IPL 2026: IPL-এ তীব্র বিতর্ক! মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে নিয়ম ভঙ্গের অভিযোগ, বিস্ফোরক কোচ

IPL 2026: আইপিএলের নিয়ম অনুযায়ী, কনকাশন সাবস্টিটিউট কেবল তখনই অনুমোদিত, যখন কোনও খেলোয়াড় মাথা বা ঘাড়ে আঘাত পান এবং তা মেডিক্যাল পরীক্ষার মাধ্যমে নিশ্চিত হয়।

Published on: Apr 24, 2026, 14:44:44 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

IPL 2026: আইপিএলে তীব্র বিতর্কের মুখে পড়েছে পাঁচবারের চ্যাম্পিয়ন মুম্বই ইন্ডিয়ান্স। বৃহস্পতিবার রাতে মুখোমুখি হয়েছিল আইপিএল টুর্নামেন্টের দুই সফলতম দল চেন্নাই সুপার কিংস ও মুম্বই ইন্ডিয়ান্স। সঞ্জু স্যামসনের শতরানে ভর করে ১০০ রানের ব্যবধানে মুম্বইকে হারিয়ে ইতিহাস গড়ে চেন্নাই। হারের ধাক্কার সঙ্গেই ম্যাচ শেষে বিতর্কে জড়িয়েছে হার্দিক পাণ্ডের মুম্বই। সিএসকে বিপক্ষে খেলার মাঝপথে আহত অলরাউন্ডার মিচেল স্যান্টনারকে বদলি করার জন্য কনকাশন সাবস্টিটিউট নিয়মের অপব্যবহারের অভিযোগ উঠেছে মুম্বইয়ের বিরুদ্ধে।

মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে নিয়ম ভঙ্গের অভিযোগ (PTI)
মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে নিয়ম ভঙ্গের অভিযোগ (PTI)

বৃহস্পতিবার ম্যাচ চলাকালীন নিউজিল্যান্ডের অলরাউন্ডার মিচেল স্যান্টনার একটি ক্যাচ নিতে গিয়ে চোট পান। জসপ্রিত বুমরাহর বলে চেন্নাই সুপার কিংসের ব্যাটার কার্তিক শর্মার ক্যাচটি নেন তিনি। ক্যাচ নেওয়ার পর কাঁধে ব্যথা নিয়ে মাটিতে পড়ে যান স্যান্টনার এবং পরে তাঁকে মাঠ ছাড়তে হয়। এরপর মুম্বাই ইন্ডিয়ান্স আনুষ্ঠানিকভাবে তাঁর পরিবর্তে শার্দুল ঠাকুরকে নামানোর আবেদন জানায়, যা ম্যাচ রেফারি অনুমোদন করেন। কিন্তু এই সিদ্ধান্ত নিয়েই শুরু হয় ব্যাপক বিতর্ক। জানিয়ে রাখা ভালো, এদিন শার্দুল ঠাকুর মুম্বই ইন্ডিয়ান্সের প্রাথমিক একাদশে ছিলেন না। আইপিএলে তো 'ইমপ্যাক্ট সাব'-এর নিয়ম থাকলেও অভিযোগ শার্দুল ঠাকুরকে সেই হিসেবে নামনো হয়নি। তারপরেই কনকাশন সাবস্টিটিউট নিয়মের অপব্যবহার নিয়ে প্রশ্ন উঠেছে।

আইপিএলের নিয়ম অনুযায়ী, কনকাশন সাবস্টিটিউট কেবল তখনই অনুমোদিত, যখন কোনও খেলোয়াড় মাথা বা ঘাড়ে আঘাত পান এবং তা মেডিক্যাল পরীক্ষার মাধ্যমে নিশ্চিত হয়। কিন্তু স্যান্টনারের ক্ষেত্রে দৃশ্যত কাঁধে চোট দেখা গেলেও, তাকে ‘নিউরোলজিক্যাল উপসর্গে’র ভিত্তিতে বদলানো হয়। ম্যাচ চলাকালীন তাঁকে ড্রেসিংরুমে বসে কাঁধে বরফ দিতে দেখা যায়, যা নিয়ে আরও প্রশ্ন উঠেছে। এই ঘটনায় আরও একটি প্রশ্ন উঠেছে, শার্দুল ঠাকুর আদৌ স্যান্টনারের ‘লাইক-ফর-লাইক’ বিকল্প ছিলেন কিনা। নিয়মটির অপব্যবহার নিয়ে সোশ্যাল মিডিয়ায় তোলপাড় শুরু হওয়ায়, সংবাদ সম্মেলনে কনকাশন সাবস্টিটিউশন বিতর্ক নিয়ে মুম্বইয়ের কোচ মাহেলা জয়াবর্ধনেকে প্রশ্নের সম্মুখীন হতে হয়। তিনি বলেন যে ক্যাচটি নেওয়ার সময় স্যান্টনারের ঘাড় ও কাঁধ দুটোতেই আঘাত লেগেছিল। তিনি আরও জানান, ম্যানেজমেন্ট যখন কনকাশন সাবস্টিটিউটের জন্য অনুরোধ করে, তখন ম্যাচ রেফারি শার্দুলকে তার জায়গায় নামার অনুমতি দেন। তাঁর কথায়, ‘সে প্রথমে মাথা ও ঘাড়ে আঘাত পায়, পরে কাঁধেও সমস্যা হয়। স্ক্যানের পর সে মাথা ঘোরা অনুভব করছিল। তাই আমরা কনকাশন সাবস্টিটিউট চেয়েছিলাম।’ তিনি আরও জানান, ‘এটি পুরোপুরি ম্যাচ রেফারি ও আম্পায়ারদের সিদ্ধান্ত। তারা শার্দুলকে অনুমতি দিয়েছেন। আশা করি চোট গুরুতর নয়।’