Air India: ‘ভেবেছিলাম মরেই যাব!’ হঠাৎ ৩০০ ফুট নীচে নামল এয়ার ইন্ডিয়ার বিমান, ভয়ঙ্কর অভিজ্ঞতা যাত্রীদের

Air India: এয়ার ইন্ডিয়ার বিমানটি ফুকেট থেকে দিল্লিতে ফিরছিল। তীব্র ঝাঁকুনির কারণেই মাঝআকাশে এয়ার ইন্ডিয়ার এআই২৩৭৯ বিমানটি দুর্ঘটনার কবলে পড়ে।

Published on: Aug 4, 2026, 21:05:53 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

Air India: ফের দুর্ঘটনার কবলে এয়ার ইন্ডিয়ার বিমান। মঙ্গলবার মাঝআকাশে ভয়াবহ টার্বুলেন্স বা প্রবল ঝাঁকুনির জেরে ভয়াবহ অভিজ্ঞতার সম্মুখীন হল ফুকেট থেকে দিল্লিগামী এয়ার ইন্ডিয়া বিমানের যাত্রীদের। এই ঘটনায় যাত্রী ও কেবিন ক্রু-সহ অন্তত ১২ জন আহত হয়েছেন।

হঠাৎ ৩০০ ফুট নীচে নামল এয়ার ইন্ডিয়ার বিমান, আহত অন্তত ১২ (ANI Video Grab)
হঠাৎ ৩০০ ফুট নীচে নামল এয়ার ইন্ডিয়ার বিমান, আহত অন্তত ১২ (ANI Video Grab)

জানা গিয়েছে, এয়ার ইন্ডিয়ার বিমানটি ফুকেট থেকে দিল্লিতে ফিরছিল। তীব্র ঝাঁকুনির কারণেই মাঝআকাশে এয়ার ইন্ডিয়ার এআই২৩৭৯ বিমানটি দুর্ঘটনার কবলে পড়ে। এক ধাক্কায় উড়ান চলাকালীন আচমকাই বিমানটি প্রায় ৩০০ ফুট নীচে নেমে আসে। যার জেরে হঠাৎ প্রবল ঝাঁকুনিতে বিমানে থাকা অন্তত ১২ জন যাত্রী আহত হয়েছেন। যদিও কারও চোট গুরুতর নয়। ঝাঁকুনির কারণে বিমানটিও সামান্য ক্ষতিগ্রস্ত হয়েছে। দুর্ঘটনার পরেও অতি সাবধানে যাত্রীবাহী এয়ার ইন্ডিয়ার বিমানটি দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। সেখানেই মেডিক্যাল টিম উপস্থিত ছিল। যাত্রীদের বিমানকে নামিয়ে দ্রুত চিকিৎসা শুরু করা হয়। বিমানটির ১১টা বেজে ১৫ মিনিট নাগাদ অবতরণ করার কথা ছিল।

এক বিবৃতিতে এয়ার ইন্ডিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করেছে। বিবৃতিতে বলা হয়েছে, ৪ আগস্ট ফুকেট থেকে দিল্লিগামী ফ্লাইট এআই২৩৭৯ উড্ডয়নের কিছুক্ষণ পর স্বল্প সময়ের জন্য তীব্র টার্বুলেন্সের মুখে পড়ে। যার ফলে বিমানের উচ্চতায় আকস্মিক পরিবর্তন ঘটে। এর ফলে হঠাৎ বিমানের উচ্চতায় অস্বাভাবিক পরিবর্তন ঘটে। বিবৃতিতে আরও বলা হয়েছে, বিমানটি নিরাপদে দিল্লিতে অবতরণ করেছে। এ ঘটনার পর যাত্রী ও ক্রুরা নিরাপদে বিমান থেকে অবতরণ করেছেন। বিমানটিতে ১৩৪ জন যাত্রী ছিলেন। বিমান সংস্থাটি জানিয়েছে, 'এখন পর্যন্ত কোনও গুরুতর আহতের খবর নেই। কয়েকজন যাত্রী ও কেবিন ক্রুর সামান্য চোট লেগেছে। সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে তাঁদের মেডিক্যাল পরীক্ষার জন্য বিমানবন্দরের চিকিৎসা কেন্দ্রে নিয়ে যাওয়া হয়েছে।' অবতরণের পর কয়েকজন যাত্রী জানান, বিমানটির উচ্চতা হঠাৎ কমে যেতে শুরু করে। এ ঘটনায় কয়েকজন যাত্রী আহত হন। এক যাত্রী বলেন, ‘বিমানটির উচ্চতা হঠাৎ কমে যাওয়ায় আমার মাথা বিমানের ছাদে আঘাত করে। এরপর আমি আসন থেকে ছিটকে নিচে পড়ে যাই।’ এ ঘটনায় কয়েকজন যাত্রী শরীর ও মাথায় সামান্য আঘাত পেয়েছেন।

বার্তা সংবাদ এএনআই-কে দেওয়া এক সাক্ষাৎকারে এক যাত্রী বলেন, 'ফ্লাইটটি দেড় ঘণ্টা ধরে উড়ছিল। তখন ভোরবেলা। আমরা ফ্লাইটের ভেতরে ঘুমিয়ে ছিলাম। সেই সময় ফ্লাইটটি হঠাৎ থেমে যায় এবং একদিকে ঘুরে যায়। এভাবে ২-৩ মিনিট ধরে চলে। ১৫-২০ জন যাত্রী আহত হয়েছেন। ফ্লাইটটিতে ১০০ জনেরও বেশি লোক ছিলেন। আমরা অবশ্যই এয়ার ইন্ডিয়ার বিরুদ্ধে ব্যবস্থা নেব।' অন্য এক প্রতিক্রিয়ায় একই যাত্রী জানান, তাঁর কোমরের নিচের অংশে চোট লেগেছে, আর তাঁর ভাইয়ের কাঁধ ও পিঠে আঘাত লেগেছে। তিনি আরও দাবি করেন, টার্বুলেন্সে একটি শিশুও আহত হয়েছে। যাত্রীটির আরও অভিযোগ, টার্বুলেন্সের সময় তাঁর ভাইয়ের কানের পর্দা (ইয়ারড্রাম) ফেটে গিয়েছে। তিনি বলেন, 'আমার ভাইয়ের কানের পর্দা ফেটে গিয়েছে। একজনের শিশুও আহত হয়েছে। আমার কোমরের নিচের অংশে চোট লেগেছে। আমার ভাইয়ের কাঁধ ও পিঠে আঘাত লেগেছে। মেডিকো-লিগ্যাল রিপোর্ট তৈরি হলে পুরো বিষয়টি পরিষ্কার হবে।' বিমান সংস্থাটি জানিয়েছে, ‘আমাদের যাত্রী ও কর্মীদের নিরাপত্তা এবং সুস্থতা সর্বোচ্চ অগ্রাধিকার। আমরা ক্ষতিগ্রস্তদের সব ধরনের প্রয়োজনীয় সহায়তা দিচ্ছি। পাশাপাশি, তদন্তের অংশ হিসেবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে পূর্ণ সহযোগিতা করছি।’