Sheikh Hasina: দিল্লির বাংলাদেশ হাইকমিশনেও গ্রেপ্তারের হুঁশিয়ারি হাসিনাকে! দাম্ভিক তারেক সরকারের কি সেই এক্তিয়ার আছে?

শামা ওবায়েদের বক্তব্য, শেখ হাসিনা বাংলাদেশের আদালতে দণ্ডপ্রাপ্ত আসামি। তাই দেশের প্রচলিত আইন অনুযায়ী তাঁর ক্ষেত্রেও অন্য দণ্ডিত আসামিদের মতোই ব্যবস্থা নেওয়া হবে। মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত বা দণ্ডিত ব্যক্তিদের পাসপোর্ট দেওয়ার কোনও বিধান নেই বলেও দাবি করেছেন তিনি।

Published on: Nov 24, 2026, 12:41:42 IST
As Prefered on
Share via
  • facebook
  • twitter
  • linkedin
Copy link
  • copy link

শেখ হাসিনাকে নিয়ে ফের নজিরবিহীন হুঁশিয়ারি বাংলাদেশের তারেক রহমান সরকারের। ভারত থেকে বাংলাদেশে ফিরলেই গ্রেপ্তার করে জেলে পাঠানো হবে, এমন ঘোষণার পর এবার বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদের দাবি, বাংলাদেশের যে মিশনেই শেখ হাসিনা যাবেন, সেখানেই তাঁকে গ্রেপ্তার করা হবে। এমনকী তাঁর পাসপোর্ট বাতিল এবং নতুন পাসপোর্ট না দেওয়ার পক্ষেও যুক্তি দিয়েছেন তিনি। মঙ্গলবার (২৪ নভেম্বর) সাইবার সুরক্ষা আইন নিয়ে কূটনীতিকদের ব্রিফিং শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এই মন্তব্য করেন বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী। প্রশ্ন উঠছে, একজন প্রাক্তন প্রধানমন্ত্রীর প্রত্যাবর্তন ঘিরে এতটা কঠোর অবস্থান কেন নিচ্ছে ঢাকা? রাজনৈতিক বিরোধিতা সামলাতে আইনি প্রক্রিয়ার পাশাপাশি কূটনৈতিক হুমকিকেও কি হাতিয়ার করছে তারেক রহমানের সরকার?

দিল্লির বাংলাদেশ হাইকমিশনেও গ্রেপ্তারের হুঁশিয়ারি হাসিনাকে! দাম্ভিক তারেক সরকারের কি সেই এক্তিয়ার আছে? (AFP)
দিল্লির বাংলাদেশ হাইকমিশনেও গ্রেপ্তারের হুঁশিয়ারি হাসিনাকে! দাম্ভিক তারেক সরকারের কি সেই এক্তিয়ার আছে? (AFP)

শামা ওবায়েদের বক্তব্য, শেখ হাসিনা বাংলাদেশের আদালতে দণ্ডপ্রাপ্ত আসামি। তাই দেশের প্রচলিত আইন অনুযায়ী তাঁর ক্ষেত্রেও অন্য দণ্ডিত আসামিদের মতোই ব্যবস্থা নেওয়া হবে। মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত বা দণ্ডিত ব্যক্তিদের পাসপোর্ট দেওয়ার কোনও বিধান নেই বলেও দাবি করেছেন তিনি। তাঁর কথায়, শেখ হাসিনা বাংলাদেশে ফিরলে তাঁকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হবে। বাংলাদেশের যে কোনও জায়গায় গেলেই তাঁকে আটক করা হবে। এর আগে রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারেও একই হুঁশিয়ারি দিয়েছিলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী।

উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্ট বাংলাদেশে রাজনৈতিক পালাবদলের পর দেশ ছাড়তে বাধ্য হন শেখ হাসিনা। তারপর থেকেই ভারতে রয়েছেন তিনি। আগামী ১৬ ডিসেম্বর বাংলাদেশের বিজয় দিবসে দেশে ফেরার ইচ্ছা প্রকাশ করেছেন প্রাক্তন প্রধানমন্ত্রী। দিল্লি থেকে ঢাকায় ফেরার জন্য বাংলাদেশের রাষ্ট্রীয় বিমান পাঠানোর দাবিও জানিয়েছেন তাঁর মুখপাত্র। এই ঘোষণার পর থেকেই হাসিনার প্রত্যাবর্তন নিয়ে চাপে পড়েছে ঢাকা। কারণ, আওয়ামি লিগের সমর্থকদের মধ্যে নতুন করে রাজনৈতিক তৎপরতা শুরু হয়েছে।

এখানেই সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন উঠছে দিল্লির বাংলাদেশ হাইকমিশনকে ঘিরে। শেখ হাসিনা যদি দিল্লিতে বাংলাদেশের হাইকমিশনে যান, তাহলে কি বাংলাদেশ সরকার তাঁকে সেখান থেকে গ্রেপ্তার করতে পারবে? আন্তর্জাতিক কূটনৈতিক আইন কিন্তু শামা ওবায়েদের দাবির সঙ্গে একমত নয়। ভিয়েনা কনভেনশনের ২২ নম্বর ধারা অনুযায়ী, কূটনৈতিক মিশনের ভবন বিশেষ সুরক্ষাপ্রাপ্ত। বাংলাদেশের সরকারি আধিকারিকরা সেখানে ভারতের সম্মতি ও আইনগত প্রক্রিয়া ছাড়া নিজেদের পুলিশি ক্ষমতা প্রয়োগ করতে পারবেন না।

এদিকে শেখ হাসিনাকে ফেরাতে ভারতের উপর চাপ বাড়াচ্ছে ঢাকা। ভারত-বাংলাদেশের মধ্যে ২০১৩ সাল থেকেই প্রত্যর্পণ চুক্তি রয়েছে। সেই চুক্তির আওতায় হাসিনাকে ফেরানোর আবেদন করেছে বাংলাদেশ। তবে চুক্তি থাকলেই কাউকে স্বয়ংক্রিয়ভাবে হস্তান্তর করতে হয় না। নির্দিষ্ট আইনি শর্ত, প্রত্যর্পণের আবেদন এবং ভারতের বিবেচনার বিষয় রয়েছে। চুক্তির ৮ নম্বর ধারায় অন্যায্য বা অত্যাচারমূলক প্রত্যর্পণের আশঙ্কার মতো কিছু ক্ষেত্রে প্রত্যর্পণ না করার সুযোগও রাখা হয়েছে।

অন্যদিকে, হাসিনার বিচার ও সাজা নিয়ে আন্তর্জাতিক মহলেও বিতর্ক রয়েছে। বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তাঁর অনুপস্থিতিতে মৃত্যুদণ্ডের সাজা ঘোষণা করেছে। হাসিনা অবশ্য অভিযোগ অস্বীকার করেছেন। তাঁর দল আওয়ামি লিগের রাজনৈতিক কার্যকলাপও নিষিদ্ধ করা হয়েছে। ফলে এই প্রত্যাবর্তন নিছক একজন প্রাক্তন প্রধানমন্ত্রীর দেশে ফেরার বিষয় নয়, বাংলাদেশের গণতন্ত্র, রাজনৈতিক অধিকার এবং বিচারব্যবস্থার গ্রহণযোগ্যতার প্রশ্নও এর সঙ্গে জড়িয়ে রয়েছে।

সব মিলিয়ে, শেখ হাসিনাকে গ্রেপ্তারের হুঁশিয়ারি দিয়ে তারেক রহমানের সরকার যতই কঠোর অবস্থান নিক, আন্তর্জাতিক কূটনৈতিক আইনকে উপেক্ষা করার সুযোগ নেই। রাজনৈতিক প্রতিহিংসা ও আইনি প্রক্রিয়া এক বিষয় নয়। হাসিনার প্রত্যাবর্তন নিয়ে ঢাকার অবস্থান যত কঠোর হচ্ছে, ততই সামনে আসছে একটি প্রশ্ন—একজন প্রাক্তন প্রধানমন্ত্রীর বিরুদ্ধে বিচারপ্রক্রিয়া কি স্বচ্ছতা ও আন্তর্জাতিক মানদণ্ড মেনে চলছে, নাকি রাজনৈতিক সংঘাতই হয়ে উঠছে বাংলাদেশের রাজনীতির প্রধান চালিকাশক্তি?

ABOUT THE AUTHOR

২০২১ সাল থেকে হিন্দুস্তান টাইমস বাংলার সঙ্গে যুক্ত রয়েছেন অভিজিৎ চৌধুরী। ২০১৮ সালে সালে তাঁর পেশাদার জীবনের শুরু। জাতীয়, আন্তর্জাতিক বিষয়, বাংলার রাজনীতি এবং খেলাধুলোর বিষয়ে লেখার ক্ষেত্রে ৮ বছরের অভিজ্ঞতা রয়েছে তাঁর। আন্তর্জাতিক ক্ষেত্রে আমেরিকা, পাকিস্তান এবং বাংলাদেশের বিষয়ে তাঁর আগ্রহ সবচেয়ে বেশি। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর ডিগ্রি পাশ করেই সাংবাদিকতার জগতে প্রবেশ করেছেন অভিজিৎ। হিন্দুস্তান টাইমস বাংলায় যোগদানের আগে ওয়ানইন্ডিয়া এবং ইটিভি ভারতে কাজ করার অভিজ্ঞতা রয়েছে অভিজিতের। এছাড়া আকাশবাণীতে রেডিও জকি হিসেবেও কাজ করেছিলেন তিনি। খবরের জগৎ ছাড়া খেলাধুলো, ইতিহাসে অভিজিতের আগ্রহ রয়েছে। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন নিয়ে অভিজিৎ তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন আশুতোষ কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: ক্রিকেট, ফুটবল, টেনিস ছাড়া প্রায় সব ধরনের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বই পড়ে এবং বিভিন্ন বিষয়ে ডকুমেন্টারি দেখে।