...
...
Next Story

Tripura BSF Assault Update: ত্রিপুরায় বিএসএফের উপর হামলা, ১৯ অভিযুক্তের মধ্যে গ্রেফতার ১৮, জারি কড়া নির্দেশ

ঘটনাটি গত ২ নভেম্বরের। ত্রিপুরার সিপাহিজলা জেলার আশাবাড়ি গ্রামে বাংলাদেশের আন্তর্জাতিক সীমান্তের কাছে এই হামলার ঘটনা ঘটে। এলাকাটি কালামচৌড়া থানার অন্তর্গত। পুলিশ সূত্রে জানা গিয়েছে, সীমান্ত এলাকায় টহল দেওয়ার সময় বিএসএফের নজরে আসে গাঁজা পাচারের চেষ্টা।

Published on: Nov 6, 2026, 13:19:03 IST
Advertisement

বাংলাদেশ সীমান্তে ফের বিএসএফের উপর হামলার ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়াল ত্রিপুরায়। সীমান্তে পাচারকারীদের বিরুদ্ধে অভিযান চালাতে গিয়ে আক্রান্ত হলেন সীমান্তরক্ষী বাহিনীর জওয়ানেরা। তাঁদের উপর হামলা চালানোর অভিযোগ উঠেছে স্থানীয় গ্রামবাসীদের একাংশের বিরুদ্ধে। এই ঘটনায় এখনও পর্যন্ত ১৮ জনকে গ্রেফতার করেছে ত্রিপুরা পুলিশ। অভিযুক্তদের মধ্যে তিন জন মহিলা রয়েছেন। এফআইআরে মোট ১৯ জনের নাম রয়েছে। তাঁদের মধ্যে একজন এখনও অধরা। অন্য দিকে, ঘটনার গুরুত্ব বুঝে উচ্চপর্যায়ের বৈঠক করেছেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহা। সীমান্তে পাচারচক্রের বিরুদ্ধে কোনও রকম আপস করা হবে না বলে স্পষ্ট বার্তা দিয়েছেন তিনি।

ত্রিপুরার সিপাহিজলা জেলার আশাবাড়ি গ্রামে বাংলাদেশের আন্তর্জাতিক সীমান্তের কাছে এই হামলার ঘটনা ঘটে।
ত্রিপুরার সিপাহিজলা জেলার আশাবাড়ি গ্রামে বাংলাদেশের আন্তর্জাতিক সীমান্তের কাছে এই হামলার ঘটনা ঘটে।

ঘটনাটি গত ২ নভেম্বরের। ত্রিপুরার সিপাহিজলা জেলার আশাবাড়ি গ্রামে বাংলাদেশের আন্তর্জাতিক সীমান্তের কাছে এই হামলার ঘটনা ঘটে। এলাকাটি কালামচৌড়া থানার অন্তর্গত। পুলিশ সূত্রে জানা গিয়েছে, সীমান্ত এলাকায় টহল দেওয়ার সময় বিএসএফের নজরে আসে গাঁজা পাচারের চেষ্টা। সন্দেহভাজন পাচারকারীদের আটকাতে গেলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। পাচারের সঙ্গে যুক্ত এক ব্যক্তিকে আটক করে বিএসএফ। তার পরেই স্থানীয় কয়েকজন বাসিন্দা জওয়ানদের ঘিরে ধরে বলে অভিযোগ।

পুলিশের দাবি, প্রায় ৫০ জন পুরুষ ও মহিলা মিলে বিএসএফের কর্মীদের উপর হামলা চালান। তাঁদের লক্ষ্য করে ইট-পাথর ছোড়া হয়। হামলায় এক কোম্পানি কমান্ডার-সহ তিন জন জওয়ান গুরুতর আহত হন বলে একাধিক সংবাদমাধ্যমের প্রতিবেদন। ইন্ডিয়া টুডে নর্থইস্টের প্রতিবেদনে অবশ্য চার জন বিএসএফ কর্মী আহত হওয়ার কথা বলা হয়েছে। হামলাকারীরা বিএসএফের একটি গাড়িও ভাঙচুর করে। এমনকি এক জওয়ানের কাছ থেকে আগ্নেয়াস্ত্র ছিনিয়ে নেওয়ারও চেষ্টা হয়। অভিযোগ, একটি পাম্প অ্যাকশন গান ছিনিয়ে নেওয়া হয়েছিল। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে নিরাপত্তারক্ষীরা। হামলায় এক অভিযুক্তও আহত হন বলে জানা গিয়েছে।

এই ঘটনার পর বৃহস্পতিবার আগরতলায় উচ্চপর্যায়ের বৈঠক করেন মুখ্যমন্ত্রী মানিক সাহা। বৈঠকে উপস্থিত ছিলেন মুখ্যসচিব জে কে সিনহা, ভারপ্রাপ্ত পুলিশপ্রধান জি এস রাও, স্বরাষ্ট্রসচিব অভিষেক সিং এবং বিএসএফের আইজি প্রিন্সি রানি। পাশাপাশি সিআরপিএফ ও অসম রাইফেলসের প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন। আশাবাড়ির হামলার পরিস্থিতি এবং তদন্তের অগ্রগতি নিয়ে মুখ্যমন্ত্রীকে বিস্তারিত রিপোর্ট দেন আধিকারিকেরা।

মানিক সাহা নির্দেশ দিয়েছেন, বিএসএফের উপর হামলায় জড়িত প্রত্যেকের বিরুদ্ধে কড়া আইনি পদক্ষেপ করতে হবে। সীমান্ত দিয়ে গাঁজা-সহ বিভিন্ন সামগ্রী পাচার রুখতে নিরাপত্তা আরও জোরদার করার কথাও বলেছেন তিনি। মুখ্যমন্ত্রীর স্পষ্ট বার্তা, কর্তব্যরত নিরাপত্তারক্ষীদের উপর হামলা কোনও ভাবেই বরদাস্ত করা হবে না।

উল্লেখ্য, বাংলাদেশের সঙ্গে ত্রিপুরার প্রায় ৮৫৬ কিলোমিটার আন্তর্জাতিক সীমান্ত রয়েছে। ভৌগোলিক অবস্থানের কারণে এই সীমান্ত দিয়ে পাচার ও অবৈধ যাতায়াতের ঝুঁকি রয়েছে। অতীতেও সিপাহিজলা এলাকায় পাচারকারীদের হামলায় নিরাপত্তারক্ষীদের মৃত্যুর ঘটনা ঘটেছে। ফলে আশাবাড়ির সাম্প্রতিক ঘটনা সীমান্ত নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ বাড়িয়েছে।

 
ABOUT THE AUTHOR
Abhijit Chowdhury

২০২১ সাল থেকে হিন্দুস্তান টাইমস বাংলার সঙ্গে যুক্ত রয়েছেন অভিজিৎ চৌধুরী। ২০১৮ সালে সালে তাঁর পেশাদার জীবনের শুরু। জাতীয়, আন্তর্জাতিক বিষয়, বাংলার রাজনীতি এবং খেলাধুলোর বিষয়ে লেখার ক্ষেত্রে ৮ বছরের অভিজ্ঞতা রয়েছে তাঁর। আন্তর্জাতিক ক্ষেত্রে আমেরিকা, পাকিস্তান এবং বাংলাদেশের বিষয়ে তাঁর আগ্রহ সবচেয়ে বেশি। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর ডিগ্রি পাশ করেই সাংবাদিকতার জগতে প্রবেশ করেছেন অভিজিৎ। হিন্দুস্তান টাইমস বাংলায় যোগদানের আগে ওয়ানইন্ডিয়া এবং ইটিভি ভারতে কাজ করার অভিজ্ঞতা রয়েছে অভিজিতের। এছাড়া আকাশবাণীতে রেডিও জকি হিসেবেও কাজ করেছিলেন তিনি। খবরের জগৎ ছাড়া খেলাধুলো, ইতিহাসে অভিজিতের আগ্রহ রয়েছে। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন নিয়ে অভিজিৎ তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন আশুতোষ কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: ক্রিকেট, ফুটবল, টেনিস ছাড়া প্রায় সব ধরনের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বই পড়ে এবং বিভিন্ন বিষয়ে ডকুমেন্টারি দেখে।

SHARE THIS ARTICLE ON
Notifications

Get breaking alerts directly from the newsroom

Notifications are on!You'll be notified when news breaks