100% Ethanol Car: পেট্রল নয়, এবার ১০০% ইথানলে চলবে গাড়ি! ২ মাসেই বাজারে একাধিক মডেল, বড় ঘোষণা গড়করির
আগামী এক থেকে দুই মাসের মধ্যেই দেশের বাজারে এমন একাধিক গাড়ি আসতে পারে, যেগুলি পেট্রলের পাশাপাশি ১০০ শতাংশ ইথানলেও চলবে। বুধবার এই দাবি করলেন কেন্দ্রীয় সড়ক পরিবহণ ও মহাসড়ক মন্ত্রী নিতিন গড়করি।
100% Ethanol Car Announcement by Gadkari: জ্বালানি ব্যবহারে বড় পরিবর্তনের পথে এগোচ্ছে ভারত। আগামী এক থেকে দুই মাসের মধ্যেই দেশের বাজারে এমন একাধিক গাড়ি আসতে পারে, যেগুলি পেট্রলের পাশাপাশি ১০০ শতাংশ ইথানলেও চলবে। বুধবার এই দাবি করলেন কেন্দ্রীয় সড়ক পরিবহণ ও মহাসড়ক মন্ত্রী নিতিন গড়করি। HT Auto Leaderboard Awards and Summit 2026 অনুষ্ঠানে দেশের গাড়ি শিল্পের ভবিষ্যৎ নিয়ে বলতে গিয়ে এই সম্ভাবনার কথা জানান তিনি।

গড়করী জানিয়েছেন, মহিন্দ্রা, টয়োটা, সুজুকি এবং হুন্ডাইয়ের মতো সংস্থাগুলি আগামী এক থেকে দুই মাসের মধ্যে ফ্লেক্স ফুয়েল ইঞ্জিনের গাড়ি নিয়ে আসতে পারে। এই ধরনের গাড়িতে পেট্রল অথবা সম্পূর্ণ ইথানল ব্যবহার করা সম্ভব হবে বলে জানান তিনি। ইতিমধ্যেই দেশের গাড়ি শিল্পে এই প্রযুক্তি নিয়ে কাজ শুরু হয়েছে। মারুতি সুজুকি গত জুন মাসে ওয়াগন আরের একটি ফ্লেক্স ফুয়েল সংস্করণ বাজারে এনেছে বলেও উল্লেখ করেছেন মন্ত্রী।
কেন ইথানল নির্ভরতার দিকে জোর দেওয়া হচ্ছে, তার ব্যাখ্যাও দিয়েছেন গড়করী। তাঁর বক্তব্য, বিদেশ থেকে জীবাশ্ম জ্বালানি আমদানির খরচ কমানো এবং দেশের কৃষি উৎপাদনকে জ্বালানি ও শক্তির ক্ষেত্রে কাজে লাগানোই সরকারের অন্যতম লক্ষ্য। তাঁর দাবি, ভারত বর্তমানে জীবাশ্ম জ্বালানি আমদানির পিছনে প্রায় ২২ লক্ষ কোটি টাকা খরচ করে। আমদানির উপর নির্ভরতা কমাতে বিকল্প জ্বালানির ব্যবহার বাড়ানো প্রয়োজন বলেই মনে করছে সরকার।
ইথানল উৎপাদনের সঙ্গে কৃষকদের আয় বৃদ্ধির বিষয়টিও অনুষ্ঠানে তুলে ধরেছেন কেন্দ্রীয় মন্ত্রী। তাঁর দাবি, ভুট্টা থেকে ইথানল তৈরির অনুমতি দেওয়ার পরে বাজারে ভুট্টার দাম উল্লেখযোগ্য ভাবে বেড়েছে। গড়করীর দেওয়া হিসাব অনুযায়ী, ভুট্টার দাম কুইন্টাল প্রতি ১৩০০ টাকা থেকে বেড়ে ২৬০০ টাকার কাছাকাছি হয়েছে। এর ফলে উত্তরপ্রদেশ এবং বিহারের কৃষকেরা প্রায় ৪৫ হাজার কোটি টাকার আর্থিক সুবিধা পেয়েছেন বলে দাবি তাঁর।
এ দিন পেট্রলের সঙ্গে ২০ শতাংশ ইথানল মেশানো E20 জ্বালানি নিয়েও নিজের অবস্থান ব্যাখ্যা করেন গড়করী। এই জ্বালানি নিয়ে বিতর্কের বিষয়টি সুপ্রিম কোর্ট পর্যন্ত গড়িয়েছে। তার মধ্যেই মন্ত্রী দাবি করেন, ২০২২ সাল থেকে প্রায় চার কোটি চার চাকার গাড়ি এবং ২০ কোটি দুই চাকার গাড়ি E20 ব্যবহার করছে। তাঁর বক্তব্য, এই সময়ের মধ্যে এ নিয়ে একটি অভিযোগও সরকারের কাছে আসেনি।
শুধু ইথানল নয়, দেশের গাড়ি শিল্পে বৈদ্যুতিক গাড়ির প্রসার নিয়েও আশাবাদ প্রকাশ করেছেন গড়করী। তাঁর দাবি, ২০৩০ সালের মধ্যে ভারতের বৈদ্যুতিক গাড়ির বাজার প্রায় ২০ লক্ষ কোটি টাকায় পৌঁছতে পারে। একই সঙ্গে বছরে এক কোটি গাড়ি বিক্রি এবং প্রায় পাঁচ কোটি কর্মসংস্থানের সম্ভাবনার কথাও জানিয়েছেন তিনি।
গড়করী আরও জানিয়েছেন, ভারতীয় গাড়ি শিল্পকে আরও বড় করার পাশাপাশি আমদানির বোঝা কমানো এবং দূষণ নিয়ন্ত্রণই সরকারের মূল লক্ষ্য। সেই কারণেই ইথানল, বৈদ্যুতিক গাড়ি এবং অন্যান্য বিকল্প জ্বালানিকে একসঙ্গে গুরুত্ব দেওয়া হচ্ছে। আগামী কয়েক মাসে একাধিক ফ্লেক্স ফুয়েল গাড়ি বাজারে এলে ভারতের গাড়ি শিল্পে জ্বালানি ব্যবহারের ছবিতেও বড় পরিবর্তন আসতে পারে।
ABOUT THE AUTHORAbhijit Chowdhury২০২১ সাল থেকে হিন্দুস্তান টাইমস বাংলার সঙ্গে যুক্ত রয়েছেন অভিজিৎ চৌধুরী। ২০১৮ সালে সালে তাঁর পেশাদার জীবনের শুরু। জাতীয়, আন্তর্জাতিক বিষয়, বাংলার রাজনীতি এবং খেলাধুলোর বিষয়ে লেখার ক্ষেত্রে ৮ বছরের অভিজ্ঞতা রয়েছে তাঁর। আন্তর্জাতিক ক্ষেত্রে আমেরিকা, পাকিস্তান এবং বাংলাদেশের বিষয়ে তাঁর আগ্রহ সবচেয়ে বেশি। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর ডিগ্রি পাশ করেই সাংবাদিকতার জগতে প্রবেশ করেছেন অভিজিৎ। হিন্দুস্তান টাইমস বাংলায় যোগদানের আগে ওয়ানইন্ডিয়া এবং ইটিভি ভারতে কাজ করার অভিজ্ঞতা রয়েছে অভিজিতের। এছাড়া আকাশবাণীতে রেডিও জকি হিসেবেও কাজ করেছিলেন তিনি। খবরের জগৎ ছাড়া খেলাধুলো, ইতিহাসে অভিজিতের আগ্রহ রয়েছে। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন নিয়ে অভিজিৎ তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন আশুতোষ কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: ক্রিকেট, ফুটবল, টেনিস ছাড়া প্রায় সব ধরনের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বই পড়ে এবং বিভিন্ন বিষয়ে ডকুমেন্টারি দেখে।Read More
E-Paper


