Agniveer Latest Update: ৬ বছর সেনায় চাকরির পরে স্থায়ী সেনাকর্মী হতে অগ্নিবীরদের দিতে হবে কঠিন পরীক্ষা

সম্প্রতি কেন্দ্রীয় সরকার অগ্নিপথ প্রকল্পে পরিবর্তনের ঘোষণা করেছে। নতুন ব্যবস্থায় চার বছরের মেয়াদ শেষে পরিষেবা থেকে অব্যাহতি পাওয়ার কথা থাকা ৭৫ শতাংশ অগ্নিবীরের চাকরির মেয়াদ আরও দু’বছর বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

Published on: Nov 18, 2026, 09:01:40 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
Copy link
  • copy link

অগ্নিপথ প্রকল্পে বড়সড় পরিবর্তনের পর এবার অগ্নিবীরদের স্থায়ী সেনাকর্মী হওয়ার পথেও আসছে একাধিক কঠিন শর্ত! চার বছরের চাকরির মেয়াদ শেষ হওয়ার পর যাঁরা আরও দু’বছরের জন্য সেনায় কাজের সুযোগ পাবেন, তাঁদেরও পাকাপাকিভাবে সেনাবাহিনীতে নিয়োগের কোনও নিশ্চয়তা থাকছে না। বরং ছয় বছর পরিষেবা দেওয়ার পর নিয়মিত সেনাকর্মী হতে গেলে কঠোর বাছাই প্রক্রিয়ার মধ্যে দিয়ে যেতে হবে অগ্নিবীরদের। শারীরিক সক্ষমতা, ফায়ারিং দক্ষতা, চিকিৎসাগত যোগ্যতা থেকে শুরু করে সামরিক শৃঙ্খলা—প্রতিটি ক্ষেত্রেই নিজেদের যোগ্যতার প্রমাণ দিতে হবে। অর্থাৎ শুধু ছয় বছর সেনায় কাজ করলেই স্থায়ী চাকরি মিলবে না। যোগ্যতার ভিত্তিতেই চূড়ান্ত নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হবে।

৬ বছর সেনায় চাকরির পরে স্থায়ী সেনাকর্মী হতে অগ্নিবীরদের দিতে হবে কঠিন পরীক্ষা
৬ বছর সেনায় চাকরির পরে স্থায়ী সেনাকর্মী হতে অগ্নিবীরদের দিতে হবে কঠিন পরীক্ষা

প্রতিবেদন অনুযায়ী, সম্প্রতি কেন্দ্রীয় সরকার অগ্নিপথ প্রকল্পে পরিবর্তনের ঘোষণা করেছে। নতুন ব্যবস্থায় চার বছরের মেয়াদ শেষে পরিষেবা থেকে অব্যাহতি পাওয়ার কথা থাকা ৭৫ শতাংশ অগ্নিবীরের চাকরির মেয়াদ আরও দু’বছর বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে এই পরিবর্তন বর্তমানে সেনাবাহিনীতে কর্মরত প্রায় ৩.১৮ লক্ষ অগ্নিবীরের ক্ষেত্রেই প্রযোজ্য বলে জানানো হয়েছে। কিন্তু দু’বছরের এই অতিরিক্ত পরিষেবার পরেও স্থায়ী হওয়ার সুযোগ নিশ্চিত নয়।

কী কী পরীক্ষায় পাশ করতে হবে?

'ইন্ডিয়ান এক্সপ্রেস'-এর প্রতিবেদন উদ্ধৃত করে লাইভ হিন্দুস্তান জানিয়েছে, ছয় বছর পরিষেবা শেষে নিয়মিত সেনাকর্মী হওয়ার জন্য একাধিক কঠোর মাপকাঠি নির্ধারণের বিষয়ে আলোচনা চলছে। প্রথমত, অগ্নিবীরদের শারীরিক সক্ষমতার পরীক্ষায় অসাধারণ ফল করতে হবে। কম্বাইন্ড ফিজিক্যাল টেস্টে পেতে হবে 'এক্সেলেন্ট' গ্রেড। দ্বিতীয়ত, অস্ত্র চালানো এবং ফায়ারিংয়ের দক্ষতাও হবে অত্যন্ত গুরুত্বপূর্ণ। ফায়ারিং পরীক্ষায় অন্তত 'ফার্স্ট ক্লাস শট' স্তরের পারফরম্যান্স প্রয়োজন হতে পারে।

এছাড়াও আধুনিক যুদ্ধপ্রযুক্তি, উন্নত অস্ত্র এবং সামরিক সরঞ্জাম পরিচালনায় দক্ষ অগ্নিবীরদের অগ্রাধিকার দেওয়ার কথা ভাবা হচ্ছে। অর্থাৎ ভবিষ্যতের সেনাবাহিনীতে শুধু শারীরিক শক্তি নয়, প্রযুক্তিগত দক্ষতাও গুরুত্বপূর্ণ হয়ে উঠবে। মাল্টি-স্কিলড বা বহুমুখী দক্ষতাসম্পন্ন সেনাকর্মী তৈরিই এই পরিকল্পনার অন্যতম লক্ষ্য।

শারীরিক অসুস্থতা ও শৃঙ্খলাভঙ্গেও বাদ পড়ার আশঙ্কা

স্থায়ী নিয়োগের ক্ষেত্রে চিকিৎসাগত যোগ্যতাকেও বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। যাঁরা লো মেডিক্যাল ক্যাটাগরি বা LMC-র অন্তর্ভুক্ত, তাঁদের নিয়োগ না করার বিষয়ে আলোচনা চলছে। তবে যুদ্ধক্ষেত্রে আহত হওয়া কিংবা সামরিক দায়িত্ব পালন করতে গিয়ে অসুস্থ বা অক্ষম হয়ে পড়া অগ্নিবীরদের ক্ষেত্রে বিশেষ ছাড় দেওয়ার সম্ভাবনাও রয়েছে। এই বিষয়গুলি এখনও প্রাথমিক আলোচনার পর্যায়ে।

পাশাপাশি মদ্যপানের আসক্তি-সহ শৃঙ্খলাভঙ্গের অভিযোগ থাকলেও স্থায়ী নিয়োগের ক্ষেত্রে সমস্যা হতে পারে। সেনাবাহিনীর নিয়ম ভাঙার ঘটনায় রেড ইঙ্ক এন্ট্রি এবং ব্ল্যাক ইঙ্ক এন্ট্রির মতো শাস্তিমূলক নথিও বিবেচনা করা হতে পারে।

ইউনিট স্তরেই হতে পারে চূড়ান্ত পরীক্ষা

অগ্নিবীরদের স্থায়ী নিয়োগের জন্য ইউনিট স্তরে ক্যাডার পরীক্ষার প্রস্তাবও রয়েছে। ছয় বছরের মেয়াদের শেষ দু’বছরের পরিষেবা শেষে এই পরীক্ষায় লিখিত মূল্যায়ন, শারীরিক সক্ষমতা যাচাই এবং ফায়ারিং টেস্ট নেওয়া হতে পারে। সব পরীক্ষার ফলের ভিত্তিতে তৈরি হবে চূড়ান্ত মেধাতালিকা। সেনার তিন বাহিনীর শীর্ষ সংগঠন HQ IDS জানিয়েছে, এই নির্বাচন পদ্ধতির বিভিন্ন দিক নিয়ে এখনও আলোচনা চলছে।

অগ্নিবীরদের দিতে হবে চারটি বিকল্প

পরিবর্তিত প্রকল্পের অধীনে নতুন শংসাপত্রে অগ্নিবীরদের কাছ থেকে চারটি বিকল্প চাওয়া হবে।

- নিয়মিত সেনাকর্মী হিসেবে যোগ দিতে চান।

- নিয়মিত সেনাকর্মী হওয়ার চেষ্টা করবেন, তবে ২৫ শতাংশের মেধাতালিকায় জায়গা না পেলে দু’বছরের মেয়াদ বৃদ্ধিতেও রাজি।

- শুধু দু’বছরের অতিরিক্ত পরিষেবা দিতে চান।

- আর সেনাবাহিনীতে থাকতে চান না।

সব মিলিয়ে, অগ্নিপথ প্রকল্পে নতুন পরিবর্তনের ফলে অগ্নিবীরদের সামনে অতিরিক্ত দু’বছর সেনায় কাজের সুযোগ তৈরি হলেও স্থায়ী চাকরির জন্য লড়াই আরও কঠিন হতে চলেছে। তবে মনে রাখতে হবে, ছয় বছর পর স্থায়ী নিয়োগের চূড়ান্ত মাপকাঠিগুলি এখনও আলোচনাধীন।

  • Abhijit Chowdhury
    ABOUT THE AUTHOR
    Abhijit Chowdhury

    ২০২১ সাল থেকে হিন্দুস্তান টাইমস বাংলার সঙ্গে যুক্ত রয়েছেন অভিজিৎ চৌধুরী। ২০১৮ সালে সালে তাঁর পেশাদার জীবনের শুরু। জাতীয়, আন্তর্জাতিক বিষয়, বাংলার রাজনীতি এবং খেলাধুলোর বিষয়ে লেখার ক্ষেত্রে ৮ বছরের অভিজ্ঞতা রয়েছে তাঁর। আন্তর্জাতিক ক্ষেত্রে আমেরিকা, পাকিস্তান এবং বাংলাদেশের বিষয়ে তাঁর আগ্রহ সবচেয়ে বেশি। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর ডিগ্রি পাশ করেই সাংবাদিকতার জগতে প্রবেশ করেছেন অভিজিৎ। হিন্দুস্তান টাইমস বাংলায় যোগদানের আগে ওয়ানইন্ডিয়া এবং ইটিভি ভারতে কাজ করার অভিজ্ঞতা রয়েছে অভিজিতের। এছাড়া আকাশবাণীতে রেডিও জকি হিসেবেও কাজ করেছিলেন তিনি। খবরের জগৎ ছাড়া খেলাধুলো, ইতিহাসে অভিজিতের আগ্রহ রয়েছে। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন নিয়ে অভিজিৎ তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন আশুতোষ কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: ক্রিকেট, ফুটবল, টেনিস ছাড়া প্রায় সব ধরনের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বই পড়ে এবং বিভিন্ন বিষয়ে ডকুমেন্টারি দেখে।Read More