Pilot Dies in Hotel Room: দরজা ভেতর থেকে বন্ধ! দিল্লির হোটেলে এয়ার ইন্ডিয়ার পাইলটের রহস্যমৃত্যু, ভাইয়ের ফোন...
Pilot Dies in Hotel Room: দিল্লি পুলিশ জানিয়েছে, ১১ সেপ্টেম্বর এক হোটেল অতিথির অসুস্থতার বিষয়ে বসন্ত কুঞ্জ নর্থ থানায় পিসিআর কল আসে। খবর পেয়ে পুলিশ হোটেলে পৌঁছে ওই পাইলটকে অচেতন ও সাড়া-প্রতিক্রিয়াহীন অবস্থায় দেখতে পায়।
Pilot Dies in Hotel Room: কিছুক্ষণ পরেই বিমান নিয়ে ওড়ার কথা ছিল। তার ঠিক আগেই দিল্লির বিলাসবহুল হোটেলের ঘর থেকে এক পাইলটকে অচেতন অবস্থায় উদ্ধার করা হয়। সঙ্গে সঙ্গে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন। এয়ার ইন্ডিয়ার পাইলটের রহস্যমৃত্যু ঘিরে তোলপাড় রাজধানী।
পুলিশ সূত্রের খবর, গত ১০ সেপ্টেম্বর দক্ষিণ দিল্লির বসন্ত কুঞ্জে লে-ওভারের সময় একটি হোটেলে বিশ্রামের জন্য ওঠেন ওই পাইলট। তিনি মুম্বইয়ের বাসিন্দা ছিলেন। শুক্রবার সন্ধ্যায় উড়ানের ঠিক কয়েক ঘণ্টা আগেই ওই হোটেল থেকে অচৈতন্য অবস্থায় পাইলটকে উদ্ধার করা হয়। পরে হাসপাতালে নিয়ে যেতেই তাঁকে মৃত ঘোষণা করা হয়। গোটা ঘটনায় ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা (BNSS)-এর ১৯৪ ধারার অধীনে ইনকোয়েস্ট বা মৃত্যুর কারণ সংক্রান্ত আইনি প্রক্রিয়াও শুরু হয়েছে। শনিবার সফদরজং হাসপাতালে তাঁর ময়নাতদন্ত সম্পন্ন হয়। তবে এখনও পর্যন্ত রিপোর্ট হাতে আসেনি। পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের রিপোর্ট সামনে এলেই মৃত্যুর আসল কারণ বোঝা যাবে।
দিল্লি পুলিশ জানিয়েছে, ১১ সেপ্টেম্বর এক হোটেল অতিথির অসুস্থতার বিষয়ে বসন্ত কুঞ্জ নর্থ থানায় পিসিআর কল আসে। খবর পেয়ে পুলিশ হোটেলে পৌঁছে ওই পাইলটকে অচেতন ও সাড়া-প্রতিক্রিয়াহীন অবস্থায় দেখতে পায়। এর আগে পাইলটের ভাই তাঁকে ফোন করে সাড়া না পাওয়ায় হোটেল ম্যানেজারের সঙ্গে যোগাযোগ করেন। এরপর ম্যানেজার তাঁর ঘরের সামনে গিয়ে দেখেন, দরজা ভেতর থেকে বন্ধ। পরে হোটেলের মাস্টার কী ব্যবহার করে দরজা খোলা হয়। ঘরের ভিতরেই পাইলটকে অচেতন অবস্থায় পাওয়া যায়। তাঁকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে চিকিৎসকরা তাঁকে ‘ব্রট ডেড’ বা হাসপাতালে আনার আগেই মৃত বলে ঘোষণা করেন। ঘটনার পর হোটেলে ক্রাইম টিমকে ডাকা হয়। পুলিশ প্রাথমিকভাবে খুন বা অন্য কোনও অপরাধমূলক ঘটনার সম্ভাবনা উড়িয়ে দিয়েছে। তবে মৃত্যুর প্রকৃত কারণ চূড়ান্ত মেডিক্যাল মতামত পাওয়ার পরই নিশ্চিত হবে। ঘটনার তদন্ত এখনও চলছে।
অন্যদিকে, এয়ার ইন্ডিয়া এক বিবৃতিতে পাইলটের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে। সংস্থাটি জানিয়েছে, এর আগে এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসে কর্মরত ছিলেন ওই পাইলট। কয়েক মাস আগেই এয়ার ইন্ডিয়ায় যোগ দেন পাইলট হিসেবে। এয়ার ইন্ডিয়ার তরফে বিবৃতি দিয়ে বলা হয়, 'দিল্লিতে ককপিট কর্মীর মৃত্যুতে শোকাহত আমরা। লেওভার ছিল দিল্লিতে। হোটেলে বিশ্রাম নিচ্ছিলেন। সেখানে অচৈতন্য অবস্থায় পাওয়া যায় ওঁকে। ওঁর পরিবারের সঙ্গে যোগাযোগ রয়েছে। এই কঠিন সময়ে সব রকম সাহায্য করা হচ্ছে পরিবারকে।'
Home/News/Pilot Dies In Hotel Room: দরজা ভেতর থেকে বন্ধ! দিল্লির হোটেলে এয়ার ইন্ডিয়ার পাইলটের রহস্যমৃত্যু, ভাইয়ের ফোন...