাসভিত্তিক, পদভিত্তিক এবং শ্রেণিভিত্তিক শূন্যপদের বিস্তারিত তথ্য দিতে হবে। এর ফলে কোন দফতরে কতগুলি পদে প্রাক্তন অগ্নিবীরদের নিয়োগ করা সম্ভব, তা স্পষ্ট হবে।

এই নতুন ব্যবস্থা চালু হলে আগামী দিনে সেনা থেকে বেরিয়ে আসা অগ্নিবীরদের সামনে সরকারি চাকরির বড় সুযোগ তৈরি হতে পারে। বিশেষ করে যাঁরা সামরিক পরিষেবা শেষ করে দ্রুত কর্মজীবনে ঢুকতে চান, তাঁদের জন্য এটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। কেন্দ্রের লক্ষ্য শুধু সংরক্ষণ দেওয়া নয়। সামরিক প্রশিক্ষণ পাওয়া এই তরুণদের দক্ষতাকে সরকারি পরিষেবায় কাজে লাগানোও এর অন্যতম উদ্দেশ্য। এখন উত্তরাখণ্ডের মন্ত্রিসভা কী সিদ্ধান্ত নেয়, সেদিকেই নজর।

  • Abhijit Chowdhury
    ABOUT THE AUTHOR
    Abhijit Chowdhury

    ২০২১ সাল থেকে হিন্দুস্তান টাইমস বাংলার সঙ্গে যুক্ত রয়েছেন অভিজিৎ চৌধুরী। ২০১৮ সালে সালে তাঁর পেশাদার জীবনের শুরু। জাতীয়, আন্তর্জাতিক বিষয়, বাংলার রাজনীতি এবং খেলাধুলোর বিষয়ে লেখার ক্ষেত্রে ৮ বছরের অভিজ্ঞতা রয়েছে তাঁর। আন্তর্জাতিক ক্ষেত্রে আমেরিকা, পাকিস্তান এবং বাংলাদেশের বিষয়ে তাঁর আগ্রহ সবচেয়ে বেশি। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর ডিগ্রি পাশ করেই সাংবাদিকতার জগতে প্রবেশ করেছেন অভিজিৎ। হিন্দুস্তান টাইমস বাংলায় যোগদানের আগে ওয়ানইন্ডিয়া এবং ইটিভি ভারতে কাজ করার অভিজ্ঞতা রয়েছে অভিজিতের। এছাড়া আকাশবাণীতে রেডিও জকি হিসেবেও কাজ করেছিলেন তিনি। খবরের জগৎ ছাড়া খেলাধুলো, ইতিহাসে অভিজিতের আগ্রহ রয়েছে। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন নিয়ে অভিজিৎ তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন আশুতোষ কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: ক্রিকেট, ফুটবল, টেনিস ছাড়া প্রায় সব ধরনের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বই পড়ে এবং বিভিন্ন বিষয়ে ডকুমেন্টারি দেখে।Read More