Alice Huang Details: Nvidia কর্তা জেনসেন হুয়াংকে ‘হানিট্র্যাপ’ করার অভিযোগ... কে এই চিনা গুপ্তচর অ্যালিস হুয়াং?
আমেরিকার উন্নত কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই চিপ চিনে পৌঁছে দেওয়ার কৌশলেও তাঁর ভূমিকা থাকতে পারে বলে সন্দেহ মার্কিন গোয়েন্দাদের। কিন্তু কে এই অ্যালিস?
বিশ্বের অন্যতম ধনী প্রযুক্তি ব্যবসায়ী, এনভিডিয়ার (Nvidia) সিইও জেনসেন হুয়াংকে ঘিরে আন্তর্জাতিক মহলে তুমুল চাঞ্চল্য। চিনের গুপ্তচর সংস্থার হয়ে কাজ করার অভিযোগ উঠেছে অ্যালিস হুয়াং নামে এক চিনা ব্যবসায়ীর বিরুদ্ধে। অভিযোগ, ব্যক্তিগত সম্পর্কের জালে জড়িয়ে এনভিডিয়া কর্তার কাছ থেকে গুরুত্বপূর্ণ তথ্য সংগ্রহের চেষ্টা করেছিলেন তিনি। শুধু তাই নয়, আমেরিকার উন্নত কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই চিপ চিনে পৌঁছে দেওয়ার কৌশলেও তাঁর ভূমিকা থাকতে পারে বলে সন্দেহ মার্কিন গোয়েন্দাদের। কিন্তু কে এই অ্যালিস? কী ভাবে চিনের ব্যবসায়িক জগৎ থেকে উঠে এসে বিশ্বের অন্যতম প্রভাবশালী প্রযুক্তি সংস্থার প্রধানের ঘনিষ্ঠ হয়ে উঠলেন তিনি?

চিন থেকে সিঙ্গাপুর, রহস্যময় উত্থান
ফার্স্টপোস্টের প্রতিবেদন অনুযায়ী, অ্যালিস হুয়াংয়ের আর একটি নাম হুয়াং লে। চিনা বংশোদ্ভূত এই ব্যবসায়ীর কর্মজীবন বেশ বৈচিত্রপূর্ণ। চিনের একটি বেসরকারি বিনিয়োগ সংস্থার ডেটাবেসে থাকা তাঁর জীবনবৃত্তান্ত অনুযায়ী, প্রথমে হুনান টিভি এবং চিনের সরকারি সম্প্রচার সংস্থা সিসিটিভিতে সাংবাদিকতার কাজ করতেন তিনি। পরে এইচএসবিসি ব্যাঙ্কের প্রাইভেট ব্যাঙ্কিং বিভাগে কাজ করেন। তার পর চিনের অন্যতম বড় আর্থিক প্রতিষ্ঠান সিআইটিআইসি সিকিউরিটিজে ভাইস প্রেসিডেন্টের দায়িত্ব সামলানোর কথা জানা যায়।
তবে তাঁর এই কর্মজীবনের সমস্ত তথ্য স্বাধীন ভাবে যাচাই করা যায়নি। এমনকী হুনান টিভির এক আধিকারিক তাঁর নাম শুনেছেন বলেও স্বীকার করেননি। সিসিটিভির ওয়েবসাইটেও তাঁর কোনও পুরনো পরিচিতি পাওয়া যায়নি।
২০২৩ সালের মার্চ মাসে সিঙ্গাপুরের সংস্থা ৭রোড ইন্টারন্যাশনালের নাম বদলে মেগাস্পিড করা হয়। সেই সময় সংস্থাটির ম্যানেজিং ডিরেক্টর হন অ্যালিস। পরবর্তী সময়ে সংস্থার মালিকানায় একাধিক পরিবর্তন ঘটে। তিনি নিজেও পরিচালকের পদ থেকে সরে যান।
কী ভাবে ঘনিষ্ঠতা জেনসেনের সঙ্গে?
অ্যালিসের সঙ্গে জেনসেন হুয়াংয়ের প্রথম পরিচয় কবে, তা এখনও স্পষ্ট নয়। তবে ২০২৪ সালের জুন মাসে তাইওয়ানের তাইপেই শহরে একটি প্রযুক্তি সংক্রান্ত অনুষ্ঠানের পর দুই জনকে একসঙ্গে দেখা যায়। একটি ছবিতে তাঁদের পাশাপাশি বসে থাকতে দেখা গিয়েছিল। ২০২৫ সালের মে মাসেও এআই প্রযুক্তি সরবরাহকারীদের সঙ্গে নৈশভোজের পর জেনসেনের কাছাকাছি দেখা যায় অ্যালিসকে।
আমেরিকার গোয়েন্দা সংস্থাগুলির দাবি, অ্যালিসের সঙ্গে জেনসেনের ঘনিষ্ঠ সম্পর্কের পিছনে চিনের মিনিস্ট্রি অফ স্টেট সিকিউরিটির ভূমিকা থাকতে পারে। অভিযোগ, এনভিডিয়ার প্রধানের কাছ থেকে তথ্য সংগ্রহ এবং আমেরিকার প্রশাসনের উপর প্রভাব বিস্তার করাই ছিল উদ্দেশ্য। তবে অ্যালিস তাঁকে পরিকল্পিত ভাবে হানিট্র্যাপ করেছিলেন, এমন কোনও চূড়ান্ত প্রমাণ এখনও প্রকাশ্যে আসেনি।
৪৮০ কোটি ডলারের চিপ ব্যবসা
এই বিতর্কের কেন্দ্রে রয়েছে মেগাস্পিডের বিপুল ব্যবসা। সংস্থাটির মালয়েশীয় সহযোগী প্রতিষ্ঠান স্পিডম্যাট্রিক্স ২০২৪ সালের জুন থেকে ২০২৬ সালের ফেব্রুয়ারি পর্যন্ত অন্তত ৪৮০ কোটি ডলার মূল্যের এআই প্রযুক্তির সরঞ্জাম কিনেছে। সেই সরঞ্জামের মধ্যে ছিল এনভিডিয়ার তৈরি উন্নত চিপ।
মালয়েশিয়া এবং ইন্দোনেশিয়ায় ডেটা সেন্টার তৈরি করে চিনের বিভিন্ন গ্রাহককে কম্পিউটিং পরিষেবা দিত মেগাস্পিড। তাদের গ্রাহকদের মধ্যে আলিবাবার মতো সংস্থাও ছিল। আমেরিকার তদন্তকারীদের সন্দেহ, বিদেশে কেনা কিছু উন্নত চিপ বেআইনি ভাবে চিনে পৌঁছে দেওয়া হয়ে থাকতে পারে।
আমেরিকার তদন্তে নাম অ্যালিসের
মার্কিন গোয়েন্দাদের দাবি, চিনের গোয়েন্দা সংস্থা অ্যালিসকে জেনসেনের উপর নজর রাখার দায়িত্ব দিয়েছিল। ২০২৬ সালের বসন্তে বিদেশমন্ত্রী মার্কো রুবিওর তত্ত্বাবধানে তৈরি একটি গোপন নথিতে এই গোয়েন্দা তথ্যের উল্লেখ ছিল বলে সংবাদমাধ্যমের দাবি।
তবে চিনের দূতাবাস এই অভিযোগকে ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছে। সিঙ্গাপুরের স্বরাষ্ট্র মন্ত্রকও জানিয়েছে, অ্যালিসের চিনা গোয়েন্দা সংযোগ নিয়ে তাদের সরকার কোনও তদন্ত করেনি। তাঁর বিরুদ্ধে এখনও কোনও প্রকাশ্য ফৌজদারি অভিযোগ দায়ের হওয়ার খবর নেই।
এদিকে জেনসেন হুয়াং নিজের বিবাহ-বহির্ভূত সম্পর্কের কথা স্বীকার করে স্ত্রী ও সন্তানদের কাছে ক্ষমা চেয়েছেন। এনভিডিয়ার পরিচালন পর্ষদও স্বাধীন তদন্তের সিদ্ধান্ত নিয়েছে। সংস্থার দাবি, এখনও পর্যন্ত জাতীয় নিরাপত্তা বা বাণিজ্যিক গোপন তথ্য ফাঁস হওয়ার কোনও প্রমাণ তাদের হাতে নেই।
অর্থাৎ অ্যালিস হুয়াংয়ের প্রকৃত ভূমিকা কী ছিল, তিনি সত্যিই চিনের হয়ে গুপ্তচরবৃত্তি করেছেন কি না এবং জেনসেনের কাছ থেকে কোনও গোপন তথ্য পেয়েছিলেন কি না, সেই প্রশ্নগুলির উত্তর এখনও অধরা। তদন্তের ফলের দিকেই এখন তাকিয়ে প্রযুক্তি ও কূটনৈতিক মহল।
ABOUT THE AUTHORAbhijit Chowdhury২০২১ সাল থেকে হিন্দুস্তান টাইমস বাংলার সঙ্গে যুক্ত রয়েছেন অভিজিৎ চৌধুরী। ২০১৮ সালে সালে তাঁর পেশাদার জীবনের শুরু। জাতীয়, আন্তর্জাতিক বিষয়, বাংলার রাজনীতি এবং খেলাধুলোর বিষয়ে লেখার ক্ষেত্রে ৮ বছরের অভিজ্ঞতা রয়েছে তাঁর। আন্তর্জাতিক ক্ষেত্রে আমেরিকা, পাকিস্তান এবং বাংলাদেশের বিষয়ে তাঁর আগ্রহ সবচেয়ে বেশি। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর ডিগ্রি পাশ করেই সাংবাদিকতার জগতে প্রবেশ করেছেন অভিজিৎ। হিন্দুস্তান টাইমস বাংলায় যোগদানের আগে ওয়ানইন্ডিয়া এবং ইটিভি ভারতে কাজ করার অভিজ্ঞতা রয়েছে অভিজিতের। এছাড়া আকাশবাণীতে রেডিও জকি হিসেবেও কাজ করেছিলেন তিনি। খবরের জগৎ ছাড়া খেলাধুলো, ইতিহাসে অভিজিতের আগ্রহ রয়েছে। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন নিয়ে অভিজিৎ তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন আশুতোষ কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: ক্রিকেট, ফুটবল, টেনিস ছাড়া প্রায় সব ধরনের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বই পড়ে এবং বিভিন্ন বিষয়ে ডকুমেন্টারি দেখে।Read More
E-Paper


