Bangladesh Home Minister on WB: পশ্চিমবঙ্গ নিয়ে অপপ্রচার বাংলাদেশে, কী বললেন সেখানকার স্বরাষ্ট্রমন্ত্রী?
বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, 'অনেক ক্ষেত্রে পুরোনো ও বিভ্রান্তিকর ভিডিও ব্যবহার করে অপপ্রচার চালানো হচ্ছে। এখনও পর্যন্ত এই ধরনের ঘটনার কোনও সত্যতা পাওয়া যায়নি। এর জেরে বাংলাদেশেও কোনও নেতিবাচক প্রভাব এখনও পড়েনি।'
পশ্চিমবঙ্গে 'মুসলিমদের ওপর অত্যাচার' নিয়ে ভুয়ো ভিডিয়ো ছড়ানো হচ্ছে বাংলাদেশে। এই পরিস্থিতিতে ভারত বিরোধিতার সুর চড়েছে সেখানে। এই ইস্যুতে এবার মুখ খুললেন সেই দেশের স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, 'অনেক ক্ষেত্রে পুরোনো ও বিভ্রান্তিকর ভিডিও ব্যবহার করে অপপ্রচার চালানো হচ্ছে। এখনও পর্যন্ত এই ধরনের ঘটনার কোনও সত্যতা পাওয়া যায়নি। এর জেরে বাংলাদেশেও কোনও নেতিবাচক প্রভাব এখনও পড়েনি।' তিনি জনগণকে এ ধরনের অপপ্রচারে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানান। তাঁর অভিযোগ, পশ্চিমবঙ্গ নিয়ে বাংলাদেশে উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালানো হচ্ছে।

উল্লেখ্য, পশ্চিমবঙ্গে বিজেপি ভোটে জেতার পর থেকেই বাংলাদেশে ভুয়ো সব ভিডিয়ো ভাইরাল করে দাবি করা হচ্ছে, এপারে নাকি মুসলিমদের ওপর অত্যাচার চালানো হচ্ছে। এই আবহে অনেক মৌলবাদী নেতারাই হুমকি দিয়েছে বাংলাদেশের হিন্দুদের ওপর হামলা চালানোর। ইয়েমেন বা বাংলাদেশেরই ভিডিয়ো ছড়িয়ে দিয়ে দাবি করা হচ্ছে, মুসলিমদের বাড়িতে নাকি আগুন লাগানো হচ্ছে বা মাদ্রাসায় হামলা করা হচ্ছে। এই সব ভুয়ো ভিডিয়োর পর্দা ফাঁস হয়েছে ইতিমধ্যেই। তা সত্ত্বেও ঢাকায় মৌলবাদী সংগঠনগুলি ভারতের বিরুদ্ধে রাস্তায় নেমেছে। ঢাকা থেকে ফের একবার শুরু হয়েছে ভারত বিরোধী স্লোগানের পালা। ভারত ভাগ করে দেওয়ার দাবি উঠেছে সেই দেশে। এরই সঙ্গে সেই দেশের সংখ্যালঘুদের শান্তিতে বাঁচতে দেওয়া হবে না বলেও হুমকি দিচ্ছে ইসলামি কট্টরপন্থীরা। এই নিয়ে ঢাকার বায়তুল মোকারম জাতীয় মসজিদ থেকে শুরু করে শাহাবাগ চত্বর, ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে প্রতিদিনই বিক্ষোভ সমাবেশ চলছে। আর এর জেরে বাংলাদেশের পরিস্থিতি ক্রমেই আরও উত্তপ্ত হয়ে উঠছে।
এদিকে পশ্চিমবঙ্গের ভোটের ফলাফলের জেরে ভারত-বাংলাদেশ সম্পর্ক কোন দিকে এগোবে? এই প্রশ্নের জবাবে সালাহউদ্দিন বলেন, 'বাংলাদেশ সার্বভৌম সমতার ভিত্তিতে ভারতের কেন্দ্রীয় সরকারের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক বজায় রাখে। ভারত একটি বৃহৎ গণতান্ত্রিক দেশ। কোনও নির্দিষ্ট রাজ্যের রাজনৈতিক পটপরিবর্তন বাংলাদেশের পররাষ্ট্রনীতি বা দ্বিপক্ষীয় সম্পর্কের ওপর প্রভাব ফেলবে না।'
এর আগে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে কটাক্ষ করেন এনসিপি নেতা তথা ইউনুসের সরকারের প্রাক্তন উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূইঁয়া। ভারতের বিরুদ্ধে সাত দফার দাবিতে ঢাকায় একটি সংবাদ সম্মেলন করে প্রয়াত ওসমান হাদির দল ইনকিলাব মঞ্চ। এদিকে এনসিপি নেতা নাসিরউদ্দিন পাটওয়ারি বলেন, 'সাম্প্রতিক সময়ে ভারতের পশ্চিমবঙ্গে বিজেপি জয়ী হয়েছে। এটা একটা গেরুয়া পতাকা। এই গেরুয়া পতাকা বাংলাদেশের কাছে এসে গেছে। মুসলমানরা যদি সজাগ না থাকে, যদি ইমানি শক্তি না থাকে, তাহলে কিন্তু এই পতাকা আমরা ঠেকাতে পারব না।' আবার বাংলাদেশের প্রাক্তন মন্ত্রী তথা মুক্তিযোদ্ধা অলি আহমেদ আজব মন্তব্য করে বলেন, শুভেন্দু নাকি হাসিনার পরামর্শে মমতা বন্দ্যোপাধ্যায়কে হারিয়েছেন। এই আবহে ফের দুই দেশের মধ্যে কূটনৈতিক টানাপোড়েন শুরু হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। তবে তারেক রহমান সরকার সেই টানাপোড়েন চাইছে না বলেই ইঙ্গিত সালাহউদ্দিনের কথায়। এবং এই উত্তেজনা ছড়ানোর জন্য কট্টরপন্থী বিরোধীদের দিকেই যেন ইঙ্গিত করলেন তিনি।
ABOUT THE AUTHORAbhijit Chowdhury২০২১ সাল থেকে হিন্দুস্তান টাইমস বাংলার সঙ্গে যুক্ত রয়েছেন অভিজিৎ চৌধুরী। ২০১৮ সালে সালে তাঁর পেশাদার জীবনের শুরু। জাতীয়, আন্তর্জাতিক বিষয়, বাংলার রাজনীতি এবং খেলাধুলোর বিষয়ে লেখার ক্ষেত্রে ৮ বছরের অভিজ্ঞতা রয়েছে তাঁর। আন্তর্জাতিক ক্ষেত্রে আমেরিকা, পাকিস্তান এবং বাংলাদেশের বিষয়ে তাঁর আগ্রহ সবচেয়ে বেশি। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর ডিগ্রি পাশ করেই সাংবাদিকতার জগতে প্রবেশ করেছেন অভিজিৎ। হিন্দুস্তান টাইমস বাংলায় যোগদানের আগে ওয়ানইন্ডিয়া এবং ইটিভি ভারতে কাজ করার অভিজ্ঞতা রয়েছে অভিজিতের। এছাড়া আকাশবাণীতে রেডিও জকি হিসেবেও কাজ করেছিলেন তিনি। খবরের জগৎ ছাড়া খেলাধুলো, ইতিহাসে অভিজিতের আগ্রহ রয়েছে। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন নিয়ে অভিজিৎ তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন আশুতোষ কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: ক্রিকেট, ফুটবল, টেনিস ছাড়া প্রায় সব ধরনের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বই পড়ে এবং বিভিন্ন বিষয়ে ডকুমেন্টারি দেখে।Read More
E-Paper


