Bangladesh Awami League Latest Update: জামাত হারতেই প্রকাশ্যে আন্ডারগ্রাউন্ডে থাকা আওয়ামী লীগ, উঠল 'জয় বাংলা' স্লোগান
ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলায় আওয়ামী লীগের স্থানীয় নেতাকর্মীরা পার্টি অফিস খোলেন। সেখানে স্লোগান ওঠে - 'শেখ হাসিনা কথা দিলাম, পার্টি অফিস দখল নিলাম, জয় ভাই কথা দিলাম, পার্টি অফিস দখল নিলাম, স্বাধীনতা কথা দিলাম, পার্টি অফিস দখল নিলাম'।
বাংলাদেশে নির্বাচনে জামাতের পরাজয়ের পর জায়গায় জায়গায় খুলে চলেছে বন্ধ থাকা আওয়ামী লীগের অফিস। জানা গিয়েছে, এবার ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলায় আওয়ামী লীগের স্থানীয় নেতাকর্মীরা 'জয় বাংলা' স্লোগান তুলে পার্টি অফিস খোলেন। সেখানে বাংলাদেশের জাতীয় পতাকা এবং আওয়ামী লীগের পতাকা উত্তোলন করা হয়। এছাড়াও সেখানে স্লোগান ওঠে - 'শেখ হাসিনা কথা দিলাম, পার্টি অফিস দখল নিলাম, জয় ভাই কথা দিলাম, পার্টি অফিস দখল নিলাম, স্বাধীনতা কথা দিলাম, পার্টি অফিস দখল নিলাম'।
ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলায় আওয়ামী লীগের অফিস খোলা হয়েছে।
এর আগে ইউনুস জমানায় 'জয় বাংলা' স্লোগান কার্যত নিষিদ্ধ ছিল বাংলাদেশে। এই স্লোগান তোলার জন্য অনেকেই গণপিটুনির শিকার হয়েছে। শুধু আওয়ামী লীগ করার দোষে বহু নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে। তাঁদের অনেকেই অত্যাচারে এবং চিকিৎসার অভাবে জেলে প্রাণ হারিয়েছেন। তবে এবার নির্বাচনে বিএনপির জয় এবং জামাতের হারে নতুন করে সাহস পেয়েছেন আওয়ামী লীগের কর্মীরা। এমনকী বিএনপির বহু প্রার্থীরাও ভোট প্রচারের সময় আওয়ামী লীগের কর্মীদের অভয় প্রদান করেছিলেন এবং তাঁদের ভোট চেয়েছিলেন জামাতকে হারাতে। আর বিএনপির জয়ের পরই রাস্তায় নির্ভয়ে বেরিয়ে এসেছেন আওয়ামী লীগের বহু নেতাকর্মী।
আওয়ামী লীগের কট্টর বিরোধী হলেও জয়ী বিএনপি স্বাধীনতাপন্থী। এই পরিস্থিতিতে নির্বাচনের ফলাফল প্রকাশিত হওয়ার পরই নজিরবিহীন ঘটনা দেখেছিল বাংলাদেশ। এর আগে গত ১৩ ফেব্রুয়ারি উত্তর বাংলাদেশের পঞ্চগড়ে আওয়ামী লীগের একটি দলীয় কার্যালয়ের তালা খুলে দেন পঞ্চগড় সদর উপজেলা বিএনপির সভাপতি আবু দাউদ প্রধান। স্থানীয় মুক্তিযোদ্ধাদের অনেকেই দাবি করেন, আওয়ামী লীগের যে অফিসটির তালা খোলানো হয়েছে, সেটি জামাতিরা তালা বন্ধ করে রেখেছিল।
সেই ঘটনার ভাইরাল হওয়া ভিডিয়োতে বিএনপি নেতা দাউদকে আওয়ামী লীগের কর্মীদের উদ্দেশে বক্তব্য রাখতে শোনা যায়। সেখানে তাঁকে বলতে শোনা যায়, স্বাধীনতাপন্থী শক্তিরা সম্মিলিত ভাবে জামাতে ইসলামিকে হারিয়েছে নির্বাচনে। একই সঙ্গে আওয়ামী লীগের স্থানীয় নেতাকর্মীদের বিরুদ্ধে হওয়া ভুয়ো মামলা নিষ্পত্তির বিষয়েও বার্তা দেন বিএনপি নেতা দাউদ। এদিকে সেই ভিডিয়োতে চাকলাহাট ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কামরুজ্জামান বুলেটকে বলতে শোনা যায়, 'সদর উপজেলা বিএনপির সভাপতি জননেতা আবু দাউদ প্রধান যে কাজটি করেছেন... বাংলাদেশের আওয়ামী লীগের তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের জন্য চাকলাহাট ইউনিয়ন আওয়ামী লীগকে তিনি আজ তালামুক্ত করেছেন।'