লন্ডনে ভারত-বিরোধী কার্যকলাপের অভিযোগ, রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে চিঠি ব্রিটেনের ৫০ ভারতীয় সংগঠনের

লন্ডনে সাম্প্রতিক কয়েকটি বিক্ষোভ এবং তার নেপথ্যে থাকা সংগঠনগুলির ভূমিকা নিয়ে উদ্বেগ প্রকাশ করে রাষ্ট্রপতিকে চিঠি লিখেছে ব্রিটেনের ৫০টি ভারতীয় প্রবাসী ও সামাজিক সংগঠন।

Published on: Nov 11, 2026, 09:27:41 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
Copy link
  • copy link

ভারতের বিরুদ্ধে বিদেশের মাটিতে সংগঠিত হচ্ছে একের পর এক প্রচার অভিযান! এমনই অভিযোগ তুলে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর দ্বারস্থ হলেন ব্রিটেনে বসবাসকারী ভারতীয় বংশোদ্ভূতরা। লন্ডনে সাম্প্রতিক কয়েকটি বিক্ষোভ এবং তার নেপথ্যে থাকা সংগঠনগুলির ভূমিকা নিয়ে উদ্বেগ প্রকাশ করে রাষ্ট্রপতিকে চিঠি লিখেছে ব্রিটেনের ৫০টি ভারতীয় প্রবাসী ও সামাজিক সংগঠন। তাদের দাবি, ভারতের গণতান্ত্রিক ও সাংবিধানিক প্রতিষ্ঠানগুলিকে দুর্বল করার উদ্দেশ্যে বিদেশের মাটি ব্যবহার করা হচ্ছে কি না, তা খতিয়ে দেখা প্রয়োজন। বিশেষ করে পাকিস্তানি ও বাংলাদেশি ইসলামপন্থী সংগঠন এবং খালিস্তানপন্থী বিচ্ছিন্নতাবাদীদের সম্ভাব্য যোগ নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছে তারা।

ভারতের বিরুদ্ধে বিদেশের মাটিতে সংগঠিত হচ্ছে একের পর এক প্রচার অভিযান! (HT_PRINT)
ভারতের বিরুদ্ধে বিদেশের মাটিতে সংগঠিত হচ্ছে একের পর এক প্রচার অভিযান! (HT_PRINT)

গত সপ্তাহান্তে রাষ্ট্রপতি মুর্মুকে উদ্দেশ্য করে এই যৌথ খোলা চিঠি প্রকাশ করা হয়। চিঠিতে স্বাক্ষরকারী সংগঠনগুলির মধ্যে রয়েছে হিন্দু কমিউনিটি অর্গানাইজেশনস গ্রুপ, ইন্ডিয়ান ডায়াসপোরা ইন দ্য ইউকে (আইডিইউকে), ফ্রেন্ডস অফ ইন্ডিয়া সোসাইটি ইন্টারন্যাশনাল (এফআইএসআই) ইউকে এবং ইন্ডিয়ান ন্যাশনাল স্টুডেন্টস অ্যাসোসিয়েশন (আইএনএসএ) ইউকে। তাদের বক্তব্য, লন্ডনে গত মাসে হওয়া একাধিক বিক্ষোভ, তার আয়োজক সংগঠন এবং সেখানে দেওয়া বক্তব্যের বিষয়বস্তু গুরুত্ব দিয়ে খতিয়ে দেখা প্রয়োজন। বিদেশের মাটিতে রাজনৈতিক কর্মসূচির আড়ালে ভারতের গণতান্ত্রিক প্রতিষ্ঠান এবং নির্বাচিত নেতৃত্বের বিরুদ্ধে বিরূপ মনোভাব তৈরির চেষ্টা হচ্ছে কি না, তা তদন্ত করা দরকার।

চিঠিতে বিশেষ ভাবে উল্লেখ করা হয়েছে ১৬ ও ১৭ অক্টোবরের দুটি বিক্ষোভের কথা। ১৬ অক্টোবর লন্ডনে ভারতীয় হাই কমিশনের সামনে বিক্ষোভের আয়োজন করে স্টুডেন্টস ফেডারেশন অফ ইন্ডিয়া (এসএফআই)-এর ব্রিটেন শাখা। পরের দিন পার্লামেন্ট স্কোয়ারে আয়োজিত হয় আরও একটি প্রতিবাদ কর্মসূচি। সেখানে বক্তব্য রাখেন ইউটিউবার ধ্রুব রাঠি। ভারতের তরুণদের আন্দোলনের প্রতি সংহতি জানিয়ে এই কর্মসূচিগুলির আয়োজন করা হয়েছিল বলে উল্লেখ করা হয়েছে। বিক্ষোভকারীদের অন্যতম দাবি ছিল, ভারতের মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে পদ থেকে সরাতে হবে। পাশাপাশি ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআর প্রক্রিয়াও বন্ধ করার দাবি ওঠে।

প্রবাসী সংগঠনগুলির অভিযোগ, এই বিক্ষোভগুলির সঙ্গে পাকিস্তানি ও বাংলাদেশি ইসলামপন্থী সংগঠন এবং খালিস্তানপন্থী বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীর যোগাযোগ থাকতে পারে। রাজনৈতিক ও সামাজিক সংগঠনগুলির সঙ্গে এমন কোনও গোষ্ঠীর সমন্বয়, আর্থিক সাহায্য কিংবা অন্য কোনও ধরনের সহযোগিতা রয়েছে কি না, তা খতিয়ে দেখার আবেদন জানিয়েছে তারা। বিদেশি মদতে ভারতের জাতীয় স্বার্থের বিরুদ্ধে কোনও কর্মকাণ্ড পরিচালিত হচ্ছে কি না, তারও তদন্ত চেয়েছে সংগঠনগুলি।

এ ছাড়াও উস্কানিমূলক বক্তব্য, পরিকল্পিত হিংসা, ভয় দেখানো, উদ্দেশ্যপ্রণোদিত ভুয়ো তথ্য ছড়ানো এবং ভারতের গণতান্ত্রিক প্রক্রিয়াকে বিদেশের মাটি থেকে অস্থির করার চেষ্টার অভিযোগ তদন্তের দাবি জানানো হয়েছে। অভিযোগ প্রমাণিত হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার আর্জি জানিয়েছে তারা। একই সঙ্গে ব্রিটিশ প্রশাসনের কাছেও আবেদন জানানো হয়েছে, সে দেশের গণতান্ত্রিক অধিকার যেন ভয় দেখানো, চরমপন্থা কিংবা বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে বিভেদ তৈরির কাজে ব্যবহার না হয়।

তবে চিঠিতে একটি গুরুত্বপূর্ণ বিষয় স্পষ্ট করেছে সংগঠনগুলি। তাদের বক্তব্য, গণতান্ত্রিক ব্যবস্থায় শান্তিপূর্ণ প্রতিবাদ এবং সরকারের সমালোচনা করার অধিকার সকলের রয়েছে। নির্বাচিত সরকারের বিরোধিতা করা অন্যায় নয়। কিন্তু সেই অধিকারের আড়ালে হিংসায় উস্কানি, ভয় দেখানো, সাম্প্রদায়িক মেরুকরণ কিংবা সাংবিধানিক প্রতিষ্ঠানগুলিকে বেআইনি উপায়ে দুর্বল করার চেষ্টা মেনে নেওয়া যায় না।

উল্লেখ্য, গত মাসে ভারতের বিভিন্ন শহরের পাশাপাশি বিদেশেও একাধিক প্রতিবাদ কর্মসূচির ডাক দিয়েছিল কয়েকটি ছাত্র সংগঠন। ভারতে ককরোচ জনতা পার্টি বা সিজেপির দাবিগুলিকে আন্তর্জাতিক স্তরে তুলে ধরাই ছিল ওই কর্মসূচির উদ্দেশ্য। সেই আন্দোলনের রেশ ধরেই লন্ডনের বিক্ষোভকে ঘিরে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে। এখন দেখার, ব্রিটেনের ৫০টি সংগঠনের এই চিঠির পর বিষয়টি নিয়ে ভারতীয় প্রশাসন কোনও তদন্তের উদ্যোগ নেয় কি না। তবে প্রবাসী ভারতীয়দের এই যৌথ আবেদন আন্তর্জাতিক মঞ্চে ভারতের অভ্যন্তরীণ রাজনৈতিক আন্দোলন এবং বিদেশের মাটিতে তার প্রতিফলন নিয়ে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।

  • Abhijit Chowdhury
    ABOUT THE AUTHOR
    Abhijit Chowdhury

    ২০২১ সাল থেকে হিন্দুস্তান টাইমস বাংলার সঙ্গে যুক্ত রয়েছেন অভিজিৎ চৌধুরী। ২০১৮ সালে সালে তাঁর পেশাদার জীবনের শুরু। জাতীয়, আন্তর্জাতিক বিষয়, বাংলার রাজনীতি এবং খেলাধুলোর বিষয়ে লেখার ক্ষেত্রে ৮ বছরের অভিজ্ঞতা রয়েছে তাঁর। আন্তর্জাতিক ক্ষেত্রে আমেরিকা, পাকিস্তান এবং বাংলাদেশের বিষয়ে তাঁর আগ্রহ সবচেয়ে বেশি। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর ডিগ্রি পাশ করেই সাংবাদিকতার জগতে প্রবেশ করেছেন অভিজিৎ। হিন্দুস্তান টাইমস বাংলায় যোগদানের আগে ওয়ানইন্ডিয়া এবং ইটিভি ভারতে কাজ করার অভিজ্ঞতা রয়েছে অভিজিতের। এছাড়া আকাশবাণীতে রেডিও জকি হিসেবেও কাজ করেছিলেন তিনি। খবরের জগৎ ছাড়া খেলাধুলো, ইতিহাসে অভিজিতের আগ্রহ রয়েছে। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন নিয়ে অভিজিৎ তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন আশুতোষ কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: ক্রিকেট, ফুটবল, টেনিস ছাড়া প্রায় সব ধরনের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বই পড়ে এবং বিভিন্ন বিষয়ে ডকুমেন্টারি দেখে।Read More