IBM H1B Visa: ট্রাম্পের কড়াকড়ির জের! H-1B ভিসা, গ্রিন কার্ডে স্পনসরশিপ বন্ধ করছে IBM; বিপাকে ভারতীয় কর্মীরা?
H-1B ভিসা এবং গ্রিন কার্ডের স্পনসরশিপ বন্ধ করার সিদ্ধান্ত নিল বিশ্বের অন্যতম বড় প্রযুক্তি সংস্থা IBM। সংস্থার সবচেয়ে বড় বিভাগ IBM Consulting-এর অধিকাংশ পদের ক্ষেত্রেই এই সুবিধা আর দেওয়া হবে না। ফলে আমেরিকায় কর্মরত বহু বিদেশি কর্মীর ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে।
আমেরিকায় কাজ করার স্বপ্ন দেখেন বহু ভারতীয় তথ্যপ্রযুক্তি কর্মী। তাঁদের কাছে H-1B ভিসা এবং গ্রিন কার্ড পাওয়ার সুযোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিন্তু মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অভিবাসন নীতির কড়াকড়ির প্রভাব এবার সরাসরি পড়তে শুরু করল তথ্যপ্রযুক্তি সংস্থাগুলিতে। H-1B ভিসা এবং গ্রিন কার্ডের স্পনসরশিপ বন্ধ করার সিদ্ধান্ত নিল বিশ্বের অন্যতম বড় প্রযুক্তি সংস্থা IBM। সংস্থার সবচেয়ে বড় বিভাগ IBM Consulting-এর অধিকাংশ পদের ক্ষেত্রেই এই সুবিধা আর দেওয়া হবে না। ফলে আমেরিকায় কর্মরত বহু বিদেশি কর্মীর ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। এই সিদ্ধান্তের প্রভাব ভারতীয় তথ্যপ্রযুক্তি কর্মীদের উপরেও পড়তে পারে বলে আশঙ্কা।
বুধবার প্রকাশিত হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন অনুযায়ী, IBM Consulting-এর অধিকাংশ পদের জন্য ভিসা এবং গ্রিন কার্ডের স্পনসরশিপ বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে সংস্থাটি। IBM-এর এক মুখপাত্র জানিয়েছেন, দক্ষ কর্মীর অভাব পূরণ করতে অতীতে আমেরিকার বিভিন্ন উচ্চদক্ষতাসম্পন্ন কর্মী নিয়োগের ভিসা কর্মসূচিতে অংশ নিত সংস্থা। কিন্তু গত কয়েক বছর ধরে সেই অংশগ্রহণ ক্রমশ কমেছে। কর্মীদের দক্ষতার প্রাপ্যতা এবং গ্রাহকদের চাহিদায় পরিবর্তন এসেছে। সেই পরিস্থিতি বিবেচনা করেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
চাকরি থাকবে না আমেরিকার মাটিতে!
এই সিদ্ধান্তে যাঁরা প্রভাবিত হবেন, তাঁদের সামনে আপাতত দুটি পথ রয়েছে। প্রথমত, আমেরিকার বাইরে IBM-এর অন্য কোনও শাখায় কাজ চালিয়ে যেতে পারবেন তাঁরা। দ্বিতীয়ত, চলতি বছরের শেষেই সংস্থা ছাড়তে হবে। ব্লুমবার্গের হাতে আসা সংস্থার অভ্যন্তরীণ নথির ভিত্তিতে এই খবর প্রকাশিত হয়েছে। সংশ্লিষ্ট বিভাগের পরিচালকদের কাছে চলতি সপ্তাহেই ওই নথি পাঠানো হয়েছে বলে জানা গিয়েছে।
IBM Consulting সংস্থাটির বৃহত্তম বিভাগ। সেখানে কর্মীর সংখ্যা দেড় লক্ষেরও বেশি। ফলে সিদ্ধান্তটি একাধিক দেশের কর্মীর উপর প্রভাব ফেলতে পারে। বিশেষ করে ভারতীয় তথ্যপ্রযুক্তি কর্মীদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। কারণ আমেরিকার প্রযুক্তি শিল্পে ভারতীয় পেশাদারদের বড় অংশ H-1B ভিসার মাধ্যমে কাজ করেন। যদিও কত জন কর্মী সরাসরি এই সিদ্ধান্তের ফলে চাকরি হারাবেন, তা এখনও স্পষ্ট নয়।
কেন এত কড়াকড়ি ট্রাম্পের?
ক্ষমতায় ফেরার পর থেকেই বিদেশি কর্মীদের বদলে আমেরিকানদের নিয়োগের উপর জোর দিচ্ছেন ট্রাম্প। তাঁর প্রশাসনের বক্তব্য, মার্কিন সংস্থাগুলিকে স্থানীয় কর্মীদের প্রশিক্ষণ এবং নিয়োগের দিকে বেশি নজর দিতে হবে। সেই লক্ষ্যেই H-1B ভিসা পাওয়ার নিয়ম আরও কঠোর করার উদ্যোগ নেওয়া হয়েছে। নতুন H-1B আবেদনের ক্ষেত্রে এককালীন ১ লক্ষ ডলারের ফি চালুর ঘোষণাও করেছে হোয়াইট হাউস। পাশাপাশি বার্ষিক ভিসা লটারির নিয়মে পরিবর্তন এনে বেশি বেতন দেওয়া সংস্থাগুলিকে অগ্রাধিকার দেওয়ার ব্যবস্থা করা হয়েছে।
গত মাসে মাইক্রোসফট, অ্যাডোবি-সহ একাধিক প্রযুক্তি সংস্থার বিরুদ্ধে মার্কিন কর্মী ভিসা ব্যবস্থার অপব্যবহারের অভিযোগ তুলেছিল ট্রাম্প প্রশাসন। তাদের গ্রিন কার্ড সংক্রান্ত পার্ম (PERM) প্রক্রিয়া ব্যবহারের উপরও অনির্দিষ্টকালের জন্য নিষেধাজ্ঞা জারি করা হয় বলে প্রতিবেদন।
কমছে IBM-এর H-1B ভিসা অনুমোদনও
মার্কিন প্রশাসনের তথ্য অনুযায়ী, ২০২৬ অর্থবর্ষে IBM-এর জন্য ১,৬১১টি H-1B ভিসার অনুমোদন মিলেছে। ২০২৫ অর্থবর্ষে এই সংখ্যা ছিল ২,০৪৫। অর্থাৎ এক বছরের ব্যবধানে অনুমোদনের সংখ্যা কমেছে ৪৩৪। ২০০৯ সাল থেকে এখনও পর্যন্ত IBM মোট ২৭,৮৬৩ বার H-1B কর্মীদের স্পনসর করেছে। এই তালিকায় সংস্থাটির অবস্থান ২০ নম্বরে।
উল্লেখ্য, সাম্প্রতিক বছরগুলিতে IBM নিজেদের ব্যবসার ধরন বদলানোর চেষ্টা করছে। রেড হ্যাট, হ্যাশিকর্প এবং কনফ্লুয়েন্টের মতো সংস্থা অধিগ্রহণ করে সফটওয়্যার ব্যবসায় আরও জোর দিচ্ছে তারা। অন্য দিকে, ২০২৪ সাল থেকে সংস্থার পরামর্শদাতা ব্যবসার বৃদ্ধি প্রায় থমকে রয়েছে।
সব মিলিয়ে ট্রাম্প প্রশাসনের অভিবাসন নীতির কড়াকড়ি এবং প্রযুক্তি সংস্থাগুলির ব্যবসায়িক পরিবর্তনের জোড়া ধাক্কায় আমেরিকার তথ্যপ্রযুক্তি ক্ষেত্রে বিদেশি কর্মীদের ভবিষ্যৎ নিয়ে নতুন করে প্রশ্ন উঠছে। বিশেষ করে H-1B ভিসার উপর নির্ভরশীল ভারতীয় পেশাদারদের জন্য এই সিদ্ধান্ত কতটা বড় ধাক্কা হয়ে দাঁড়ায়, এখন সেটাই দেখার।
ABOUT THE AUTHORAbhijit Chowdhury২০২১ সাল থেকে হিন্দুস্তান টাইমস বাংলার সঙ্গে যুক্ত রয়েছেন অভিজিৎ চৌধুরী। ২০১৮ সালে সালে তাঁর পেশাদার জীবনের শুরু। জাতীয়, আন্তর্জাতিক বিষয়, বাংলার রাজনীতি এবং খেলাধুলোর বিষয়ে লেখার ক্ষেত্রে ৮ বছরের অভিজ্ঞতা রয়েছে তাঁর। আন্তর্জাতিক ক্ষেত্রে আমেরিকা, পাকিস্তান এবং বাংলাদেশের বিষয়ে তাঁর আগ্রহ সবচেয়ে বেশি। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর ডিগ্রি পাশ করেই সাংবাদিকতার জগতে প্রবেশ করেছেন অভিজিৎ। হিন্দুস্তান টাইমস বাংলায় যোগদানের আগে ওয়ানইন্ডিয়া এবং ইটিভি ভারতে কাজ করার অভিজ্ঞতা রয়েছে অভিজিতের। এছাড়া আকাশবাণীতে রেডিও জকি হিসেবেও কাজ করেছিলেন তিনি। খবরের জগৎ ছাড়া খেলাধুলো, ইতিহাসে অভিজিতের আগ্রহ রয়েছে। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন নিয়ে অভিজিৎ তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন আশুতোষ কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: ক্রিকেট, ফুটবল, টেনিস ছাড়া প্রায় সব ধরনের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বই পড়ে এবং বিভিন্ন বিষয়ে ডকুমেন্টারি দেখে।Read More
E-Paper


