Ajit Agarkar: ভারতীয় ক্রিকেটে শেষ আগরকর অধ্যায়! নতুন প্রধান নির্বাচক হওয়ার দৌড়ে দুই প্রাক্তন তারকা: সূত্র

Ajit Agarkar: অজিত আগরকরের বর্তমান চুক্তির মেয়াদ শেষ হচ্ছে আগামী ৪ অক্টোবর। আগে শোনা গিয়েছিল, আগামী বছর আয়োজিত হতে চলা ওয়ান ডে বিশ্বকাপ পর্যন্ত নিজের পদে বহাল থাকবেন তিনি। কিন্তু পরিস্থিতি বদলেছে।

Published on: Sep 18, 2026, 23:01:06 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

Ajit Agarkar: ভারতীয় ক্রিকেটে শেষ হতে চলেছে অজিত আগরকর (Ajit Agarkar) অধ্যায়! চলতি মাসেই শেষ হচ্ছে ভারতীয় ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাচক হিসেবে তাঁর বর্তমান চুক্তির মেয়াদ। শুক্রবার বিসিসিআইয়ের (BCCI) বার্ষিক সাধারণ সভা বা এজিএম রয়েছে। সেখানেই হয়তো চূড়ান্ত সিলমোহর পড়বে। সূত্রের খবর, এরমধ্যেই অজিত আগরকরের উত্তরসূরি হিসেবে দু'জনের নাম শর্টলিস্ট করে ফেলেছে বোর্ড। দৌড়ে সবচেয়ে এগিয়ে রয়েছেন দুই প্রাক্তন তারকা পার্থিব প্যাটেল এবং প্রজ্ঞান ওঝা।

অজিত আগরকর (HT_PRINT)
অজিত আগরকর (HT_PRINT)

সংবাদমাধ্যম এনডিটিভি-এর প্রতিবেদন অনুযায়ী, অজিত আগরকরের বর্তমান চুক্তির মেয়াদ শেষ হচ্ছে আগামী ৪ অক্টোবর। আগে শোনা গিয়েছিল, আগামী বছর আয়োজিত হতে চলা ওয়ান ডে বিশ্বকাপ পর্যন্ত নিজের পদে বহাল থাকবেন তিনি। কিন্তু পরিস্থিতি বদলেছে। বিসিসিআই-এর অন্দরে একটি অংশ মনে করছে আগরকরের মেয়াদ কার্যত শেষের পথে। বুধবার ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ভারতের সাদা বলের সিরিজের দল নির্বাচনই তাঁর শেষ নির্বাচনী বৈঠক হয়ে থাকতে পারে। সেই বৈঠকের পরেই ওয়েস্ট ইন্ডিজ সিরিজ এবং ইরানি ট্রফির দল ঘোষণা করা হয়েছে। এরপর তাঁকে আর এই চেয়ারে দেখার সম্ভাবনা ক্ষীণ।

দৌড়ে পার্থিব প্যাটেল ও প্রজ্ঞান ওঝা

এনডিটিভি সূত্রের খবর, প্রধান নির্বাচক হওয়ার দৌড়ে এগিয়ে রয়েছেন দুই প্রাক্তন ক্রিকেটার। একজন প্রাক্তন উইকেটকিপার-ব্যাটার পার্থিব প্যাটেল। অন্যজন প্রাক্তন বাঁ-হাতি স্পিনার প্রজ্ঞান ওঝা। দু’জনেরই আন্তর্জাতিক ক্রিকেটের অভিজ্ঞতা রয়েছে। দু’জনেই আইপিএলে তিন বার করে চ্যাম্পিয়ন দলের সদস্য ছিলেন। এখন দেখার, শেষ পর্যন্ত তাঁদের মধ্যে কাকে বেছে নেয় বিসিসিআই, নাকি আগরকরকেই আরও কিছু দিন দায়িত্বে রাখার সিদ্ধান্ত নেয় বোর্ড। আপাতত সূত্রের খবর, আগরকরের মেয়াদ বাড়ার সম্ভাবনা ক্রমেই কমছে।

অন্যদিকে, বুধবারের বৈঠকে রোহিত শর্মাকেও ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে এক দিনের সিরিজের দলে রাখা হয়েছে। এই ঘটনা আগরকরের আগের অবস্থানের সম্পূর্ণ বিপরীত। এর আগে নির্বাচকদের তরফে রোহিতকে জানানো হয়েছিল, ২০২৭ ওয়ান ডে বিশ্বকাপের পরিকল্পনায় তিনি নেই—এমনই দাবি উঠে এসেছে। ইংল্যান্ডের বিরুদ্ধে আগের এক দিনের সিরিজে পর পর কম রানে আউট হওয়ার পরে রোহিতকে নিয়ে প্রশ্ন উঠেছিল। কিন্তু শেষ ম্যাচে ১৩৮ রানের দুরন্ত ইনিংস খেলে জবাব দেন ভারতীয় ব্যাটার। তার পরেই ওয়েস্ট ইন্ডিজ সিরিজের দলে তাঁর প্রত্যাবর্তন। রোহিতের ভবিষ্যৎ নিয়ে তৈরি হওয়া জল্পনায় আগেই হস্তক্ষেপ করেছিলেন বিসিসিআই সচিব দেবজিৎ সইকিয়া। আগরকরকে নিয়ে সেপ্টেম্বরের শুরুতে আয়োজিত একটি গুরুত্বপূর্ণ বৈঠকে অনুপস্থিত থাকা নিয়েও প্রশ্ন উঠেছিল। তখন সইকিয়া বলেছিলেন, ‘বৈঠকটি খুব অল্প সময়ের নোটিসে ডাকা হয়েছিল। আগরকর শহরের বাইরে ছিলেন। এমন জায়গায় ছিলেন, যেখানে চেষ্টা করেও অনলাইনে যোগ দিতে পারেননি।’ একই সঙ্গে আগরকরের মেয়াদ বাড়ানোর বিষয়ে সেদিন কোনও আলোচনা হয়নি বলেও জানিয়েছিলেন তিনি। এবার অবশ্য পরিস্থিতি অন্য দিকে এগোচ্ছে বলে খবর।