Amit Shah challenge Rahul Gandhi: 'রাস্তায় নয়, সংসদে আসুন!' রাহুল গান্ধীকে পাল্টা চ্যালেঞ্জ অমিত শাহ'র

Amit Shah challenge Rahul Gandhi: অমিত শাহ বলেন, ২০১৪ সালে কোথায় এসআইআর হয়েছিল? তার পরেও লোকসভা নির্বাচনে কংগ্রেস হেরেছিল। ২০১৯, ২০২৪ সালেও এসআইআর হয়নি। হরিয়ানা, মহারাষ্ট্রে কংগ্রেস জিততে পারেনি। সেখানেও এসআইআর হয়নি ওই সময়ে।

Published on: Nov 5, 2026, 16:00:15 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
Copy link
  • copy link

Amit Shah challenge Rahul Gandhi: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে বিতর্কে আহ্বান জানিয়েছিলেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। বৃহস্পতিবার হরিয়ানার কার্নালে বিজেপির কর্মসূচি থেকে রাহুল গান্ধীর উদ্দেশে পাল্টা চ্যালেঞ্জ ছুড়ে দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। কংগ্রেস নেতার উদ্দেশে তিনি বলেন, ‘রাস্তায় নয়, সংসদে আসুন।’

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (@NayabSainiBJP)
কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (@NayabSainiBJP)

এদিন কার্নালে জনসভা ও পদযাত্রা ছিল বিজেপির। সেই কর্মসূচি থেকেই স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেন, ‘রাহুল গান্ধীকে সরাসরি চ্যালেঞ্জ করছি। আপনি প্রধানমন্ত্রী মোদীকে আলোচনায় চ্যালেঞ্জ জানিয়েছিলেন? আপনি যদি আলোচনা চান, স্রেফ প্রধানমন্ত্রীকে একটা চিঠি লিখুন। আমরা সংসদের বিশেষ অধিবেশন ডাকতে প্রস্তুত...আসুন, সংসদে বিতর্ক হোক। আপনার উদ্বেগে যদি কোনও সত্যতা ও যুক্তি থেকে থাকে, তা হলে রাস্তায় না নেমে সংসদে আসুন। মুখোমুখি আলোচনা হোক।’ এর আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে প্রকাশ্যে বিতর্কের চ্যালেঞ্জ জানিয়েছিলেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী।

মঙ্গলবার রাহুল গান্ধী নিজের এক্স-হ্যান্ডলে লেখেন, ‘মোদীজি, আপনাকে চ্যালেঞ্জ জানানোর ২৪ ঘণ্টা পার হয়ে গিয়েছে। আপনি বলেন যে, বিরোধীরা দেশবিরোধী। যে কোনও মঞ্চ বা জায়গা বেছে নিন, আর আমার সঙ্গে এই বিষয়ে বিতর্ক করুন—কে আসলে দেশবিরোধী? কাদের সঙ্গে বিদেশি শক্তির যোগাযোগ রয়েছে? আর সেই যোগাযোগের ধরনটাই বা কী?’ রাহুল গান্ধীর সংযোজন, ‘যত দ্রুত সম্ভব এটা করা যাক। ভয় পাবেন না! আমরা দু’জনেই সেখানে থাকব। সংবাদমাধ্যম থাকবে। দেশের তরুণ প্রজন্ম থাকবে। একটা টেবিল থাকবে—আপনি এক পাশে বসবেন, আমি অন্য পাশে। আপনি যাকে খুশি বিচারক হিসেবে বেছে নিতে পারেন।’

বৃহস্পতিবার কংগ্রেসকে কটাক্ষ করে অমিত শাহ বলেন, ২০১৪ সালে কোথায় এসআইআর হয়েছিল? তার পরেও লোকসভা নির্বাচনে কংগ্রেস হেরেছিল। ২০১৯, ২০২৪ সালেও এসআইআর হয়নি। হরিয়ানা, মহারাষ্ট্রে কংগ্রেস জিততে পারেনি। সেখানেও এসআইআর হয়নি ওই সময়ে। অমিত শাহের কথায়, ‘আপনি সংসদকে কাজ করতে না দিয়ে রাস্তায় লোক জড়ো করে বিশৃঙ্খলা ছড়িয়ে, নৈরাজ্য তৈরি করে রাখতে চান। সংসদ বয়কট করে ঝামেলা তৈরি করাটাই উদ্দেশ্য।’ স্বরাষ্ট্রমন্ত্রীর হুঁশিয়ারি দিয়ে বলেছেন, রাহুল গান্ধী রাস্তায় লোক জড়ো করাতেই জোর দিলে বিজেপি কর্মীরাও তাঁকে মুখের মতো জবাব দেবেন। লোকসভা ও বিভিন্ন রাজ্যের বিধানসভা ভোটে দেশের মানুষ বারবার পরাজিত করেছে রাহুল গান্ধীকে। সেই কথা মনে করিয়ে দিল্লির রামলীলা ময়দানে বিরোধী মঞ্চের সাম্প্রতিক সভা প্রসঙ্গে অমিত শাহ বলেন, 'দেশের মানুষ বারবার রাহুল গান্ধী ও কংগ্রেস দলকে পরাজিত করেছে। দেশের মানুষ আপনার বা বিরোধী জোটের সঙ্গে নেই। আপনি সারা দেশ থেকে মানুষকে দিল্লিতে ডেকেছিলেন, ১০ লক্ষ মানুষের কাছে আবেদন জানিয়েছিলেন; অথচ মাঠটির ধারণক্ষমতা মাত্র ৭০,০০০, আর সেটিও ছিল অর্ধেক খালি।' কংগ্রেস নেতার ঘন ঘন বিদেশযাত্রা নিয়েও এদিন কটাক্ষ করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, ‘আপনি বিরোধী দলনেতা। মানুষের এ সম্পর্কে জানার অধিকার আছে।’