মুখ্যমন্ত্রীর স্ত্রীর পাসপোর্ট বিতর্কে নয়া মোড়! কংগ্রেস নেতার বাড়িতে অসম পুলিশ, হুলুস্থূল...

হাত শিবিরের আনা অভিযোগের বিরুদ্ধে পাল্টা তোপ দাগেন অসমের বিদায়ী মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। কংগ্রেস নেতার অভিযোগকে 'ভুয়ো ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত' বলে উড়িয়ে দেন তিনি।

Published on: Apr 07, 2026 9:48 PM IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার স্ত্রীর পাসপোর্ট বিতর্কে নয়া মোড়। মঙ্গলবার সকালে দিল্লিতে কংগ্রেস নেতা তথা দলের মিডিয়া সেলের চেয়ারম্যান পবন খেরার বাসভবনে হানা দিল অসম পুলিশের একটি দল। চার সদস্যের একটি দল কংগ্রেস নেতার নিজামুদ্দিন পূর্বের বাসভবনে পৌঁছয়। অসম পুলিশকে সহায়তা করছে দিল্লি পুলিশ।

কংগ্রেস নেতার বাড়িতে অসম পুলিশ (PTI)
কংগ্রেস নেতার বাড়িতে অসম পুলিশ (PTI)

জানা গিয়েছে, অসম পুলিশ যখন এদিন পবন খেরার বাড়িতে পৌঁছয়, তখন বাসভবনে ছিলেন না কংগ্রেস নেতা। এনডিটিভি-র প্রতিবেদন অনুযায়ী, বর্তমানে হায়দরাবাদে রয়েছেন পবন খেরা। এই প্রসঙ্গে সংবাদ সংস্থা এএনআই-কে অসমের মুখ্যমন্ত্রী বলেন, 'গতকাল তিনি গুয়াহাটি থেকে পালিয়ে গিয়েছেন। আমি সংবাদমাধ্যমের কাছ থেকে জানতে পেরেছি যে দিল্লিতে তাঁর বাসভবনে গিয়েছিল পুলিশ। কিন্তু তিনি হায়দরাবাদে পালিয়েছেন। আইন তার নিজস্ব গতিতে চলবে। আমা পবন খেরাকে পবন পেড়া করে ছাড়ব।' এর আগে সাংবাদিক বৈঠক করে অসমের মুখ্যমন্ত্রীর স্ত্রী রিনিকি ভুঁইয়া শর্মার তিনটি পাসপোর্ট রয়েছে বলে দাবি করেছিলেন পবন খেরা। তাঁর নামে বিদেশি সম্পদ নিয়ে প্রশ্ন তুলেছিলেন এই কংগ্রেস নেতা। পবন খেরার দাবি ছিল, সংযুক্ত আরব আমিরশাহি, অ্যান্টিগুয়া ও বার্বুডা এবং মিশরের পাসপোর্ট রয়েছে হিমন্তের অর্ধাঙ্গীনির নামে। তিনি আরও অভিযোগ করেন যে, রিনিকি দেবীর নামে দুবাইয়ে একাধিক স্থাবর সম্পত্তি এবং আমেরিকায় একটি সংস্থা রয়েছে, যা নির্বাচনী হলফনামায় উল্লেখ করা হয়নি।

তার প্রেক্ষিতেই কংগ্রেস নেতার বিরুদ্ধে এফআইআর দায়ের করেন মুখ্যমন্ত্রীর স্ত্রী। সেই সূত্রেই দিল্লি এবং অসম পুলিশ পবনের বাড়ি তল্লাশি করছে বলে খবর। অন্যদিকে, হাত শিবিরের আনা অভিযোগের বিরুদ্ধে পাল্টা তোপ দাগেন অসমের বিদায়ী মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। কংগ্রেস নেতার অভিযোগকে 'ভুয়ো ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত' বলে উড়িয়ে দেন তিনি। পাশাপাশি, কংগ্রেস নেতা পবন খেরার বিরুদ্ধে আইনি পদক্ষেপ করারও হুঁশিয়ারি দেন হিমন্ত। এর আগে হিমন্ত বিশ্ব শর্মা বলেছিলেন যে তাঁর স্ত্রী তথাকথিত মিথ্যা অভিযোগের জন্য পুলিশের কাছে একটি অভিযোগ দায়ের করেছেন। তিনি বলেছিলেন, 'গতকাল আমার স্ত্রী একটি এফআইআর দায়ের করেছেন, এবং আমি নিশ্চিত যে পুলিশ আইনের যথাযথ ধারায় মামলাটি নথিভুক্ত করবে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।' রিনিকি ভুঁইয়া শর্মাও একাধিক পাসপোর্ট এবং বিদেশি সম্পদ সংক্রান্ত দাবিগুলো নিয়ে প্রশ্ন তুলে অভিযোগগুলো উড়িয়ে দিয়েছেন। ৫৭ বছর বয়সি হিমন্ত বিশ্ব শর্মা, ২০১৫ সালে কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছিলেন। এবার তিনি জানিয়েছেন, কংগ্রেস নেতার বিরুদ্ধে মানহানির মামলা করবেন। এরমধ্যেই ৯ এপ্রিল অসমে ভোট গ্রহণ। তার মাত্র কয়েকদিন আগে কংগ্রেসের অভিযোগ ঘিরে বিতর্ক তুঙ্গে। যেখানে উভয় পক্ষই নাগরিকত্ব, সম্পদ এবং তথ্য প্রকাশের নিয়ম নিয়ে একে অপরের বিরুদ্ধে অভিযোগ করছে।