US Open 2026: ‘কেউ গাঁজা খাচ্ছে!' ম্যাচ থামিয়ে আম্পায়ারের কাছে অভিযোগ তারকা খেলোয়াড়ের, তারপর…

US Open 2026: সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলার সময় আরিনা সাবালেঙ্কা বলেন, কারও আনন্দ করার বিষয়ে তাঁর আপত্তি নেই। তবে টেনিস কোর্টের আশপাশে যেন কেউ ধূমপান না করেন, সেটিই তাঁর অনুরোধ।

Published on: Sep 5, 2026, 17:33:15 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

US Open 2026: ইউএস ওপেনের তৃতীয় রাউন্ডের ম্যাচে অদ্ভুত এক কারণে খেলা থামাতে হলো বিশ্বসেরা টেনিস তারকা আরিনা সাবালেঙ্কাকে (Aryna Sabalenka)। মূলত, দু’বারের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আরিনা সাবালেঙ্কাকে ইউএস ওপেন ২০২৬ (US Open 2026) -এর চতুর্থ রাউন্ডে পৌঁছনোর জন্য শুধু তাঁর প্রতিপক্ষের সঙ্গে নয়, বরং কোর্টে ভেসে আসা গাঁজার (Weed) তীব্র গন্ধের সঙ্গেও লড়াই করতে হয়।

বিশ্বসেরা টেনিস তারকা আরিনা সাবালেঙ্কা (REUTERS)
বিশ্বসেরা টেনিস তারকা আরিনা সাবালেঙ্কা (REUTERS)

লুইস আর্মস্ট্রং স্টেডিয়ামে ম্যাচ চলাকালীন তীব্র গন্ধে নিজেই খেলা থামিয়ে দেন সাবালেঙ্কা। এরপর বিষয়টি আম্পায়ারকে জানান বেলারুশের এই তারকা। উজবেকিস্তানের কামিলা রাখিমোভার বিপক্ষে শুক্রবারের ম্যাচে শুরুতেই ৩-০ গেমে এগিয়ে যান সাবালেঙ্কা। শেষ পর্যন্ত সরাসরি সেটে জয় তুলে নিয়ে চতুর্থ রাউন্ডে ওঠেন তিনি। তবে ম্যাচের দ্বিতীয় সার্ভিস গেমে গাঁজার গন্ধে বিরক্ত হয়ে আম্পায়ার ইভা আসাদেরাকি-মুরের দৃষ্টি আকর্ষণ করেন শীর্ষ বাছাই। ৩০-০ পয়েন্টে এগিয়ে থাকার সময় সাবালেঙ্কা হাসিমুখে আম্পায়ারের কাছে গিয়ে বলেন, ‘কেউ গাঁজা খাচ্ছে। একটু দেখবেন? গন্ধটা খুব তীব্র।’

পরে সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলার সময় সাবালেঙ্কা বলেন, কারও আনন্দ করার বিষয়ে তাঁর আপত্তি নেই। তবে টেনিস কোর্টের আশপাশে যেন কেউ ধূমপান না করেন, সেটিই তাঁর অনুরোধ। ম্যাচের পর ঘটনাটি হেসে উড়িয়ে দিয়ে সাবালেঙ্কা বলেন, 'আমি ভাবলাম, ‘বন্ধুরা! তোমরা যত খুশি ধূমপান করতে পারো, যত খুশি আরাম করতে পারো, কিন্তু দয়া করে কোর্টের আশেপাশে এমনটা করো না।’ যখন আপনি নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করছেন, তখন ওই গন্ধটা সহ্য করাটা একটু কঠিন।' এদিকে, সাংবাদিক সম্মেলনে একজন সাংবাদিক এই প্রসঙ্গটি উপস্থাপিত করলে সাবালেঙ্কা মজা করে হেসে বলেন, ‘এখন তো শুধু গাঁজার কথাই শুনি। ওরা যদি এভাবে ধূমপান করতে থাকে, তাহলে আমিও বোধহয় নেশাগ্রস্ত হয়ে যাব!’

জানিয়ে রাখি যে, ৫৪ মিনিট স্থায়ী এক কঠিন দ্বিতীয় সেটের পর সাবালেঙ্কা রাখিমোভাকে ৬-৩, ৬-৪ গেমে পরাজিত করেন। সেরেনা উইলিয়ামসের পর প্রথম খেলোয়াড় হিসাবে টানা ৩ টি ইউএস ওপেন শিরোপা জেতার পথে সাবালেঙ্কা এখন মার্কিন টেইলর টাউনসেন্ডের মুখোমুখি হবেন। তবে ফ্লাশিং মেডোজে গাঁজার গন্ধ অবশ্য নতুন কোনও বিষয় নয়। অতীতেও খেলোয়াড়েরা এই গন্ধের কারণে মনোযোগে বিঘ্ন ঘটার অভিযোগ করেছেন। ইউএস ওপেনের ভেন্যুর ভেতরে ধূমপান নিষিদ্ধ। তবে নিউইয়র্কে ২১ বছর বা তার বেশি বয়সিদের জন্য বিনোদনমূলকভাবে গাঁজা সেবন বৈধ। ফলে আশপাশের ফ্লাশিং মেডোজ-করোনা পার্ক থেকে আসা ধোঁয়া টেনিস কমপ্লেক্স ও কোর্ট পর্যন্ত পৌঁছে যেতে পারে। সাবালেঙ্কা জানান, চলতি টুর্নামেন্টে এর আগেও গাঁজার গন্ধ পেয়েছেন তিনি। তবে কোনও ম্যাচের সময় এত তীব্র গন্ধ আগে পাননি। তাঁর ধারণা, শুক্রবারের বাতাসের কারণেই গন্ধটি স্টেডিয়ামের ভেতরে আরও বেশি ছড়িয়ে পড়ে।

তিনি বলেন, ‘হ্যাঁ, এতটাই তীব্র ছিল। আর কিছুটা বাতাসও ছিল বলে হয়তো এমন হয়েছে।’ গন্ধটি দর্শকদের দিক থেকে এসেছে নাকি স্টেডিয়ামের বাইরে থেকে—তা নিশ্চিত নন সাবালেঙ্কা। তবে তাঁর অনুরোধ, দর্শক ও আশপাশের মানুষ যেন বিষয়টি নিয়ে একটু সচেতন থাকেন। পরে একই বিষয়ে আবার প্রশ্ন করা হলে হেসে সাবালেঙ্কা বলেন, ‘গাঁজা নিয়ে বলার মতো মনে হয় আর কিছু নেই। আমি শুধু মানুষকে অনুরোধ করছি, টেনিস কোর্টের পাশে যেন এটা না করা হয়।’ শেষ পর্যন্ত অবশ্য ম্যাচে কোনও বড় প্রভাব পড়তে দেননি সাবালেঙ্কা। রাখিমোভাকে সরাসরি সেটে হারিয়ে তৃতীয় রাউন্ডের বাধা পেরিয়ে যান তিনি।