Bangladesh Latest Update: হাসিনার প্রত্যাবর্তনের জল্পনা ঘিরে উত্তপ্ত বাংলাদেশ! বাসে আগুন, জীবন্ত দগ্ধ কন্ডাক্টর

প্রতিবেদন অনুযায়ী, মঙ্গলবার থেকেই বাংলাদেশের পরিস্থিতি উত্তপ্ত হতে শুরু করে। বিশেষ করে গোপালগঞ্জের টুঙ্গিপাড়া এবং আশপাশের এলাকায় ব্যাপক অশান্তি ছড়ায়। এই অঞ্চল দীর্ঘদিন ধরেই আওয়ামী লীগের শক্ত ঘাঁটি হিসাবে পরিচিত।

Published on: Nov 18, 2026, 13:44:36 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
Copy link
  • copy link

বাংলাদেশে রাজনৈতিক অস্থিরতা ক্রমশ বাড়ছে। একদিকে প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার সম্ভাবনা নিয়ে জল্পনা, অন্যদিকে আওয়ামী লীগ সমর্থকদের বিক্ষোভ এবং পোশাকশ্রমিকদের আন্দোলন—সব মিলিয়ে নতুন করে উত্তপ্ত হয়ে উঠেছে ওপার বাংলা। বুধবার, ১৮ নভেম্বর সকাল থেকেই বাংলাদেশের একাধিক জেলায় অবরোধ, বিক্ষোভ ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। কোথাও পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের উত্তেজনা, কোথাও রাস্তায় জ্বলছে বাস। পিরোজপুরে বাসে আগুন লাগার ঘটনায় জীবন্ত দগ্ধ হয়ে মৃত্যু হয়েছে এক কন্ডাক্টরের। অন্যদিকে গাজীপুরে মজুরি বৃদ্ধির দাবিতে পোশাকশ্রমিকদের আন্দোলন সামাল দিতে কাঁদানে গ্যাস ও সাউন্ড গ্রেনেড ব্যবহার করেছে পুলিশ। পরিস্থিতি নিয়ন্ত্রণে নামাতে হয়েছে বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী বিজিবিকেও।

হাসিনার প্রত্যাবর্তনের জল্পনা ঘিরে উত্তপ্ত বাংলাদেশ! বাসে আগুন, জীবন্ত দগ্ধ ১ (ANI Video Grab)
হাসিনার প্রত্যাবর্তনের জল্পনা ঘিরে উত্তপ্ত বাংলাদেশ! বাসে আগুন, জীবন্ত দগ্ধ ১ (ANI Video Grab)

প্রতিবেদন অনুযায়ী, মঙ্গলবার থেকেই বাংলাদেশের পরিস্থিতি উত্তপ্ত হতে শুরু করে। বিশেষ করে গোপালগঞ্জের টুঙ্গিপাড়া এবং আশপাশের এলাকায় ব্যাপক অশান্তি ছড়ায়। এই অঞ্চল দীর্ঘদিন ধরেই আওয়ামী লীগের শক্ত ঘাঁটি হিসাবে পরিচিত। শেখ হাসিনার প্রত্যাবর্তন নিয়ে জল্পনা বাড়তেই সেখানে নিজেদের রাজনৈতিক শক্তি প্রদর্শনে নামে আওয়ামী লীগ সমর্থকরা। মঙ্গলবার বিকেলে পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষ বাধে। পরিস্থিতি ক্রমশ নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে বিক্ষুব্ধ জনতা টুঙ্গিপাড়া থানায় আগুন ধরিয়ে দেয়। সেই ঘটনার রেশ বুধবারও বাংলাদেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে পড়ে।

সবচেয়ে মর্মান্তিক ঘটনা ঘটেছে পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলায়। বুধবার সকালে সেখানে দু'টি বাসে আগুন ধরিয়ে দেওয়া হয়। সেই সময় একটি বাসের ভিতরে ঘুমিয়ে ছিলেন ২৫ বছর বয়সি এক কন্ডাক্টর। আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় বাসের ভিতরেই অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু হয় তাঁর। এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়েছে। তবে কারা বাস দু'টিতে আগুন লাগিয়েছে, তা এখনও স্পষ্ট নয়। স্থানীয় থানার বক্তব্য অনুযায়ী, মৃত কন্ডাক্টরের পরিবারের কেউ পুলিশের সঙ্গে যোগাযোগ করেননি। এমনকী বাসের মালিকদের তরফেও থানায় কোনও অভিযোগ দায়ের করা হয়নি। ফলে এই অগ্নিসংযোগের পিছনে কারা রয়েছে, তা নিয়ে তদন্তের অপেক্ষা রয়েছে।

এদিকে রাজনৈতিক অস্থিরতার পাশাপাশি বাংলাদেশের শিল্পাঞ্চলেও বাড়ছে বিক্ষোভের আঁচ। বুধবার সকাল থেকে গাজীপুরে মজুরি বৃদ্ধির দাবিতে পথে নামেন পোশাকশিল্পের শ্রমিকরা। ঢাকা-ময়মনসিংহ সংযোগকারী গুরুত্বপূর্ণ সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখাতে শুরু করেন তাঁরা। শ্রমিক আন্দোলনের জেরে ওই দিন গাজীপুরের ১০টি পোশাক কারখানায় ছুটি ঘোষণা করা হয়। পাশাপাশি আরও ৩৯টি কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছয় স্থানীয় পুলিশ। মোতায়েন করা হয় বিজিবি সদস্যদেরও। কিন্তু বারবার চেষ্টা করেও বিক্ষোভকারীদের রাস্তা থেকে সরানো সম্ভব হয়নি। শেষ পর্যন্ত পুলিশ কাঁদানে গ্যাসের শেল এবং সাউন্ড গ্রেনেড ব্যবহার করে। তাতে সাময়িকভাবে বিক্ষোভকারীরা ছত্রভঙ্গ হলেও পরে তাঁরা অন্য জায়গায় গিয়ে ফের অবরোধ শুরু করেন। ফলে শিল্পাঞ্চলে যান চলাচল ও স্বাভাবিক জনজীবন ব্যাহত হয়।

উল্লেখ্য, বাংলাদেশের এই অস্থিরতার পিছনে একাধিক বিষয় কাজ করছে। রাজনৈতিক দলগুলির সংঘাত, আওয়ামী লীগকে ঘিরে অনিশ্চয়তা এবং শ্রমিক অসন্তোষ—সব মিলিয়ে প্রশাসনের সামনে বড় চ্যালেঞ্জ তৈরি হয়েছে। একদিকে রাজনৈতিক বিক্ষোভ, অন্যদিকে জীবিকার দাবিতে শ্রমিকদের রাস্তায় নামা, তার সঙ্গে অগ্নিসংযোগের ঘটনা—পরিস্থিতি আরও জটিল করে তুলছে।

সবচেয়ে বড় প্রশ্ন, তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপি সরকার কত দ্রুত এই পরিস্থিতি সামাল দিতে পারবে? সাধারণ মানুষের নিরাপত্তা, শিল্পাঞ্চলের স্থিতিশীলতা এবং রাজনৈতিক অধিকার নিশ্চিত করাই এখন প্রশাসনের সামনে প্রধান চ্যালেঞ্জ। বাংলাদেশে অশান্তির এই বিস্তার প্রতিবেশী ভারতেও স্বাভাবিকভাবেই উদ্বেগের কারণ হয়ে উঠছে।

  • Abhijit Chowdhury
    ABOUT THE AUTHOR
    Abhijit Chowdhury

    ২০২১ সাল থেকে হিন্দুস্তান টাইমস বাংলার সঙ্গে যুক্ত রয়েছেন অভিজিৎ চৌধুরী। ২০১৮ সালে সালে তাঁর পেশাদার জীবনের শুরু। জাতীয়, আন্তর্জাতিক বিষয়, বাংলার রাজনীতি এবং খেলাধুলোর বিষয়ে লেখার ক্ষেত্রে ৮ বছরের অভিজ্ঞতা রয়েছে তাঁর। আন্তর্জাতিক ক্ষেত্রে আমেরিকা, পাকিস্তান এবং বাংলাদেশের বিষয়ে তাঁর আগ্রহ সবচেয়ে বেশি। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর ডিগ্রি পাশ করেই সাংবাদিকতার জগতে প্রবেশ করেছেন অভিজিৎ। হিন্দুস্তান টাইমস বাংলায় যোগদানের আগে ওয়ানইন্ডিয়া এবং ইটিভি ভারতে কাজ করার অভিজ্ঞতা রয়েছে অভিজিতের। এছাড়া আকাশবাণীতে রেডিও জকি হিসেবেও কাজ করেছিলেন তিনি। খবরের জগৎ ছাড়া খেলাধুলো, ইতিহাসে অভিজিতের আগ্রহ রয়েছে। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন নিয়ে অভিজিৎ তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন আশুতোষ কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: ক্রিকেট, ফুটবল, টেনিস ছাড়া প্রায় সব ধরনের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বই পড়ে এবং বিভিন্ন বিষয়ে ডকুমেন্টারি দেখে।Read More