India Bangladesh Relation: তারেককে মোদীর ইদের শুভেচ্ছাবার্তার পর দিল্লিতে তাবড় বৈঠক, কী নিয়ে চর্চা?
দিল্লিতে ভারতের বিদেশমন্ত্রী জয়শংকরের সঙ্গে বৈঠক করেন ভারতে অবস্থিত বাংলাদেশের হাইকমিশনার।
ইউনুস জমানা পরবর্তী ঢাকার সঙ্গে ধীরে ধীরে দিল্লির সম্পর্ক ঘিরে গত কয়েকদিনে বেশ কিছু ঘটনা দেখা যায়। সদ্যই বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে ও বাংলাদেশের বাসিন্দাদের ইদের শুভেচ্ছা জানিয়ে চিঠি পাঠান ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এরপর এদিন, দিল্লিতে ভারতের বিদেশমন্ত্রী এস জয়শংকরের সঙ্গে বৈঠকে বসতে দেখা গেল ভারতে বাংলাদেশের হাইকমিশনার এম রিয়াজ হামিদুল্লাহকে।

শুক্রবার, রিয়াজ হামিদুল্লা এক সোশ্যাল মিডিয়া পোস্টে জানান, ভারতের বিদেশমন্ত্রকের দফতরে গিয়ে দেখা করেন ভারতের বিদেশমন্ত্রী এস জয়শংকরের সঙ্গে। রিয়াজ এই সাক্ষাৎকে সৌজন্য সাক্ষাৎ বলে বর্ণনা করেন। তাঁর সোশ্যাল মিডিয়া পোস্টে রিয়াজ লেখেন,‘বাংলাদেশের হাইকমিশনার এম রিয়াজ হামিদুল্লাহর সঙ্গে সাক্ষাৎ হয়েছে। দ্বিপক্ষীয় সম্পর্ক এগিয়ে নেওয়ার বিষয়টি ছিল আমাদের আলোচনার মূল বিষয়।’ বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ছাড়ার পর বাংলাদেশের সঙ্গে ভারতের কূটনৈতিক সম্পর্ক এই মুহূর্তে দক্ষিণ এশিয়ার কূটনৈতিক আঙিনায় বড় বিষয়। আর সেই সম্পর্ক নিয়েই দুই পক্ষের আলোচনা হয়েছে বলে জানা যাচ্ছে।
রিয়াজ লেখেন, ‘ভারতের বিদেশমন্ত্রী এস জয়শংকরের সঙ্গে সৌজন্য সাক্ষাতের সুযোগ পেয়েছি। অভিন্ন স্বার্থ ও অভিন্ন সুফলের লক্ষ্যে ভারতের সঙ্গে একত্রে কাজ করার জন্য বাংলাদেশ যে তৈরি আছে, সেটা নিশ্চিত করেছি।’ জয়শংকর ছাড়াও দিল্লিতে এদিন ভারতের বাণিজ্যমন্ত্রী পীযূষ গোয়েলের সঙ্গেও রিয়াজের সাক্ষাতের কথা রয়েছে।
উল্লেখ্য, গত বছরের মে মাসে ভারতে বাংলাদেশের রাষ্ট্রদূত হিসাবে পদে অভিষিক্ত হন রিয়াজ। তবে তারপর এই প্রথমবার ভারতের মন্ত্রী পর্যায়ে কারোর সঙ্গে সাক্ষাতের সুযোগ পেলেন তিনি।
এদিকে, দিল্লিতে দুই দেশের এই হাইভোল্টেজ সাক্ষাৎ পর্বের আগে, বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে ইদ উপলক্ষ্যে শুভেচ্ছাবার্তা পাঠান। মোদী তাঁর শুভেচ্ছা বার্তায় লেখেন, ‘ভারতের মানুষ এবং ভারত সরকারের পক্ষ থেকে আপনাকে এবং বাংলাদেশের মানুষকে ইদ-উল-ফিতরের শুভেচ্ছা। গত এক মাস ধরে ভারত-সহ গোটা বিশ্বের মুসলিমরা নিষ্ঠার সঙ্গে রমজান মাস পালন করেছেন। ইদের উদ্যাপন তাঁদের সহানুভূতি, ভ্রাতৃত্ব এবং একতার মতো চিরন্তন মূল্যবোধগুলিকে স্মরণ করিয়ে দেয়।’ বিশ্বশান্তি কামনা করার পাশাপাশি ওই বার্তায় মোদী লেখেন, ‘আমাদের এই দুই দেশের মধ্যে বন্ধুত্ব, সৌহার্দ্যের বন্ধন আরও দৃঢ় হোক।’ এরপরই শুক্রবার দিল্লিতে আয়োজিত হয় এই বৈঠক।
ABOUT THE AUTHORSritama Mitraশ্রীতমা মিত্র হিন্দুস্তান টাইমস বাংলার একজন চিফ কনটেন্ট প্রোডিউসার। ২০২১ সাল থেকে তিনি এই প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত। জাতীয় এবং আন্তর্জাতিক সংবাদের পাশাপাশি শ্রীতমার আগ্রহের জায়গা ক্রিকেট। এছাড়াও তিনি জ্যোতিষ বিভাগ দেখাশোনা করেন এবং জীবনযাপন সংক্রান্ত প্রতিবেদন লিখতেও তাঁর আগ্রহ রয়েছে। পেশাদার জীবন: পেশাদার জীবনের শুরুতে শ্রীতমা আকাশবাণী, শান্তিনিকেতনে উপস্থাপিকা হিসেবে কাজ করেছেন। ২০১০ সালে তিনি ইটিভি নিউজ বাংলায় কপি এডিটর হিসেবে যোগদান করেন। পরবর্তীতে ওয়ানইন্ডিয়া-সহ বিভিন্ন সংবাদমাধ্যমে কাজ করার পর তিনি হিন্দুস্তান টাইমস বাংলায় যোগ দেন। শিক্ষাগত যোগ্যতা: শ্রীতমা মিত্র ইংরেজিতে স্নাতক (বি.এ.) এবং বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়, শান্তিনিকেতন থেকে সাংবাদিকতা ও গণযোগাযোগে স্নাতকোত্তর (এম.এ.) ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: সাংবাদিকতার বাইরে শ্রীতমা একজন সাহিত্যপ্রেমী, ভ্রমণও তাঁর অন্যতম নেশা। ছুটির দুপুরগুলো তাঁর কাটে গল্পের বই নিয়ে। একটু লম্বা ছুটি পেলে তিনি দেশের ভিতর বা কখনও সখনও দেশের বাইরেও বেড়াতে যেতে ভালোবাসেন। তবে তাঁর প্রতিটা বেড়ানোর পিছনেই কাজ করে কোনও না কোনও বই বা সিনেমা থেকে তৈরি হওয়া কৌতূহল। অজানাকে জানার আগ্রহই তাঁকে বার বার নিয়ে গিয়ে ফেলে নানা অচেনা শহরে। সেই সব অভিজ্ঞতাকে লেখার রূপ দিতেও পিছপা হন না শ্রীতমা।Read More
E-Paper


