Amit Shah on Dharmendra Pradhan: 'পদের চেয়ে দেশের যুবসমাজ বড়', ইস্তফার পর ধর্মেন্দ্র প্রধানের বাড়িতে অমিত শাহ

অমিত শাহ তাঁর পোস্টে লেখেন, বিজেপি কর্মীদের কাছে দেশ, আমাদের যুবসমাজ এবং ছাত্রছাত্রীরা যে কোনও পদ বা ক্ষমতার চেয়ে অনেক বেশি গুরুত্বপূর্ণ। আজ কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ সেই আদর্শেরই একটি উজ্জ্বল উদাহরণ।

Published on: Jul 26, 2026, 10:40:45 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

নিট-ইউজি প্রশ্নফাঁস বিতর্কের জেরে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর প্রথমবার মুখ খুললেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। শনিবার এক্স (প্রাক্তন টুইটার)-এ দেওয়া বার্তায় তিনি বলেন, ভারতীয় জনতা পার্টির কাছে কোনও পদ বা ক্ষমতার চেয়ে দেশের স্বার্থ, যুবসমাজ এবং ছাত্রছাত্রীরা অনেক বেশি গুরুত্বপূর্ণ। তাঁর দাবি, ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ সেই নীতিরই প্রতিফলন। একইসঙ্গে তিনি আশ্বাস দিয়েছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন সরকার প্রশ্নফাঁস রুখতে কঠোর সংস্কার আনতে এবং নিট পরীক্ষার্থীদের ন্যায়বিচার নিশ্চিত করতে সম্পূর্ণ প্রতিশ্রুতিবদ্ধ।

ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর প্রথমবার মুখ খুললেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। (Naveen Sharma)
ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর প্রথমবার মুখ খুললেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। (Naveen Sharma)

অমিত শাহ তাঁর পোস্টে লেখেন, বিজেপি কর্মীদের কাছে দেশ, আমাদের যুবসমাজ এবং ছাত্রছাত্রীরা যে কোনও পদ বা ক্ষমতার চেয়ে অনেক বেশি গুরুত্বপূর্ণ। আজ কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ সেই আদর্শেরই একটি উজ্জ্বল উদাহরণ।

তিনি আরও বলেন, মোদী সরকার দেশের তরুণদের অনুভূতির প্রতি শ্রদ্ধাশীল। প্রশ্নফাঁসের মতো অপরাধের বিরুদ্ধে কঠোর আইন এবং প্রয়োজনীয় সংস্কার কার্যকর করতে সরকার বদ্ধপরিকর। শাহর দাবি, প্রশ্নফাঁসের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হবে, যাতে ভবিষ্যতে এমন ঘটনার পুনরাবৃত্তি না ঘটে। তাঁর কথায়, সরকারের গৃহীত পদক্ষেপের ফলে সৎভাবে পরীক্ষায় সফল হওয়া নিট পরীক্ষার্থীরা ন্যায়বিচার পাবেন।

শুধু সরকারের অবস্থান স্পষ্ট করাই নয়, ধর্মেন্দ্র প্রধানের শিক্ষামন্ত্রী হিসেবে কাজেরও প্রশংসা করেছেন অমিত শাহ। তিনি বলেন, প্রধানের আমলে জাতীয় শিক্ষানীতি (এনইপি) কার্যকর করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অগ্রগতি হয়েছে। পাশাপাশি মাতৃভাষায় পরীক্ষার ব্যবস্থা, পিএম শ্রী স্কুল প্রকল্পের সম্প্রসারণ, ডিজিটাল শিক্ষার প্রসার, দক্ষতা উন্নয়ন এবং শিল্প ও শিক্ষাক্ষেত্রের মধ্যে সমন্বয় বৃদ্ধির ক্ষেত্রেও তাঁর অবদান উল্লেখযোগ্য। শাহর মতে, পরীক্ষা ব্যবস্থাকে আরও অন্তর্ভুক্তিমূলক এবং ছাত্রকেন্দ্রিক করার জন্য ধর্মেন্দ্র প্রধানের প্রচেষ্টা প্রশংসনীয়।

এর আগে শনিবার সকালে ধর্মেন্দ্র প্রধান পদত্যাগ করার পর তাঁর নয়াদিল্লির বাসভবনে যান কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তাঁর সঙ্গে ছিলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন এবং বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীযূষ গয়াল। রাজনৈতিক মহলের একাংশের মতে, এই সফর ধর্মেন্দ্র প্রধানের প্রতি বিজেপির শীর্ষ নেতৃত্বের সংহতির বার্তা বহন করে।

এদিকে, কেন্দ্র সরকার ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের কয়েক ঘণ্টার মধ্যেই কেন্দ্রীয় মন্ত্রী প্রহ্লাদ যোশীকে শিক্ষা মন্ত্রকের অতিরিক্ত দায়িত্ব দিয়েছে। প্রশ্নফাঁস বিতর্কে দেশজুড়ে চলা বিক্ষোভের আবহেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

অন্যদিকে, কেন্দ্রীয় সরকারের সঙ্গে আন্দোলনকারী ছাত্র সংগঠন ককরোচ জনতা পার্টি (সিজেপি)-র সমঝোতা হওয়ার পর দিল্লির যন্তর-মন্তরে টানা ৩৬ দিন ধরে চলা আন্দোলন প্রত্যাহারের ঘোষণা করা হয়েছে। সরকার আগামী সংসদ অধিবেশনেই প্রশ্নফাঁস রোধ এবং এই অপরাধে কঠোর শাস্তির বিধান রেখে পরীক্ষা সংস্কার বিল (Exam Reform Bill) লোকসভায় পেশ করতে চলেছে। সেই বিলের মাধ্যমে দেশের পরীক্ষাব্যবস্থায় আরও স্বচ্ছতা ও জবাবদিহি আনার লক্ষ্য নিয়েছে কেন্দ্র বলে দাবি করা হয়েছে।ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ, অমিত শাহর প্রকাশ্য বার্তা এবং আসন্ন পরীক্ষা সংস্কার বিল—সব মিলিয়ে নিট প্রশ্নফাঁস ইস্যুতে কেন্দ্র সরকারের অবস্থান আরও স্পষ্ট হল বলে মনে করছে রাজনৈতিক মহল।

  • Abhijit Chowdhury
    ABOUT THE AUTHOR
    Abhijit Chowdhury

    ২০২১ সাল থেকে হিন্দুস্তান টাইমস বাংলার সঙ্গে যুক্ত রয়েছেন অভিজিৎ চৌধুরী। ২০১৮ সালে সালে তাঁর পেশাদার জীবনের শুরু। জাতীয়, আন্তর্জাতিক বিষয়, বাংলার রাজনীতি এবং খেলাধুলোর বিষয়ে লেখার ক্ষেত্রে ৮ বছরের অভিজ্ঞতা রয়েছে তাঁর। আন্তর্জাতিক ক্ষেত্রে আমেরিকা, পাকিস্তান এবং বাংলাদেশের বিষয়ে তাঁর আগ্রহ সবচেয়ে বেশি। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর ডিগ্রি পাশ করেই সাংবাদিকতার জগতে প্রবেশ করেছেন অভিজিৎ। হিন্দুস্তান টাইমস বাংলায় যোগদানের আগে ওয়ানইন্ডিয়া এবং ইটিভি ভারতে কাজ করার অভিজ্ঞতা রয়েছে অভিজিতের। এছাড়া আকাশবাণীতে রেডিও জকি হিসেবেও কাজ করেছিলেন তিনি। খবরের জগৎ ছাড়া খেলাধুলো, ইতিহাসে অভিজিতের আগ্রহ রয়েছে। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন নিয়ে অভিজিৎ তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন আশুতোষ কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: ক্রিকেট, ফুটবল, টেনিস ছাড়া প্রায় সব ধরনের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বই পড়ে এবং বিভিন্ন বিষয়ে ডকুমেন্টারি দেখে।Read More