EPFO: গ্রাহকদের জন্য স্বস্তি! ইপিএফও-র বৈঠকে PF নিয়মে বড়সড় পরিবর্তনের অনুমোদন

EPFO: তবে এই পরিবর্তনের ফলে পিএফ (PF)-এর টাকা তোলার অন্যান্য নিয়ম উঠে যাচ্ছে, এমনটা নয়। সংশ্লিষ্ট ক্ষেত্রে নির্দিষ্ট যোগ্যতা, প্রত্যাহারের কারণ এবং ইপিএফও-র নির্দেশিকা মেনে চলতে হবে।

Published on: Nov 19, 2026, 16:09:56 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
Copy link
  • copy link

EPFO: এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশন (EPFO) তার লক্ষ লক্ষ সদস্যের জন্য নিয়মে কিছু পরিবর্তন এনেছে, যা জেনে নেওয়া সকল পেশাদার কর্মচারীর জন্য অত্যন্ত জরুরি৷ বৃহস্পতিবার ন্যূনতম পিএফ (PF) ব্যালান্সের বাধ্যতামূলক সীমা ২৫ শতাংশ থেকে কমিয়ে ১০ শতাংশ করার প্রস্তাবে অনুমোদন দিয়েছে ইপিএফও-র বোর্ড। এই ঐতিহাসিক সিদ্ধান্তের ফলে ভবিষ্যতে পিএফ অ্যাকাউন্টে জমা থাকা অর্থের আরও বেশি অংশ প্রয়োজনের সময় ব্যবহারের সুযোগ তৈরি হতে পারে।

ইপিএফও-র বৈঠকে পিএফ নিয়মে বড়সড় পরিবর্তনের অনুমোদন  (AI Generated Representational Image)
ইপিএফও-র বৈঠকে পিএফ নিয়মে বড়সড় পরিবর্তনের অনুমোদন (AI Generated Representational Image)

এতদিন পিএফ (PF) অ্যাকাউন্ট থেকে টাকা তোলার ক্ষেত্রে নির্দিষ্ট কিছু নিয়ম ও সীমাবদ্ধতা মেনে চলতে হত কর্মীদের। বিশেষ করে অ্যাকাউন্টে ন্যূনতম কত টাকা জমা রাখতে হবে, সেই শর্তের কারণে অনেক সময় পুরোপুরি প্রয়োজন মেটানো সম্ভব হত না। নতুন সিদ্ধান্ত কার্যকর হলে ন্যূনতম ব্যালান্সের বাধ্যবাধকতা কমবে। ফলে জরুরি পরিস্থিতিতে কর্মীদের হাতে তুলনামূলক বেশি অর্থ পাওয়ার সুযোগ তৈরি হবে। চিকিৎসা, পারিবারিক প্রয়োজন কিংবা অন্যান্য জরুরি খরচের ক্ষেত্রে পিএফ (PF)-এর টাকা কর্মীদের কাছে গুরুত্বপূর্ণ আর্থিক ভরসা। সেই কারণেই ন্যূনতম ব্যালান্সের সীমা কমানোর সিদ্ধান্তকে তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। তবে কেন্দ্রীয় শ্রম মন্ত্রকের তরফে এখনও এই বিষয়ে আনুষ্ঠানিক বিজ্ঞপ্তি জারি করা বাকি রয়েছে।

তবে এই পরিবর্তনের ফলে পিএফ (PF)-এর টাকা তোলার অন্যান্য নিয়ম উঠে যাচ্ছে, এমনটা নয়। সংশ্লিষ্ট ক্ষেত্রে নির্দিষ্ট যোগ্যতা, প্রত্যাহারের কারণ এবং ইপিএফও-র নির্দেশিকা মেনে চলতে হবে। ইপিএফও-র এই সিদ্ধান্তের বিস্তারিত কার্যকরী নির্দেশিকা এবং কবে থেকে নতুন নিয়ম চালু হবে, সে বিষয়ে আপাতত সরকারি বিজ্ঞপ্তির অপেক্ষায় পিএফ (PF) গ্রাহকরা। বর্তমান নিয়ম অনুযায়ী, আংশিক টাকা তোলার (Partial withdrawal) সময় ইপিএফও সদস্যদের তাঁদের পিএফ ব্যালেন্সের বাধ্যতামূলক সীমা ২৫ শতাংশ রাখা বাধ্যতামূলক। এর অর্থ হল আপনি কখনওই আপনার অ্যাকাউন্ট সম্পূর্ণরূপে খালি করতে পারবেন না৷

সঞ্চয়ের ৯০ শতাংশ পর্যন্ত টাকা তুলতে পারবেন গ্রাহকরা

ন্যূনতম ব্যালেন্সের সীমা কমিয়ে ১০ শতাংশ করার এই প্রস্তাব কার্যকর হলে, প্রযোজ্য শর্তাবলী সাপেক্ষে গ্রাহকরা তাঁদের মোট জমা সঞ্চয়ের ৯০ শতাংশ পর্যন্ত টাকা তুলে নিতে পারবেন। উল্লেখ্য, সংশোধিত ইপিএফ উত্তোলন কাঠামোর অধীনে এই ২৫ শতাংশ ন্যূনতম ব্যালেন্সের নিয়ম চালু করা হয়েছিল সদস্যদের সর্বোত্তম স্বার্থে। এটি নিশ্চিত করবে যে ইপিএফও সদস্যরা তাদের আমানতের উপর ৮.২৫ শতাংশ আকর্ষণীয় সুদের হার থেকে উপকৃত হতে থাকবে এবং অবসর গ্রহণের পরবর্তী সময়ের জন্য সব সময় একটি ন্যূনতম অর্থ সুরক্ষিত থাকবে।

এর আগে গত ১৬ সেপ্টেম্বর কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে ইপিএফের ক্ষেত্রে মাসিক আয়ের সর্বোচ্চ সীমা ১৫,০০০ থেকে ২৫,০০০ টাকা করার সিদ্ধান্তে সিলমোহর দেয় নরেন্দ্র মোদী প্রশাসন। মন্ত্রিসভার বৈঠক শেষে সংশ্লিষ্ট ইস্যুতে গণমাধ্যমের মুখোমুখি হন কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। তিনি বলেন, ‘আয়ের সর্বোচ্চ সীমা বৃদ্ধির জেরে আরও ৫১ লক্ষ কর্মী ও শ্রমিককে বাধ্যতামূলক ভাবে প্রভিডেন্ট ফান্ডের আওতায় আনা সম্ভব হবে। এতে তাঁদের সামাজিক সুরক্ষার পরিধি বিস্তৃত করতে পারবে সরকার।’ কেন্দ্রীয় বিজ্ঞপ্তি অনুযায়ী, গত কয়েক বছরে মজুরি ও বেতন বৃদ্ধির জেরে অনেকটাই বৃদ্ধি পেয়েছে বেসরকারি কর্মীদের আয়। আর তাই সর্বোচ্চ সীমা বৃদ্ধি করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বর্তমানে ইপিএফ খাতে সরকারের খরচ হচ্ছে প্রায় ১০,২৫০ কোটি টাকা। আয়ের সর্বোচ্চ সীমা বৃদ্ধির জেরে সেটাই বেড়ে দাঁড়াবে ১১,৩৩৯ কোটি। অর্থাৎ পাঁচ বছরে প্রায় ৫৬,৬৯৬ কোটি টাকা খরচ হতে পারে কেন্দ্রের।