ব্রিটেনের মার্কিন বিমানঘাঁটিতে হামলার ছক ইরানের? ৩ জনের বিরুদ্ধে মামলা আমেরিকার, আতঙ্কে যুদ্ধবিমান সরাচ্ছে পেন্টাগন!
ব্রিটেনের একটি গুরুত্বপূর্ণ মার্কিন বিমানঘাঁটিতে সন্ত্রাসবাদী হামলার ছক কষার অভিযোগে তিনজনের বিরুদ্ধে মামলা দায়ের করল আমেরিকা। মার্কিন বিচার বিভাগের দাবি, অভিযুক্তরা ইরান-ঘনিষ্ঠ জঙ্গি নেটওয়ার্কের সঙ্গে যুক্ত এবং ব্রিটেনে মার্কিন সামরিক পরিকাঠামোয় হামলার পরিকল্পনা করেছিল।
ইরান ও আমেরিকার সংঘাতের আঁচ এবার কি পৌঁছে গেল ইউরোপের মাটিতে? ব্রিটেনের একটি গুরুত্বপূর্ণ মার্কিন বিমানঘাঁটিতে সন্ত্রাসবাদী হামলার ছক কষার অভিযোগে তিনজনের বিরুদ্ধে মামলা দায়ের করল আমেরিকা। মার্কিন বিচার বিভাগের দাবি, অভিযুক্তরা ইরান-ঘনিষ্ঠ জঙ্গি নেটওয়ার্কের সঙ্গে যুক্ত এবং ব্রিটেনে মার্কিন সামরিক পরিকাঠামোয় হামলার পরিকল্পনা করেছিল। শুধু তাই নয়, ইরানের তরফে নতুন নিরাপত্তা হুমকির খবর পাওয়ার পর ব্রিটেনের মাটি থেকে একাধিক মার্কিন সামরিক বিমান ও আকাশে জ্বালানি ভরার ট্যাঙ্কার সরিয়ে নেওয়া হয়েছে বলেও খবর। ফলে ওয়াশিংটন ও লন্ডনের নিরাপত্তা মহলে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।

মার্কিন বিচার বিভাগের তরফে ১০ নভেম্বর জানানো হয়েছে, এই ঘটনায় তিনজনের বিরুদ্ধে আটটি ধারায় অভিযোগ আনা হয়েছে। অভিযুক্তরা হলেন মহম্মদ বাকের সাদ দাউদ আল-সাদি, মহসেন মোহাজেরি এবং মহম্মদ আলি আল-হাসানি। মার্কিন তদন্তকারীদের দাবি, এঁরা ইরান-সমর্থিত কাতাইব হিজবুল্লা এবং ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস বা IRGC-র সঙ্গে যুক্ত একটি নেটওয়ার্কের হয়ে কাজ করতেন। তবে এই অভিযোগ এখনও আদালতে প্রমাণিত হয়নি।
মার্কিন অভিযোগ অনুযায়ী, ২০২৬ সালের সেপ্টেম্বর মাসে দক্ষিণ-পশ্চিম ইংল্যান্ডের ফেয়ারফোর্ডে অবস্থিত রয়্যাল এয়ার ফোর্স বা RAF ফেয়ারফোর্ড ঘাঁটিতে হামলার পরিকল্পনা করা হয়েছিল। এই ঘাঁটিতে মার্কিন সেনা এবং সামরিক বিমান মোতায়েন ছিল। স্থানীয় এক কৃষক কয়েকটি সাদা ভ্যানের সন্দেহজনক গতিবিধি দেখতে পেয়ে পুলিশকে খবর দেন। তদন্তকারীদের দাবি, ওই ভ্যানগুলির কয়েকটিতে জ্বালানির ব্যারেল ছিল। অভিযুক্ত আল-হাসানি নাকি কয়েকজনকে ভ্যান নিয়ে ঘাঁটির দিকে যাওয়ার নির্দেশ দিয়েছিলেন। এমনকী হামলায় ছররা বা শার্পনেল হিসেবে ব্যবহার করা যেতে পারে, এমন ধাতব বস্তু কেনার নির্দেশও দেওয়া হয়েছিল বলে অভিযোগ।
এই পরিকল্পনায় আল-সাদির ভূমিকা নিয়েও বিস্ফোরক দাবি করেছে মার্কিন প্রশাসন। দ্বৈত ইরানি-ইরাকি নাগরিক আল-সাদি মে মাস থেকেই নিউ ইয়র্কের জেলে বন্দি। কিন্তু জেলের ভিতর থেকেই তৃতীয় ব্যক্তিদের মাধ্যমে সাংকেতিক বার্তা পাঠিয়ে আল-হাসানি ও মহাজেরির সঙ্গে যোগাযোগ রাখার চেষ্টা করেছিলেন বলে অভিযোগ। তদন্তকারীদের দাবি, হামলার পরিকল্পনা বাস্তবায়নে এই যোগাযোগ গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিল।
এই ঘটনার পরেই RAF ফেয়ারফোর্ড থেকে সমস্ত B-1 বোমারু বিমান সরিয়ে নেয় আমেরিকা। এবার নতুন করে ইরানের সম্ভাব্য হুমকির খবর সামনে আসায় ব্রিটেনের RAF মিল্ডেনহল ঘাঁটি থেকেও বিমান সরানো শুরু হয়েছে।
জানা গিয়েছে, সোমবার RAF মিল্ডেনহল থেকে দুটি KC-135 রিফুয়েলিং ট্যাঙ্কার জার্মানিতে পাঠানো হয়েছে। পরবর্তী সময়ে আরও কয়েকটি ট্যাঙ্কার ইউরোপের অন্যান্য সামরিক ঘাঁটিতে সরিয়ে নেওয়া হয়। মার্কিন সংবাদপত্র ওয়াল স্ট্রিট জার্নাল-এর প্রতিবেদন অনুযায়ী, সোমবারই ইরানের তরফে নতুন হুমকির বিষয়ে সতর্ক করা হয়েছিল মার্কিন প্রশাসনকে। সেই সতর্কতার পরেই বিমান সরানোর সিদ্ধান্ত নেওয়া হয় বলে দাবি সংবাদপত্রটির। RAF মিল্ডেনহল ইউরোপে মার্কিন বিমানবাহিনীর অন্যতম গুরুত্বপূর্ণ ঘাঁটি। এখানে ১০০তম রিফুয়েলিং উইংয়ের বিমান মোতায়েন থাকে। আকাশে উড়ন্ত যুদ্ধবিমানকে জ্বালানি সরবরাহের ক্ষেত্রে এই ঘাঁটির ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
তবে মার্কিন সামরিক কর্তৃপক্ষ সরাসরি ইরানের হুমকির বিষয়টি নিশ্চিত করেনি। মার্কিন ইউরোপীয় কম্যান্ডের এক আধিকারিক জানিয়েছেন, প্রশিক্ষণ এবং বাস্তব সামরিক প্রয়োজন-সহ বিভিন্ন কারণে বিমান এক ঘাঁটি থেকে অন্য ঘাঁটিতে স্থানান্তরিত করা হয়। নিরাপত্তার কারণে নির্দিষ্ট সামরিক তৎপরতা নিয়ে বিস্তারিত মন্তব্য করতেও রাজি হয়নি মার্কিন প্রশাসন।
অন্যদিকে, RAF ফেয়ারফোর্ডের ঘটনায় ব্রিটিশ পুলিশও ইতিমধ্যে দু'জনকে গ্রেফতার করে জাতীয় নিরাপত্তা সংক্রান্ত আইনে অভিযুক্ত করেছে। তাঁদের মধ্যে একজনের বিরুদ্ধে বিদেশি গোয়েন্দা সংস্থাকে সাহায্য করার অভিযোগ রয়েছে। সেই গোয়েন্দা সংস্থাটি ইরানের বলে মনে করা হচ্ছে। অন্যজনের বিরুদ্ধে নিষিদ্ধ সামরিক এলাকায় বেআইনিভাবে প্রবেশের অভিযোগ আনা হয়েছে।
উল্লেখযোগ্যভাবে, মার্কিন তদন্তকারীদের দাবি, অভিযুক্ত তিনজনের সঙ্গে ইউরোপের বিভিন্ন দেশে প্রায় ২০টি সন্ত্রাসবাদী হামলা ও হামলার চেষ্টার যোগসূত্র রয়েছে। লন্ডনে দুই ইহুদি নাগরিকের উপর ছুরি নিয়ে হামলা এবং আমস্টারডাম ও মিউনিখে ইহুদি প্রতিষ্ঠান, সিনাগগ ও ইজরায়েলি ব্যবসায় আগুন লাগানোর ঘটনাও তদন্তের আওতায় এসেছে। অন্যদিকে, ইরান এই ধরনের হামলার সঙ্গে নিজেদের জড়িত থাকার অভিযোগ অস্বীকার করেছে।
সব মিলিয়ে, ফেয়ারফোর্ড বিমানঘাঁটিতে হামলার ছক এবং মিল্ডেনহল থেকে মার্কিন সামরিক বিমান সরিয়ে নেওয়ার ঘটনায় নতুন করে সামনে এসেছে ইরান ও পশ্চিমি দেশগুলির মধ্যে নিরাপত্তা সংঘাত। প্রশ্ন উঠছে, আমেরিকা-ইরান যুদ্ধের প্রভাব কি এবার ব্রিটেনের মতো ইউরোপীয় মিত্রদেশগুলির সামরিক পরিকাঠামোকেও সরাসরি বিপদের মুখে ফেলছে? আপাতত সেই আশঙ্কাতেই বাড়ছে ওয়াশিংটন ও লন্ডনের সতর্কতা।
ABOUT THE AUTHORAbhijit Chowdhury২০২১ সাল থেকে হিন্দুস্তান টাইমস বাংলার সঙ্গে যুক্ত রয়েছেন অভিজিৎ চৌধুরী। ২০১৮ সালে সালে তাঁর পেশাদার জীবনের শুরু। জাতীয়, আন্তর্জাতিক বিষয়, বাংলার রাজনীতি এবং খেলাধুলোর বিষয়ে লেখার ক্ষেত্রে ৮ বছরের অভিজ্ঞতা রয়েছে তাঁর। আন্তর্জাতিক ক্ষেত্রে আমেরিকা, পাকিস্তান এবং বাংলাদেশের বিষয়ে তাঁর আগ্রহ সবচেয়ে বেশি। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর ডিগ্রি পাশ করেই সাংবাদিকতার জগতে প্রবেশ করেছেন অভিজিৎ। হিন্দুস্তান টাইমস বাংলায় যোগদানের আগে ওয়ানইন্ডিয়া এবং ইটিভি ভারতে কাজ করার অভিজ্ঞতা রয়েছে অভিজিতের। এছাড়া আকাশবাণীতে রেডিও জকি হিসেবেও কাজ করেছিলেন তিনি। খবরের জগৎ ছাড়া খেলাধুলো, ইতিহাসে অভিজিতের আগ্রহ রয়েছে। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন নিয়ে অভিজিৎ তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন আশুতোষ কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: ক্রিকেট, ফুটবল, টেনিস ছাড়া প্রায় সব ধরনের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বই পড়ে এবং বিভিন্ন বিষয়ে ডকুমেন্টারি দেখে।Read More
E-Paper


