Nvidia: এনভিডিয়ার প্রাক্তন সিইও-র প্রেমে চিপের যোগ! চিনে ৯ বিলিয়ন ডলারের ডেটা সেন্টার, অ্যালিসের স্বামীকে ঘিরে রহস্য

Nvidia: ২০২১-২৪ সালের মধ্যে কাং ওয়েইয়ের ডেটা সাম্রাজ্যে বিনিয়োগের পরিমাণ ৯ বিলিয়ন ডলারের বেশি। এর সবটাই সরকারি সাহায্যে প্রস্তুত।

Published on: Nov 18, 2026, 14:41:04 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
Copy link
  • copy link

Nvidia: মার্কিন যুক্তরাষ্ট্রের এআই সাম্রাজ্যকে টেক্কা দিতে কী প্রেমকেই হাতিয়ার করেছিলেন অ্যালিস হুয়াং? অভিযোগ, এনভিডিয়া প্রধান জেনসেন হুয়াংয়ের সঙ্গে ঘনিষ্ঠতার নেপথ্যে ছিল উন্নত চিপ চিনে নিয়ে যাওয়ার পরিকল্পনা। অন্যদিকে, চিন সরকারের সহায়তায় ৯ বিলিয়ন ডলারের (প্রায় ৭৯ হাজার কোটি টাকা) ডেটা সেন্টার গড়ে তোলেন তাঁর স্বামী কাং ওয়েই। এনভিডিয়ার টালমাটাল পরিস্থিতির মাঝেই এবার কাং ওয়েইকে নিয়ে বিস্ফোরক তথ্য প্রকাশ করল মার্কিন সংবাদমাধ্যম ‘দ্য ওয়াল স্ট্রিট জার্নাল।’

এনভিডিয়ার প্রাক্তন সিইও-র প্রেমে চিপের যোগ! (via REUTERS)
এনভিডিয়ার প্রাক্তন সিইও-র প্রেমে চিপের যোগ! (via REUTERS)

দ্য ওয়াল স্ট্রিট জার্নাল-এর প্রতিবেদন অনুযায়ী, একটা সময় ভিডিও গেম ইন্ডাস্ট্রিতে কাজ করতেন কাং ওয়েই। সেখান থেকেই তাঁর পরিচয় হয় এনভিডিয়ার তৎকালীন সিইও জেনসেন হুয়াংয়ের সঙ্গে। তাঁদের পরিচয় অন্তত ১০ বছরের। রিপোর্ট বলছে, কাং নিজেই অ্যালিসের সঙ্গে পরিচয় করিয়ে দেন জেনসেনের। তাঁদের মধ্যে সম্পর্কেও পূর্ণ মদত ছিল কাংয়ের। চিনের বিভিন্ন সরকারি রেকর্ড, শেয়ার বাজারের ফাইলিং ও সরকারি রেকর্ড ঘেঁটে সংবাদমাধ্যমের দাবি, ২০২১-২৪ সালের মধ্যে কাংয়ের ডেটা সাম্রাজ্যে বিনিয়োগের পরিমাণ ৯ বিলিয়ন ডলারের বেশি। এর সবটাই সরকারি সাহায্যে প্রস্তুত। সাংহাইয়ের এদের সংস্থা সেঞ্চুরি লংটেং-এর সদর দফতর। এর মালিকানায় রয়েছে, সেঞ্চুরি হুয়াটং (৬৩ শতাংশ), হেক্সি ক্যাপিটাল (২৭ শতাংশ) এবং সাংহাই পুরসভার সরকারি সংস্থা (১০ শতাংশ)। ২০২২ সালে সেঞ্চুরি লংটেং চুক্তি করে মার্কিন যুক্তরাষ্ট্রের তরফে নিষিদ্ধ সংস্থা হুয়াওয়ে-র সঙ্গে।

চিনের আনহুই প্রদেশ ও সিচুয়ান প্রদেশে বিরাট বিরাট জমির উপর বিশাল ডেটা সেন্টার তৈরি করা হয়। চিন প্রশাসন কাংয়ের কাজের প্রশংসায় পঞ্চমুখ। কাংয়ের কাজের নেপথ্যে তাঁর স্ত্রী অ্যালিসের ভুমিকাও কম নয়। অ্যালিস ছিলেন সিঙ্গাপুর-ভিত্তিক কোম্পানি মেগাস্পিড-এর সিনিয়র এক্সিকিউটিভ। ২০২৩ সালে এই মেগাস্পিড এনভিডিয়ার ক্লাউড পার্টনার স্ট্যাটাস পায়। এরা চিনের আলিবাবাকে তাদের সবচেয়ে বড় গ্রাহক হিসেবে দেখায়। যার জেরে এনভিডিয়ার চিপে অগ্রাধিকার পায় তারা। এখান থেকেই শুরু হয় ষড়যন্ত্রের মূল অংশ। এনভিডিয়ার চিপ কী শেষ পর্যন্ত চিনের হাতে পৌঁছেছিল? রিপোর্টে দাবি, মেগাস্পিডের কেনা কিছু উন্নত চিপ পরে চিনে পাঠানো হয়। যদিও বেজিংয়ের নির্দেশে চিপ কেনা বা কাং ওয়েইয়ের ডেটা সেন্টারে তা পৌঁছনোর কোনও সরকারি প্রমাণ মেলেনি। অভিযোগ অস্বীকার করেছে মেগাস্পিড। চিনের দূতাবাসও পুরো বিষয়টিকে ভিত্তিহীন অপবাদ বলে উড়িয়ে দিয়েছে। আপাতত গোটা ঘটনা নিয়ে তদন্ত চলছে। দ্য ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদন অনুযায়ী, শেয়ার বাজারে কারচুপির তদন্তে চলতি বছরের শুরুর দিকে সাংহাইতে কাং-কে আলাদাভাবে আটক করা হয়েছিল। তবে সম্প্রতি তিনি মুক্তি পেয়েছেন এবং স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ে বন্ধুদের সঙ্গে নিজের একটি ছবিও শেয়ার করেছেন।