US Tariff on India: ভারতের বিরুদ্ধে নয়া অভিযোগ এনে ২৫% শুল্ক চাপাল আমেরিকা! কী বলল দিল্লি? বাণিজ্য চুক্তি নিয়ে বাড়ল চাপ

১৪টি দেশের উৎপাদন ক্ষমতা নিয়ে তদন্ত চালিয়েছে আমেরিকা। সেই তালিকায় রয়েছে ভারতও। বুধবার (২৫ নভেম্বর) ভারতের বাণিজ্য ও শিল্প মন্ত্রকের তরফে জানানো হয়েছে, মার্কিন বাণিজ্য প্রতিনিধির দপ্তর (ইউএসটিআর) ট্রেড অ্যাক্টের ৩০১ নম্বর ধারায় যে নোটিস জারি করেছে, তা খতিয়ে দেখছে সরকার।

Published on: Nov 26, 2026, 07:46:18 IST
As Prefered on
Share via
  • facebook
  • twitter
  • linkedin
Copy link
  • copy link

আমেরিকার অভিযোগ সরাসরি খারিজ করে দিল ভারত। দেশের কোনও শিল্পক্ষেত্রেই কাঠামোগতভাবে অতিরিক্ত উৎপাদন ক্ষমতা বা উদ্বৃত্ত উৎপাদন নেই বলে স্পষ্ট জানিয়ে দিল কেন্দ্রীয় সরকার। ‘মেক ইন ইন্ডিয়া’, ‘আত্মনির্ভর ভারত’ কিংবা প্রোডাকশন লিঙ্কড ইনসেনটিভ (পিএলআই)-এর মতো প্রকল্পের মাধ্যমে ভারতের উৎপাদন ক্ষমতা অপ্রয়োজনীয়ভাবে বাড়ানো হচ্ছে বলে অভিযোগ তুলেছিল ওয়াশিংটন। সেই অভিযোগের ভিত্তিতেই ভারতীয় পণ্যের উপর নতুন করে শুল্ক চাপানোর প্রস্তাব দিয়েছে আমেরিকা। পালটা নয়াদিল্লির বক্তব্য, দেশের অভ্যন্তরীণ চাহিদা মেটানো এবং গুরুত্বপূর্ণ কাঁচামালের জন্য বিদেশের উপর নির্ভরতা কমাতেই উৎপাদন বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে।

ভারতের বিরুদ্ধে নয়া অভিযোগ এনে ২৫% শুল্ক চাপাল আমেরিকা! কী বলল দিল্লি? বাণিজ্য চুক্তি নিয়ে বাড়ছে চাপ (REUTERS)
ভারতের বিরুদ্ধে নয়া অভিযোগ এনে ২৫% শুল্ক চাপাল আমেরিকা! কী বলল দিল্লি? বাণিজ্য চুক্তি নিয়ে বাড়ছে চাপ (REUTERS)

বুধবার (২৫ নভেম্বর) ভারতের বাণিজ্য ও শিল্প মন্ত্রকের তরফে জানানো হয়েছে, মার্কিন বাণিজ্য প্রতিনিধির দপ্তর (ইউএসটিআর) ট্রেড অ্যাক্টের ৩০১ নম্বর ধারায় যে নোটিস জারি করেছে, তা খতিয়ে দেখছে সরকার। ১৪টি দেশের উৎপাদন ক্ষমতা নিয়ে তদন্ত চালিয়েছে আমেরিকা। সেই তালিকায় রয়েছে ভারতও। কেন্দ্রের বক্তব্য, গোটা তদন্ত প্রক্রিয়ায় ভারত ইতিবাচকভাবে অংশ নিয়েছে। বাণিজ্য মন্ত্রক আরও জানিয়েছে, তদন্তের বিভিন্ন পর্যায়ে ভারতের বাণিজ্য দপ্তর স্পষ্ট করে দিয়েছে, কোনও ক্ষেত্রেই দেশের কাঠামোগত অতিরিক্ত উৎপাদন ক্ষমতা নেই।

আমেরিকার ১৮৯ পাতার রিপোর্টে ভারতের একাধিক শিল্পনীতি নিয়ে প্রশ্ন তোলা হয়েছে। বিশেষ করে ‘মেক ইন ইন্ডিয়া’, ‘আত্মনির্ভর ভারত’ এবং পিএলআই প্রকল্পের সমালোচনা করেছে ওয়াশিংটন। মার্কিন প্রশাসনের দাবি, এই প্রকল্পগুলির মাধ্যমে বাজারের প্রকৃত চাহিদার তুলনায় বেশি উৎপাদন ক্ষমতা তৈরি করতে উৎসাহ দিচ্ছে ভারত সরকার। এর ফলে আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতার পরিবেশ ব্যাহত হচ্ছে এবং মার্কিন বাণিজ্য ক্ষতিগ্রস্ত হচ্ছে। এমনকী, ভারতের জিডিপিতে উৎপাদন শিল্পের অবদান ২৫ শতাংশে নিয়ে যাওয়ার লক্ষ্যে প্রায় ৫০০ বিলিয়ন ডলারের অতিরিক্ত উৎপাদন প্রয়োজন হতে পারে বলেও রিপোর্টে উল্লেখ করেছে ইউএসটিআর।

তবে এই যুক্তি মানতে নারাজ নয়াদিল্লি। ভারতের পালটা দাবি, উৎপাদন নির্ভর করে বাজারের চাহিদা, ক্রেতাদের অর্ডার এবং অর্থনৈতিক পরিস্থিতির উপর। সরকার জোর করে কোনও শিল্পক্ষেত্রে উৎপাদন বাড়াচ্ছে না। বরং দেশীয় শিল্পকে শক্তিশালী করা এবং গুরুত্বপূর্ণ পণ্যের ক্ষেত্রে বিদেশের উপর নির্ভরতা কমানোই মূল লক্ষ্য। অক্টোবর মাসে মিলওয়াকিতে জি-২০ বাণিজ্যমন্ত্রীদের বৈঠকেও একই দাবি জানিয়েছিলেন কেন্দ্রীয় বাণিজ্যমন্ত্রী পীযূষ গোয়েল।

এই পরিস্থিতিতে ভারতীয় পণ্যের উপর সর্বোচ্চ ২৫ শতাংশ পর্যন্ত শুল্ক চাপানোর প্রস্তাব দিয়েছে আমেরিকা। তবে দুই দেশের মধ্যে বাণিজ্য চুক্তি স্বাক্ষরিত হলে শুল্কের হার কমে ১৭ শতাংশ হতে পারে বলে জানানো হয়েছে। ইস্পাত, সৌরশক্তি, স্বাস্থ্য পরিষেবা এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ক্ষেত্রের উপর বিশেষ নজর দিয়েছে মার্কিন রিপোর্ট। পাশাপাশি ভারতের শ্রম আইন, বাজারে প্রবেশের বাধা এবং চিন থেকে কাঁচামাল আমদানির বিষয়টিও তুলে ধরা হয়েছে। তবে জেনেরিক ওষুধ-সহ বেশ কিছু ওষুধ ও ওষুধ তৈরির উপাদানকে প্রস্তাবিত শুল্কের আওতার বাইরে রাখা হয়েছে।

উল্লেখ্য, ২০২৫ সালের ফেব্রুয়ারি থেকেই ভারত-আমেরিকার দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা চলছে। আগামী ৫ জানুয়ারি, ২০২৭-এর মধ্যে প্রস্তাবিত শুল্ক নিয়ে লিখিত মতামত জমা দেওয়ার সময়সীমা রেখেছে ইউএসটিআর। ২৫ জানুয়ারি থেকে শুরু হওয়ার কথা শুনানি। এই পরিস্থিতিতে ভারতের স্পষ্ট বার্তা, বাণিজ্য সংক্রান্ত যাবতীয় মতপার্থক্য দ্বিপাক্ষিক আলোচনার মাধ্যমেই মেটাতে হবে। দ্রুত ভারত-আমেরিকা বাণিজ্য চুক্তি চূড়ান্ত করতেই আগ্রহী দিল্লি।

ABOUT THE AUTHOR

২০২১ সাল থেকে হিন্দুস্তান টাইমস বাংলার সঙ্গে যুক্ত রয়েছেন অভিজিৎ চৌধুরী। ২০১৮ সালে সালে তাঁর পেশাদার জীবনের শুরু। জাতীয়, আন্তর্জাতিক বিষয়, বাংলার রাজনীতি এবং খেলাধুলোর বিষয়ে লেখার ক্ষেত্রে ৮ বছরের অভিজ্ঞতা রয়েছে তাঁর। আন্তর্জাতিক ক্ষেত্রে আমেরিকা, পাকিস্তান এবং বাংলাদেশের বিষয়ে তাঁর আগ্রহ সবচেয়ে বেশি। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর ডিগ্রি পাশ করেই সাংবাদিকতার জগতে প্রবেশ করেছেন অভিজিৎ। হিন্দুস্তান টাইমস বাংলায় যোগদানের আগে ওয়ানইন্ডিয়া এবং ইটিভি ভারতে কাজ করার অভিজ্ঞতা রয়েছে অভিজিতের। এছাড়া আকাশবাণীতে রেডিও জকি হিসেবেও কাজ করেছিলেন তিনি। খবরের জগৎ ছাড়া খেলাধুলো, ইতিহাসে অভিজিতের আগ্রহ রয়েছে। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন নিয়ে অভিজিৎ তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন আশুতোষ কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: ক্রিকেট, ফুটবল, টেনিস ছাড়া প্রায় সব ধরনের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বই পড়ে এবং বিভিন্ন বিষয়ে ডকুমেন্টারি দেখে।